Dark Mode
Image
  • Thursday, 21 May 2026
এক কাপ চায়ে ইতিহাস, ভালোবাসা আর শ্রমিকের গল্প

এক কাপ চায়ে ইতিহাস, ভালোবাসা আর শ্রমিকের গল্প

এক কাপ ধোঁয়া ওঠা চা যেন মুহূর্তেই দূর করে দেয় দিনের ক্লান্তি। সকালবেলার ঘুমঘুম ভাব কাটানো থেকে বিকেলের প্রাণবন্ত আড্ডা—চা জড়িয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গে। আজ ২১ মে, আন্তর্জাতিক চা দিবস। বিশ্বের কোটি কোটি চা-প্রেমীর জন্য দিনটি শুধু প্রিয় পানীয় উদযাপনের নয়, বরং চা শ্রমিকদের অধিকার ও চা শিল্পের গুরুত্ব তুলে ধরারও একটি উপলক্ষ।

হাজার বছরের পুরোনো চায়ের ইতিহাস

চায়ের ইতিহাসের শুরু বহু শতাব্দী আগে। প্রচলিত কাহিনি অনুযায়ী, খ্রিষ্টপূর্ব ২৭২৭ সালে চীনের সম্রাট শেন নুং একদিন গরম পানির পাত্রে বাতাসে উড়ে আসা কিছু বুনো পাতার স্বাদ পান। সেই পানীয় থেকেই চায়ের আবিষ্কার।

শুরুর দিকে ভেষজ পানীয় হিসেবে ব্যবহৃত হলেও ধীরে ধীরে চা রাজকীয় পানীয়তে পরিণত হয়। পরে ১৬ শতকে পর্তুগিজ বণিকদের মাধ্যমে চা ইউরোপে পৌঁছায় এবং ১৭ শতকে ব্রিটিশদের হাত ধরে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে।

কেন পালিত হয় আন্তর্জাতিক চা দিবস

আন্তর্জাতিক চা দিবসের পেছনে রয়েছে চা শ্রমিকদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ২০০৪ সালে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম’-এ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও কেনিয়ার শ্রমিক নেতারা চা শিল্পে করপোরেট শোষণ ও শ্রমিকদের দুর্দশা নিয়ে আলোচনা করেন।

সে সময় বিশ্ববাজারে চায়ের দাম কমে যাওয়ায় অনেক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছিল। শ্রমিকরা হারাচ্ছিলেন কাজ ও ন্যায্য মজুরি। সেই প্রেক্ষাপটে শ্রমিক সংগঠনগুলো বিশ্বব্যাপী একটি দিনকে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে ঘোষণার দাবি তোলে।

পরে ২০০৫ সালে ১৫ ডিসেম্বর প্রথমবারের মতো বেসরকারিভাবে চা দিবস পালন করা হয়। তবে জাতিসংঘ ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে ২১ মে-কে আন্তর্জাতিক চা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০২০ সাল থেকে দিনটি বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে।

চা শুধু পানীয় নয়, অর্থনীতিরও শক্তি

পানির পর বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয় চা। এটি শুধু জনপ্রিয় পানীয় নয়, বরং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের লাখ লাখ প্রান্তিক কৃষক ও শ্রমিক চা শিল্পের সঙ্গে জড়িত, যাদের বড় একটি অংশ নারী।

চা শিল্প গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জলবায়ু পরিবর্তনের হুমকিতে চা শিল্প

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব চা উৎপাদনের ওপর বড় ধরনের হুমকি তৈরি করছে। বাড়তি তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত ও পরিবেশগত পরিবর্তনের কারণে অনেক অঞ্চলে চা চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই চায়ের স্বাদ ও এই শিল্পের সঙ্গে জড়িত কোটি মানুষের জীবিকা রক্ষায় এখনই পরিবেশবান্ধব ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন পরিবেশবিদরা।

এক কাপ চায়ের ভেতরে তাই শুধু স্বাদ নয়, লুকিয়ে আছে ইতিহাস, শ্রম, সংস্কৃতি আর অসংখ্য মানুষের জীবনের গল্প।

Comment / Reply From