প্রতিদিন চা-বিস্কুট, শরীরের কী ক্ষতি?
প্রতিদিন সকালের নাশতায় চা-বিস্কুট? ৩০ দিনে শরীরে পড়তে পারে যেসব প্রভাব
সকালে ঘুম থেকে উঠে অফিস বা কর্মস্থলে যাওয়ার তাড়া। হাতে সময় কম থাকায় অনেকেই পূর্ণাঙ্গ নাশতা করার সুযোগ পান না। তাই এক কাপ চা আর দু-একটি বিস্কুট খেয়েই সকাল শুরু করেন। কারও কারও ক্ষেত্রে এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু দিনের পর দিন সকালের খাবার হিসেবে শুধু চা-বিস্কুট খেলে শরীরের ওপর কী প্রভাব পড়তে পারে, তা কি ভেবে দেখেছেন?
পুষ্টিবিদদের মতে, চা-বিস্কুট কখনোই সুষম সকালের নাশতার বিকল্প নয়। কারণ, এতে শরীরের প্রয়োজনীয় প্রোটিন, খাদ্যআঁশ, ভিটামিন ও খনিজ উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে না। টানা ৩০ দিন এমন অভ্যাস বজায় রাখলে খাদ্যতালিকার সামগ্রিক পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা ও বিপাকীয় কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
চা-বিস্কুট কেন পূর্ণাঙ্গ নাশতা নয়?
এক কাপ চা ও কয়েকটি বিস্কুট থেকে শরীর কিছু ক্যালরি পেলেও তা দিনের শুরুতে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে পারে না। সাধারণত চায়ে থাকে ক্যাফেইন এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত চিনি। অন্যদিকে, প্রচলিত বিস্কুটের প্রধান উপাদান ময়দা, চিনি ও তেল।
এসব খাবারে পরিশোধিত শর্করা বেশি থাকলেও প্রোটিন ও খাদ্যআঁশের পরিমাণ তুলনামূলক কম। ফলে সকালের শুরুতেই শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে। নিয়মিত এমন নাশতা করার কারণে দিনের অন্যান্য খাবার থেকেও পর্যাপ্ত পুষ্টি না পেলে ঘাটতির ঝুঁকি আরও বাড়ে।
রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে
সাধারণ বিস্কুটে থাকা পরিশোধিত ময়দা ও চিনি দ্রুত হজম হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। বিশেষ করে চায়ে অতিরিক্ত চিনি মেশালে এই প্রবণতা আরও বাড়ে। অন্যদিকে, প্রোটিন ও আঁশ কম থাকায় রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে রাখার মতো পুষ্টিগত ভারসাম্য পাওয়া যায় না।
দীর্ঘদিন অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করাজাতীয় খাবার খাওয়ার অভ্যাস ওজন বৃদ্ধি এবং ইনসুলিন প্রতিরোধের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। এর ফলে ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে।
নাশতার পরও কেন লাগে ক্লান্তি?
চা-বিস্কুট খাওয়ার পর সাময়িকভাবে শরীরে শক্তি অনুভূত হতে পারে। কিন্তু কিছুক্ষণ পরই আবার ক্ষুধা লাগতে পারে কিংবা ক্লান্তি ফিরে আসতে পারে। এর অন্যতম কারণ হলো, এই খাবারে পর্যাপ্ত প্রোটিন ও খাদ্যআঁশ নেই।
প্রোটিন ও আঁশ দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। এগুলোর অভাবে সকালের নাশতার পর দ্রুত ক্ষুধা লাগতে পারে। ফলে কাজে মনোযোগ ধরে রাখতে অসুবিধা, দুর্বলতা এবং মেজাজ খিটখিটে হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
শরীরে দেখা দিতে পারে পুষ্টির ঘাটতি
শুধু চা-বিস্কুটের ওপর নির্ভর করলে সকালের খাবার থেকে শরীর প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান পায় না। বিশেষ করে নিচের ঘাটতিগুলো নিয়ে সচেতন থাকা জরুরি।
প্রোটিনের ঘাটতি: পেশি গঠন, কোষের মেরামত এবং শরীরের বিভিন্ন কার্যক্রমের জন্য প্রোটিন প্রয়োজন। পর্যাপ্ত প্রোটিন না পেলে দীর্ঘমেয়াদে পেশির স্বাভাবিক রক্ষণাবেক্ষণ ব্যাহত হতে পারে।
খাদ্যআঁশের অভাব: আঁশ হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। খাদ্যতালিকায় আঁশের পরিমাণ কম থাকলে হজমসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
আয়রন শোষণে বাধা: চায়ে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন শোষণের পরিমাণ কমাতে পারে। বিশেষ করে খাবারের সঙ্গে বা খাওয়ার পরপরই চা পান করলে উদ্ভিজ্জ উৎস থেকে আয়রন শোষণ বাধাগ্রস্ত হতে পারে। দীর্ঘদিন আয়রনের ঘাটতি থাকলে রক্তস্বল্পতার ঝুঁকি তৈরি হয়।
ভিটামিন ও খনিজের ঘাটতি: সুষম খাবারের অভাবে শরীরে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতি দেখা দিতে পারে। এতে ক্লান্তি, দুর্বলতা এবং রোগপ্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘদিন ক্যালসিয়াম ও ভিটামিন ডির ঘাটতি থাকলে হাড়ের স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়তে পারে।
ওজন ও কোলেস্টেরলেও পড়তে পারে প্রভাব
বিস্কুটে থাকা অতিরিক্ত চিনি ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণের ওপর নির্ভর করে নিয়মিত বেশি পরিমাণে খাওয়ার ফলে শরীরের ওজন ও রক্তে কোলেস্টেরলের মাত্রায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন অতিরিক্ত ক্যালরি গ্রহণের অভ্যাস স্থূলতা ও বিভিন্ন বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়ায়।
এ ছাড়া খালি পেটে চা পান করলে কারও কারও ক্ষেত্রে বুকজ্বালা, অ্যাসিডিটি বা পেটে অস্বস্তি দেখা দিতে পারে। তবে এসব প্রতিক্রিয়া ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।
সকালের নাশতায় কী রাখবেন?
সকালের নাশতা হওয়া উচিত পুষ্টিগুণে ভারসাম্যপূর্ণ। শুধু চা-বিস্কুটের পরিবর্তে এমন খাবার বেছে নেওয়া প্রয়োজন, যেগুলো থেকে শরীর পর্যাপ্ত প্রোটিন, আঁশ, ভিটামিন ও খনিজ উপাদান পায়।
নাশতার তালিকায় রাখতে পারেন—
১. ডিম: উচ্চমানের প্রোটিনের ভালো উৎস। এটি পেশির গঠন ও শরীরের স্বাভাবিক কার্যক্রমে সাহায্য করে।
২. দুধ: প্রোটিন ও ক্যালসিয়াম সরবরাহ করে। হাড় ও দাঁতের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩. ওটস: এতে থাকা খাদ্যআঁশ হজমের স্বাস্থ্যের পাশাপাশি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।
৪. আটার রুটি: পরিশোধিত ময়দার পরিবর্তে আটার রুটি বেছে নিতে পারেন। এতে তুলনামূলক বেশি আঁশ পাওয়া যায়।
৫. ফলমূল: কলা, আপেল, পেয়ারা কিংবা মৌসুমি ফল থেকে ভিটামিন, খনিজ ও খাদ্যআঁশ পাওয়া যায়।
৬. সবজি: নাশতায় বিভিন্ন ধরনের সবজি রাখলে শরীর প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও আঁশ পেতে পারে।
সকালে ব্যস্ততা থাকলেও নাশতা বাদ দেওয়া কিংবা প্রতিদিন শুধু চা-বিস্কুট খেয়ে দিন শুরু করা ঠিক নয়। অল্প সময়েই ডিম, ফল, দুধ বা ওটসের মতো খাবার দিয়ে পুষ্টিকর নাশতা তৈরি করা সম্ভব। মনে রাখতে হবে, দিনের শুরুতে সঠিক খাবার নির্বাচন শুধু ক্ষুধা মেটায় না, বরং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতেও সাহায্য করে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!