Dark Mode
Image
  • Monday, 23 November 2026
রিলসের নেশায় দুর্বল হচ্ছে মস্তিষ্ক?

রিলসের নেশায় দুর্বল হচ্ছে মস্তিষ্ক?

 

রিলসের নেশায় কমছে মনোযোগ, বাড়ছে ‘ব্রেইন রট’-এর ঝুঁকি

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রিলস দেখা এখন অনেকের দৈনন্দিন অভ্যাস। অবসর সময় কাটানো থেকে শুরু করে কাজের ফাঁকে কিংবা ঘুমানোর আগে—টিকটক ও ইনস্টাগ্রামের স্বল্পদৈর্ঘ্যের ভিডিওতে ডুবে থাকেন অসংখ্য মানুষ। কিন্তু বিনোদনের এই অভ্যাসই ধীরে ধীরে মানুষের মনোযোগ, স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য।

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (এপিএ) প্রকাশিত গবেষণায় ৭১টি গবেষণার প্রায় ৯৮ হাজার ২৯৯ জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, স্বল্পদৈর্ঘ্যের ভিডিও যত বেশি দেখা হয়, মনোযোগ ধরে রাখা এবং নিজের আচরণ নিয়ন্ত্রণের সক্ষমতার সঙ্গে তত বেশি নেতিবাচক সম্পর্ক তৈরি হতে পারে। বিশেষ করে যেসব কাজে দীর্ঘ সময় মনোযোগ দেওয়া, চিন্তা করা কিংবা মানসিক পরিশ্রমের প্রয়োজন হয়, সেগুলো কঠিন মনে হতে পারে ব্যবহারকারীদের কাছে।

গবেষকদের মতে, দ্রুতগতির ও উত্তেজনাপূর্ণ ভিডিওর প্রতি নিয়মিত অভ্যস্ত হয়ে পড়লে মস্তিষ্ক ধীরে চলা বিষয়গুলোর প্রতি আগ্রহ হারাতে পারে। ফলে পড়াশোনা, সমস্যা সমাধান, বই পড়া কিংবা কোনো বিষয় গভীরভাবে শেখার মতো কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে ওঠে। এ ধরনের অবস্থাকে অনেক ক্ষেত্রে ‘ব্রেইন রট’ বা মস্তিষ্কের বুদ্ধিবৃত্তিক সক্ষমতার অবনতির সঙ্গে তুলনা করা হচ্ছে।

গবেষণায় শর্টফর্ম ভিডিও ব্যবহারের সঙ্গে মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ, ভাষাগত দক্ষতা, স্মৃতিশক্তি এবং ওয়ার্কিং মেমরির দুর্বলতার সম্পর্কও পাওয়া গেছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সূচকেও নেতিবাচক প্রভাবের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে মানসিক চাপ ও উদ্বেগের সঙ্গে অতিরিক্ত ভিডিও দেখার সম্পর্ক লক্ষ্য করেছেন গবেষকেরা। তবে বডি ইমেজ ও আত্মসম্মানবোধের ক্ষেত্রে একই ধরনের নেতিবাচক সম্পর্ক পাওয়া যায়নি।

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ‘ব্রেইন রট’ বলতে অতিরিক্ত নিম্নমানের বা অর্থহীন অনলাইন কনটেন্ট গ্রহণের কারণে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা কমে যাওয়াকে বোঝায়। ২০২৪ সালে শব্দটি অক্সফোর্ড ডিকশনারির ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিল।

গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, রিলস দেখার সময় ব্যবহারকারীরা একটির পর একটি ভিডিও দেখতে থাকেন। প্রতিবার সোয়াইপ করলেই সামনে আসে নতুন কোনো কনটেন্ট, যা কৌতূহল ও আবেগকে উসকে দেয়। এই প্রক্রিয়ায় মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ একটি পুরস্কার পাওয়ার মতো অনুভূতি তৈরি করতে পারে। ফলে বারবার ভিডিও দেখার প্রবণতা আরও শক্তিশালী হয় এবং একপর্যায়ে এটি অভ্যাসে পরিণত হতে পারে।

শুধু মনোযোগ বা স্মৃতিশক্তি নয়, অতিরিক্ত শর্টফর্ম ভিডিও ব্যবহারের প্রভাব পড়তে পারে সামাজিক জীবনেও। গবেষণায় দেখা গেছে, বাস্তব জীবনের যোগাযোগের পরিবর্তে ডিজিটাল যোগাযোগের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা সামাজিক বিচ্ছিন্নতা ও একাকিত্ব বাড়াতে পারে। এতে মানুষের সামগ্রিক জীবনসন্তুষ্টিও কমে যাওয়ার আশঙ্কা থাকে। অনেক ব্যবহারকারী বাস্তব জীবনে আবেগ নিয়ন্ত্রণ এবং মনোযোগ ধরে রাখার ক্ষেত্রেও সমস্যার কথা জানিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।

প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ও মানুষের চিন্তাশক্তির সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন গবেষণা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমআইটির একটি গবেষণায় দেখা গেছে, লেখার কাজ করার সময় চ্যাটজিপিটির সহায়তা নেওয়া অংশগ্রহণকারীদের মস্তিষ্কের কার্যকলাপ তুলনামূলকভাবে কম ছিল। এমনকি তাঁরা নিজেদের লেখা বাক্য মনে রাখার ক্ষেত্রেও সমস্যায় পড়েছিলেন। অন্যদিকে, কোনো প্রযুক্তির সহায়তা ছাড়া যাঁরা লিখেছেন, তাঁদের স্মরণশক্তির ফলাফল ছিল সবচেয়ে ভালো। গুগল ব্যবহারকারীরা ছিলেন মাঝামাঝি অবস্থানে।

এ ছাড়া জেএএমএ মেডিকেল জার্নালে প্রকাশিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর একটি গবেষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত শিশুদের পড়ার দক্ষতা, স্মৃতিশক্তি ও শব্দভাণ্ডারের পরীক্ষায় তুলনামূলকভাবে কম স্কোর পাওয়ার তথ্য উঠে এসেছে।

সব মিলিয়ে গবেষণাগুলো ইঙ্গিত দিচ্ছে, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে শুধু কতক্ষণ অনলাইনে থাকা হচ্ছে, তা নয়; কী ধরনের কনটেন্ট দেখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। বিনোদনের জন্য কয়েক মিনিট রিলস দেখা ক্ষতিকর—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তবে ঘণ্টার পর ঘণ্টা বিরতিহীনভাবে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার অভ্যাস মনোযোগ, শেখার ক্ষমতা ও সামাজিক যোগাযোগের ওপর প্রভাব ফেলতে পারে। তাই ডিজিটাল বিনোদনের পাশাপাশি বই পড়া, শারীরিক কার্যক্রম এবং বাস্তব জীবনের মানুষের সঙ্গে সময় কাটানোর অভ্যাস বজায় রাখাও জরুরি।

 

 

Comment / Reply From