পানিতে ডোবা রাস্তায় লুকিয়ে থাকা ১০ বিপদ
বর্ষাকালে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন শহর ও গ্রামে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি তৈরি হয়। বাইরে থেকে সাধারণ মনে হলেও বৃষ্টির পানিতে ডুবে থাকা রাস্তার নিচে লুকিয়ে থাকতে পারে নানা ধরনের প্রাণঘাতী ঝুঁকি। তাই সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
পানির নিচে লুকিয়ে থাকে অদৃশ্য বিপদ
বৃষ্টির পানিতে রাস্তার গর্ত, ভাঙা অংশ কিংবা চলমান উন্নয়নকাজের খোঁড়াখুঁড়ি ঢেকে যায়। ফলে হাঁটতে কিংবা মোটরসাইকেল, সাইকেল বা গাড়ি চালাতে গিয়ে হঠাৎ গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাতের পরামর্শ, পানি জমে থাকা রাস্তায় ধীরগতিতে চলা এবং সম্ভব হলে বিকল্প পথ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।
খোলা ম্যানহোল সবচেয়ে বড় ঝুঁকি
ভারী বর্ষণে অনেক সময় ম্যানহোলের ঢাকনা সরে যায় কিংবা খুলে রাখা হয়। পানির নিচে এসব দেখা যায় না, ফলে অসাবধানতাবশত পড়ে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটে।
বিশেষজ্ঞদের মতে, অপরিচিত বা গভীর পানি জমে থাকা এলাকায় হাঁটার পরিবর্তে সম্ভব হলে রিকশা বা অন্য নিরাপদ যানবাহন ব্যবহার করা উচিত।
ফুটপাতও সবসময় নিরাপদ নয়
অনেক ফুটপাতের ড্রেনের স্ল্যাব ভাঙা বা নড়ে যাওয়া অবস্থায় থাকে। পানি জমে গেলে এসব বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে পা পিছলে ড্রেনে পড়ে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে।
পানিতে বিদ্যুতের ঝুঁকি
ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হতে পারে বা ছিঁড়ে যাওয়া তার পানিতে পড়ে থাকতে পারে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি।
কোথাও ছেঁড়া বৈদ্যুতিক তার, কাত হয়ে থাকা খুঁটি বা অস্বাভাবিক কিছু চোখে পড়লে সেই এলাকা এড়িয়ে চলতে হবে এবং দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
নালা-খাল ও ড্রেন চেনা কঠিন হয়ে যায়
বৃষ্টির সময় নালা, খাল ও ড্রেন উপচে পড়ায় কোথায় রাস্তা শেষ আর কোথায় নালা শুরু—তা বোঝা কঠিন হয়ে যায়। একই সঙ্গে কাদা, শ্যাওলা ও তেলের কারণে রাস্তা ও ফুটপাত অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। তাড়াহুড়া করে হাঁটলে পড়ে গিয়ে গুরুতর আঘাত লাগতে পারে।
দ্রুতগতির গাড়ির ঢেউও ঝুঁকিপূর্ণ
জমে থাকা পানির মধ্যে দ্রুতগতির গাড়ি চললে বড় ঢেউ সৃষ্টি হয়। এতে পথচারীরা ভারসাম্য হারাতে পারেন। পাশাপাশি ঢেউয়ের কারণে রাস্তার গর্ত বা খোলা ম্যানহোল আরও বেশি আড়ালে চলে যায়।
মোটরসাইকেল ও সাইকেল চালকদের বাড়তি সতর্কতা
পানির নিচে ইট, পাথর, বাঁশ কিংবা নির্মাণসামগ্রী পড়ে থাকতে পারে। এগুলোর সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই গভীর পানি এড়িয়ে কম গতিতে চলাই নিরাপদ।
গভীর পানিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ
রাজধানীর মানিকদিতে অবস্থিত কার কারিগর প্রতিষ্ঠানের কর্ণধার মো. মাসুম জানান, পানির গভীরতা বুঝতে না পেরে গাড়ি চালালে ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি বিকল হতে পারে। এতে চালক ও যাত্রীরা ঝুঁকির মুখে পড়েন।
শিশুদের প্রতি রাখতে হবে বিশেষ নজর
বৃষ্টির পানিতে খেলতে শিশুদের আগ্রহ থাকলেও পানির নিচে কাচ, লোহা, ধারালো বস্তু কিংবা খোলা ড্রেন থাকতে পারে। তাই বৃষ্টির সময় শিশুদের একা বাইরে খেলতে দেওয়া উচিত নয়।
পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ে
দীর্ঘ সময় নোংরা পানিতে চলাচল করলে ত্বকের সংক্রমণ, ছত্রাক, ক্ষত এবং বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে।
সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামরুল হাসানের পরামর্শ, বাইরে থেকে ফিরে সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত-পা ধুয়ে শুকনো কাপড় পরতে হবে। প্রয়োজনে জীবাণুনাশক ক্রিম বা স্প্রে ব্যবহার করা যেতে পারে।
বৃষ্টির পানিতে চলাচলের সময় যা করবেন
- পানি পার হওয়ার আগে অন্যদের চলাচল দেখে নিন।
- সম্ভব হলে পরিচিত ও নিরাপদ পথ ব্যবহার করুন।
- রাতে টর্চ বা মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার করুন।
- গভীর পানি এড়িয়ে চলুন এবং প্রয়োজন হলে যানবাহন ব্যবহার করুন।
- ছেঁড়া বৈদ্যুতিক তার বা কাত হয়ে থাকা খুঁটি দেখলে দূরে থাকুন।
- পা পিছলে যাওয়ার ঝুঁকি কম এমন জুতা বা রাবারের স্যান্ডেল পরুন।
- হাঁটার সময় মোবাইল ফোনে কথা বলা বা স্ক্রিনে তাকিয়ে থাকবেন না।
- দেয়াল, রেলিং বা নিরাপদ অবলম্বন থাকলে তা ধরে চলুন।
- মোটরসাইকেল বা গাড়ি চালানোর সময় গতি কম রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
- পানি জমে থাকা স্থানে হঠাৎ ব্রেক বা দ্রুত মোড় নেওয়া থেকে বিরত থাকুন।
- গাড়ি বন্ধ হয়ে গেলে বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা না করে নিরাপদ স্থানে সরিয়ে নিন।
- শিশুদের সবসময় হাত ধরে রাখুন বা কোলে রাখুন।
বর্ষাকালে সামান্য সতর্কতাই বড় দুর্ঘটনা এড়াতে পারে। তাই পানি জমে থাকা রাস্তা পার হওয়ার আগে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে নিরাপদ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!