Dark Mode
Image
  • Wednesday, 10 June 2026
গরমেও সতেজ থাকবে বাগান, মানুন সহজ কিছু নিয়ম

গরমেও সতেজ থাকবে বাগান, মানুন সহজ কিছু নিয়ম

গ্রীষ্মের তীব্র তাপদাহে শুধু মানুষ নয়, বিপাকে পড়ে শখের বাগানের গাছপালাও। বৈশাখের খরতাপে নিয়মিত পানি দেওয়ার পরও অনেক সময় গাছের পাতা ঝরে যায় বা গাছ শুকিয়ে যেতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, এই সময়টাতে গাছের জন্য বাড়তি যত্ন ও সঠিক পরিচর্যা নিশ্চিত না করলে পুরো বাগানই ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে গরমেও বাগান রাখা সম্ভব সতেজ ও প্রাণবন্ত।

প্রথমেই প্রয়োজন সঠিক গাছ নির্বাচন। সব গাছ গরম সহ্য করতে পারে না, তাই জবা, জুঁই, বোগেনভিলিয়া, অপরাজিতা বা জিনিয়ার মতো রোদ সহনশীল গাছ লাগানোই ভালো। এসব গাছ গ্রীষ্মকাল জুড়ে ফুল দিয়ে বাগানকে প্রাণবন্ত রাখে।

পানি দেওয়ার সময়ও খুব গুরুত্বপূর্ণ। অনেকেই দুপুরের গরমে গাছ নুয়ে পড়লে পানি দেন, যা গাছের জন্য ক্ষতিকর। বরং ভোরবেলা বা বিকেলে পানি দেওয়া সবচেয়ে নিরাপদ। বিশেষ করে সূর্য ডোবার পর বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে পানি দিলে গাছ ভালো থাকে। গভীর রাতে পানি দিলে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে।

এছাড়া মাটির অবস্থা বুঝে পানি দেওয়া উচিত। সবসময় ভেজা মাটি যেমন ক্ষতিকর, তেমনি একেবারে শুকনো মাটিও ভালো নয়। পানি দেওয়ার আগে মাটি হাত দিয়ে পরীক্ষা করে নেওয়া ভালো। এতে অতিরিক্ত পানি দিয়ে গাছের গোড়া পচে যাওয়ার ঝুঁকি কমে।

প্রখর রোদ থেকে গাছকে সুরক্ষিত রাখাও জরুরি। দুপুরের তীব্র রোদে টব বা গাছগুলো ছায়াযুক্ত স্থানে সরিয়ে রাখা উচিত। প্রয়োজনে নার্সারি নেট বা খড়ের ছাউনি ব্যবহার করে গাছকে সরাসরি সূর্যালোক থেকে রক্ষা করা যেতে পারে।

গরমকালে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে জৈব সার ব্যবহার করাই উত্তম। চাল-ডাল ধোয়া পানি, সবজির খোসা বা ডিমের খোসা প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়ে এবং গাছ সুস্থ থাকে।

পরিকল্পিত পরিচর্যা ও সামান্য সচেতনতার মাধ্যমে গ্রীষ্মের প্রতিকূল আবহাওয়াতেও একটি সুন্দর ও সবুজ বাগান গড়ে তোলা সম্ভব। এতে যেমন মানসিক প্রশান্তি মেলে, তেমনি প্রতিদিনের ব্যস্ত জীবনে এনে দেয় এক টুকরো স্বস্তি।

Comment / Reply From