Dark Mode
Image
  • Wednesday, 04 November 2026
কাবার গিলাফে শিল্পের ছাপ, সৌদি নাগরিকত্ব পেলেন চট্টগ্রামের মুকতার

কাবার গিলাফে শিল্পের ছাপ, সৌদি নাগরিকত্ব পেলেন চট্টগ্রামের মুকতার

 

পবিত্র কাবা ঘরের গিলাফে আরবি ক্যালিগ্রাফির কাজ করেন বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া মুকতার আলিম। দীর্ঘদিন ধরে নিজের শিল্পদক্ষতা ও পেশাগত কাজের মাধ্যমে পরিচিতি অর্জন করেছেন তিনি। এবার সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন এই ক্যালিগ্রাফার। দেশটির বাদশাহর বিশেষ রাজকীয় নির্দেশনায় বিভিন্ন পেশায় দক্ষ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগের প্রথম পর্যায়েই তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।

দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মীয় ব্যক্তিত্ব, ইতিহাসবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ক্রীড়াবিদসহ বেশ কয়েকটি পেশার মানুষকে এই উদ্যোগের আওতায় আনা হচ্ছে।

রাজকীয় নির্দেশনার প্রথম পর্যায়ে পাঁচজন বিশিষ্ট বিদেশি নাগরিক সৌদি নাগরিকত্ব লাভ করেন। তাঁদের মধ্যে রয়েছেন পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার মুকতার আলিম। অন্যদের মধ্যে আছেন ইতিহাসবিদ ড. আমিন সিদো, ড. আবদুল করিম আল সামমাক, গবেষক ড. মুহাম্মদ আল বাকাই এবং নাট্যশিল্পী সামান আল আনি।

কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে মুকতারের অবদান

মুকতার আলিম বর্তমানে মক্কার কিসওয়াহ কারখানায় প্রধান ক্যালিগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন। পবিত্র কাবা ঘরের গিলাফে ব্যবহৃত আরবি ক্যালিগ্রাফির কাজে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনী ও ফোরামে তাঁর কাজ প্রদর্শিত হয়েছে। পাশাপাশি ক্যালিগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ ও পাঠদানের সঙ্গেও যুক্ত তিনি।

মক্কার পবিত্র মসজিদুল হারাম পরিচালিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্যালিগ্রাফি শিক্ষাকার্যক্রমেও তাঁর কাজ ও অভিজ্ঞতার প্রতিফলন রয়েছে। দীর্ঘদিনের চর্চা, দক্ষতা ও শিল্পকর্মের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সংস্থা থেকে পেয়েছেন পুরস্কার ও প্রশংসাপত্র।

পড়াশোনা ও পেশাগত পরিচয়

মুকতার আলিম মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় যুক্ত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীদের সনদেও ক্যালিগ্রাফির কাজ করেছেন তিনি।

শিল্পচর্চার পাশাপাশি ক্যালিগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমেও নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দিচ্ছেন মুকতার। তাঁর কাজ সৌদি আরবের বাইরেও বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে পরিচিতি পেয়েছে।

চট্টগ্রামের লোহাগাড়া থেকে পবিত্র মক্কায়

মুকতার আলিমের জন্ম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশীদের ঘোনা গ্রামে। তাঁর বাবা মুফিজুর রহমান বিন ইসমাঈল শিকদার এবং মা শিরিন বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে মুকতার একজন।

তাঁর বাবা কর্মজীবনের শুরুতে ঐতিহ্যবাহী চুনতি হাকীমিয়া আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। পরে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বাবার কর্মসূত্রেই পরিবারের সদস্যদের দীর্ঘ সময় সৌদি আরবে বসবাসের সুযোগ হয়।

বর্তমানে মুকতার আলিম মা, স্ত্রী ও চার মেয়েকে নিয়ে পবিত্র নগরী মক্কায় বসবাস করছেন। চট্টগ্রামের একটি গ্রামে জন্ম নেওয়া এই শিল্পীর কাবার গিলাফের ক্যালিগ্রাফার হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এবং সৌদি নাগরিকত্ব অর্জন তাঁর দীর্ঘদিনের পেশাগত সাধনা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Comment / Reply From