Dark Mode
Image
  • Wednesday, 11 November 2026
রান্নার পাত্রেই লুকিয়ে সিসার ঝুঁকি?

রান্নার পাত্রেই লুকিয়ে সিসার ঝুঁকি?

 

রান্নাঘরে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল নেই, এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন। তুলনামূলক কম দাম, সহজলভ্যতা ও ব্যবহারের সুবিধার কারণে দীর্ঘদিন ধরেই এসব পাত্রে রান্না করছেন অনেকে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের স্থানীয়ভাবে তৈরি কিছু অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষিত কিছু পাত্র থেকে রান্নার সময় খাবারে সিসা মিশতে পারে।

বিশেষ করে নতুন পাত্রের প্রথম কয়েকবার ব্যবহারে সিসা নির্গমনের পরিমাণ ছিল বেশি। বারবার ব্যবহারের সঙ্গে এই পরিমাণ কমলেও তা পুরোপুরি নিরাপদ হয়ে যায়নি। ফলে প্রশ্ন উঠেছে, রান্নার জন্য তাহলে কোন পাত্র বেছে নেওয়া উচিত? আর আপাতত অ্যালুমিনিয়ামের পাত্র বদলানো সম্ভব না হলে কীভাবে ঝুঁকি কমানো যায়?

সিসা কেন স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

সিসা একটি বিষাক্ত ভারী ধাতু। খাবার, পানি বা দূষিত ধুলার মাধ্যমে এটি শরীরে প্রবেশ করতে পারে। বিশেষ করে শিশুদের জন্য সিসার সংস্পর্শ অত্যন্ত ক্ষতিকর। এটি শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। এর ফলে শেখার ক্ষমতা, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও আচরণে সমস্যা দেখা দিতে পারে।

গর্ভবতী নারীদের ক্ষেত্রেও সিসার সংস্পর্শ উদ্বেগের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সিসার এমন কোনো পরিচিত নিরাপদ মাত্রা নেই, যার নিচে থাকলে স্বাস্থ্যের কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। তাই রান্নার পাত্র থেকে খাবারে সিসা মিশে যাওয়ার সম্ভাবনাকেও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

অ্যালুমিনিয়ামের পাত্রে কীভাবে মিশছে সিসা?

গবেষণায় দেখা গেছে, স্থানীয়ভাবে তৈরি কিছু অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে রান্নার সময় খাবারে সিসা চলে আসতে পারে। এসব পাত্র তৈরিতে অনেক ক্ষেত্রে পুরোনো বা ব্যবহৃত ধাতু গলিয়ে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। সেগুলোর মধ্যে সিসা থাকলে তা তৈরি হওয়া পাত্রেও থেকে যেতে পারে।

গবেষণায় নতুন ও ব্যবহৃত পাত্র পরীক্ষা করে দেখা হয়। নতুন পাত্রে প্রথমবার রান্নার সময় খাবারে সিসার পরিমাণ তুলনামূলক বেশি পাওয়া যায়। পরবর্তী ব্যবহারে তা কমলেও পরীক্ষিত পাত্রগুলো থেকে রান্না করা খাবারে সিসার উপস্থিতি পাওয়া গেছে।

গবেষকেরা আরও দেখেছেন, পাত্র স্টিলের তার বা শক্ত মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করলে সিসা নির্গমনের পরিমাণ বাড়তে পারে। একইভাবে অম্লীয় বা টক খাবার রান্না করলেও পাত্র থেকে সিসা খাবারে মেশার ঝুঁকি বাড়ে।

তবে গবেষণাটিতে বাংলাদেশের সব অ্যালুমিনিয়ামের পাত্র পরীক্ষা করা হয়নি। এটি ছিল সীমিত পরিসরের পরীক্ষাগারভিত্তিক গবেষণা; মানুষের রক্তে সিসার মাত্রাও এখানে পরিমাপ করা হয়নি। তাই সব অ্যালুমিনিয়ামের পাত্রকেই ঝুঁকিপূর্ণ বলা ঠিক হবে না। তবে স্থানীয়ভাবে তৈরি ও কাঁচামালের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না—এমন পাত্র ব্যবহারে সতর্ক থাকা জরুরি।

রান্নার জন্য কোন পাত্র বেছে নেবেন?

অ্যালুমিনিয়ামের বিকল্প হিসেবে স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন। খাবার রান্না ও সংরক্ষণের জন্য মানসম্মত স্টেইনলেস স্টিল তুলনামূলক ভালো বিকল্প। এ ছাড়া কাস্ট আয়রন, কাচ, খাবারের উপযোগী সিরামিক ও মাটির পাত্রও ব্যবহার করা যায়।

তবে শুধু পাত্রের উপাদান দেখলেই হবে না, সেটি খাবারের সংস্পর্শে ব্যবহারের জন্য নিরাপদ কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

  • স্টেইনলেস স্টিল: নির্ভরযোগ্য প্রস্তুতকারকের তৈরি খাবার উপযোগী স্টেইনলেস স্টিলের পাত্র বেছে নিন। রান্না ও খাবার সংরক্ষণ—দুই কাজেই এগুলো ব্যবহার করা যায়।

  • কাস্ট আয়রন: ভালো মানের কাস্ট আয়রনের পাত্র রান্নার জন্য ব্যবহার করা যায়। তবে পরিষ্কার ও সংরক্ষণের নিয়ম মেনে চলতে হবে।

  • কাচের পাত্র: খাবার পরিবেশন ও সংরক্ষণের জন্য খাবার উপযোগী কাচের পাত্র ভালো বিকল্প। চুলায় ব্যবহারের ক্ষেত্রে পাত্রটি তাপসহনশীল কি না, নিশ্চিত হতে হবে।

  • মাটি ও সিরামিক: এসব পাত্র কেনার সময় খাবারের উপযোগী এবং সিসামুক্ত গ্লেজ ব্যবহার করা হয়েছে কি না, তা নিশ্চিত করুন। অনির্ভরযোগ্য উৎসের রঙিন বা চকচকে প্রলেপযুক্ত মাটির পাত্রে সিসা থাকতে পারে।

নন-স্টিক পাত্র ব্যবহারে কী সতর্কতা প্রয়োজন?

অনেক পরিবার রান্নার কাজে নন-স্টিক পাত্র ব্যবহার করে। এসব পাত্রের প্রচলিত প্রলেপের উপাদান পলিটেট্রাফ্লুরোইথিলিন বা পিটিএফই, যা টেফলন নামেও পরিচিত। স্বাভাবিকভাবে ও প্রস্তুতকারকের নির্দেশনা মেনে ব্যবহার করলে এ ধরনের পাত্রে রান্না সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়।

তবে নন-স্টিক পাত্র খালি অবস্থায় দীর্ঘক্ষণ চুলায় রাখা বা অতিরিক্ত গরম করা উচিত নয়। প্রায় ৩৬০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় পিটিএফইর প্রলেপ ভেঙে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে। গ্যাসের চুলা ও ইন্ডাকশন চুলায় পাত্র দ্রুত গরম হয় বলে বাড়তি সতর্কতা প্রয়োজন।

নন-স্টিক পাত্র ব্যবহারের সময় প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করুন। সিরামিক প্রলেপযুক্ত পাত্রের ক্ষেত্রেও নির্ধারিত ব্যবহারবিধি মেনে চলা ভালো।

আপাতত অ্যালুমিনিয়ামের পাত্র বদলাতে না পারলে কী করবেন?

অনেক পরিবারের পক্ষে একসঙ্গে রান্নাঘরের সব পাত্র বদলে ফেলা সম্ভব নয়। সে ক্ষেত্রে কিছু সতর্কতামূলক ব্যবস্থা ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। যেমন—

১. অ্যালুমিনিয়ামের পাত্রে টক ডাল, ভিনেগারযুক্ত খাবার, টক ফলের চাটনি বা অন্য অম্লীয় খাবার রান্না করবেন না।

২. পাত্র পরিষ্কারের সময় স্টিলের তার বা শক্ত ধাতব মাজুনি ব্যবহার করবেন না। নরম স্পঞ্জ দিয়ে ধুয়ে নিন।

৩. রান্নার সময় ধাতব খুন্তি বা চামচ দিয়ে অতিরিক্ত ঘষাঘষি এড়িয়ে চলুন।

৪. লেবুর রস, ভিনেগার বা অন্য অম্লীয় উপাদান দিয়ে অ্যালুমিনিয়ামের পাত্র পরিষ্কার করবেন না।

৫. রান্না শেষ হলে খাবার অ্যালুমিনিয়ামের পাত্রে দীর্ঘক্ষণ রেখে না দিয়ে নিরাপদ অন্য পাত্রে ঢেলে রাখুন।

তবে এসব সতর্কতা মানলেই সিসার ঝুঁকি পুরোপুরি দূর হবে, এমন নিশ্চয়তা নেই। বিশেষ করে যেসব পাত্র থেকে সিসা খাবারে মিশছে, সেগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার না করাই ভালো। সুযোগ হলে নিরাপদ বিকল্প পাত্র ব্যবহার করুন।

খাবার পরিবেশন ও সংরক্ষণেও চাই সতর্কতা

শুধু রান্নার পাত্র নয়, খাবার পরিবেশন ও সংরক্ষণের পাত্রও নিরাপদ হওয়া প্রয়োজন। গরম খাবার রাখার জন্য স্টেইনলেস স্টিল, তাপসহনশীল কাচ কিংবা খাবারের উপযোগী সিরামিকের পাত্র বেছে নিতে পারেন।

প্লাস্টিকের পাত্র ব্যবহার করলে সেটি গরম খাবার রাখার উপযোগী কি না, দেখে নিন। সাধারণ প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখা বা মাইক্রোওয়েভে গরম করা উচিত নয়। মেলামাইনের পাত্রে খাবার পরিবেশন করা গেলেও সরাসরি খাবার গরম করার কাজে এটি ব্যবহার করবেন না।

অন্যদিকে সাধারণ অ্যালুমিনিয়ামের পাত্রে গরম বা টক খাবার দীর্ঘক্ষণ সংরক্ষণ না করাই ভালো।

আতঙ্ক নয়, নিরাপদ পাত্র নিশ্চিত করাই জরুরি

আইসিডিডিআরবি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি রান্নার পাত্রের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। তবে সমস্যার সমাধানের দায়িত্ব শুধু পরিবারের ওপর ছেড়ে দিলে চলবে না। পাত্র তৈরিতে ব্যবহৃত কাঁচামালের মান যাচাই, উৎপাদনপ্রক্রিয়ায় সিসার উপস্থিতি পরীক্ষা এবং বাজারে বিক্রি হওয়া পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের খাবার তৈরিতে নিরাপদ পাত্র ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া উচিত। সস্তা বা সহজলভ্য হলেই কোনো পাত্র নিরাপদ—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। রান্নাঘরের পাত্র বাছাইয়ের ক্ষেত্রে দাম ও সুবিধার পাশাপাশি খাদ্যনিরাপত্তাকেও গুরুত্ব দিতে হবে।

 

Comment / Reply From