Dark Mode
Image
  • Tuesday, 24 November 2026
এনার্জি ড্রিংকে হৃদ্‌যন্ত্রের বিপদ!

এনার্জি ড্রিংকে হৃদ্‌যন্ত্রের বিপদ!

 

এনার্জি ড্রিংকের নেশায় হৃদ্‌যন্ত্রের ঝুঁকি, বেশি বিপদ তরুণদের

ক্লান্তি দূর করতে, ঘুমের ভাব কাটাতে কিংবা দীর্ঘ সময় কাজের শক্তি পেতে অনেকেই নিয়মিত এনার্জি ড্রিংক পান করেন। বিশেষ করে তরুণদের মধ্যে এসব পানীয়ের জনপ্রিয়তা বাড়ছে। সাময়িকভাবে চাঙা অনুভব করালেও অতিরিক্ত এনার্জি ড্রিংক গ্রহণ হৃদ্‌যন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক ও উদ্দীপক উপাদানসমৃদ্ধ সম্পূরক পণ্য গ্রহণের সঙ্গে গুরুতর হৃদ্‌রোগের বিভিন্ন ঘটনার সম্পর্ক রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যা বিভাগের গবেষকেরা ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে জমা পড়া ২৮ হাজার ৩৪৫টি অভিযোগ বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছেন। এর মধ্যে ৮৫৪টি অভিযোগ ছিল ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক ও উদ্দীপক উপাদানসমৃদ্ধ সম্পূরক পণ্য নিয়ে। অন্য অভিযোগগুলো ছিল উদ্দীপক উপাদানবিহীন পণ্যের বিষয়ে।

গবেষণার ফলাফলে দেখা গেছে, উদ্দীপক উপাদানবিহীন পণ্যের তুলনায় এনার্জি ড্রিংক ও উদ্দীপক সম্পূরক গ্রহণের পর হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ প্রায় ১১ গুণ বেশি। একইভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ সাড়ে চার গুণ এবং অনিয়মিত হৃদ্‌স্পন্দন ও বুক ধড়ফড়ের অভিযোগ প্রায় চার গুণ বেশি পাওয়া গেছে। হৃদ্‌যন্ত্রের সমস্যা-সংক্রান্ত অভিযোগগুলোর প্রায় ৪৫ শতাংশই ছিল ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের।

গবেষণার প্রধান গবেষক সাই সামায়ামানথুলার মতে, এনার্জি ড্রিংককে সাধারণ কোমল পানীয়ের মতো করে বাজারজাত করা হয়। ফলে অনেকেই এগুলোকে তেমন ঝুঁকিপূর্ণ মনে করেন না। অথচ নিয়মিত এসব পানীয় ও উদ্দীপক সম্পূরক গ্রহণের মাধ্যমে শরীরে অতিরিক্ত ক্যাফেইন প্রবেশ করতে পারে, যা হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা তৈরি করতে পারে।

এনার্জি ড্রিংক কেন হৃদ্‌যন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ?

এনার্জি ড্রিংকের অন্যতম প্রধান উপাদান ক্যাফেইন। এটি স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে সাময়িকভাবে সতর্কতা ও কর্মক্ষমতা বাড়াতে পারে। তবে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে হৃদ্‌স্পন্দন ও রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এ ছাড়া এসব পানীয়তে গুয়ারানা, টরিন, ইয়েরবা মাতে ও থিওব্রোমিনের মতো বিভিন্ন উপাদান থাকতে পারে। কিছু উপাদান শরীরে উদ্দীপক হিসেবে কাজ করে এবং ক্যাফেইনের সঙ্গে মিলিত হয়ে এর প্রভাব বাড়াতে পারে।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত উদ্দীপক উপাদান গ্রহণের ফলে হৃদ্‌যন্ত্রের বৈদ্যুতিক সংকেত আদান-প্রদানের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এতে হৃদ্‌স্পন্দন অনিয়মিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে যাঁদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ কিংবা অনিয়মিত হৃদ্‌স্পন্দনের সমস্যা রয়েছে, তাঁদের বেশি সতর্ক থাকা প্রয়োজন।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, কিছু এনার্জি ড্রিংকে প্রতি আউন্সে সাধারণ কফির তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি ক্যাফেইন থাকতে পারে। ফলে একাধিক কৌটা পান করার পাশাপাশি চা, কফি বা অন্য ক্যাফেইনযুক্ত পণ্য গ্রহণ করলে শরীরে ক্যাফেইনের পরিমাণ অজান্তেই বেড়ে যেতে পারে।

দিনে কতটুকু ক্যাফেইন গ্রহণ নিরাপদ?

সাধারণভাবে অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন গ্রহণকে নিরাপদ সীমা হিসেবে বিবেচনা করা হয়। তবে ব্যক্তির শারীরিক অবস্থা, বয়স ও ক্যাফেইনের প্রতি সংবেদনশীলতার ওপর এর প্রভাব নির্ভর করে।

একটি এনার্জি ড্রিংকের কৌটায় প্রায় ৮০ থেকে ৩০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে। এর সঙ্গে নিয়মিত চা, কফি কিংবা শরীরচর্চার আগে গ্রহণ করা উদ্দীপক সম্পূরক যুক্ত হলে দৈনিক ক্যাফেইন গ্রহণের পরিমাণ নিরাপদ সীমা ছাড়িয়ে যেতে পারে।

তাই শুধু এনার্জি ড্রিংক নয়, প্রতিদিনের সব ধরনের ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয়ের পরিমাণ হিসাব রাখা জরুরি।

যেসব লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন

অতিরিক্ত ক্যাফেইন ও উদ্দীপক উপাদান গ্রহণের কারণে শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন—

  • বুক ধড়ফড় করা বা হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া।

  • বুকে ব্যথা কিংবা অস্বস্তি অনুভব করা।

  • মাথা ঘোরা বা ঝিমঝিম করা।

  • হৃদ্‌স্পন্দন অনিয়মিত হয়ে যাওয়া।

এসব লক্ষণ দেখা দিলে এনার্জি ড্রিংক ও অন্যান্য উদ্দীপক পানীয় গ্রহণ বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে বুকে ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা তীব্র দুর্বলতা দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।

কারা বেশি সতর্ক থাকবেন?

যাঁদের উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ কিংবা অনিয়মিত হৃদ্‌স্পন্দনের সমস্যা রয়েছে, তাঁদের এনার্জি ড্রিংক গ্রহণের বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। পরিবারে হৃদ্‌রোগের ইতিহাস থাকলেও এ ধরনের পানীয় নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

এ ছাড়া অতিরিক্ত শরীরচর্চার সময় কিংবা মদ্যপানের সঙ্গে এনার্জি ড্রিংক গ্রহণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। পণ্যের মোড়কে থাকা উপাদানের তালিকাও ভালোভাবে পরীক্ষা করা জরুরি। বিশেষ করে গুয়ারানা ও সিনেফ্রিনের মতো উদ্দীপক উপাদান রয়েছে কি না, তা খেয়াল রাখতে হবে।

গবেষণার ফলাফল নিয়ে যা জানা জরুরি

গবেষকেরা জানিয়েছেন, এই গবেষণার ফলাফল এনার্জি ড্রিংক গ্রহণের সঙ্গে হৃদ্‌যন্ত্রের গুরুতর সমস্যার একটি সম্পর্ক তুলে ধরেছে। তবে এর মাধ্যমে সরাসরি প্রমাণিত হয় না যে এসব পানীয়ই হৃদ্‌রোগের কারণ।

কারণ, গবেষণাটি এফডিএর কাছে স্বেচ্ছায় জমা দেওয়া অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়েছে। যাঁরা এসব পানীয় গ্রহণ করেও কোনো স্বাস্থ্য সমস্যায় পড়েননি, তাঁদের তথ্য এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত ছিল না। ফলে প্রকৃত ঝুঁকির মাত্রা নির্ধারণে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

তবে গবেষণার ফলাফল এনার্জি ড্রিংক গ্রহণের ক্ষেত্রে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সাময়িক ক্লান্তি দূর করতে গিয়ে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ যেন দীর্ঘমেয়াদে হৃদ্‌যন্ত্রের জন্য বিপদের কারণ না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।

 

Comment / Reply From