Dark Mode
Image
  • Wednesday, 04 February 2026
ঘরোয়া স্বাদে নারকেল দেওয়া হাঁসের মাংস

ঘরোয়া স্বাদে নারকেল দেওয়া হাঁসের মাংস

শীতের দিনে বা বিশেষ কোনো আয়োজনে হাঁসের মাংস মানেই আলাদা এক আকর্ষণ। তার ওপর যদি থাকে কাঁচা নারকেল ও নারকেল দুধের মোলায়েম স্বাদ, তাহলে তো কথাই নেই। ঝাল–মশলার সঙ্গে নারকেলের মিষ্টি ঘ্রাণে তৈরি এই পদটি ভাত কিংবা পোলাও—দু’টির সঙ্গেই দারুণ মানায়। ঘরেই সহজ উপকরণে কীভাবে বানাবেন নারকেল দেওয়া হাঁসের মাংস, জেনে নিন বিস্তারিত রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

  • হাঁসের মাংস: ১ কেজি (টুকরা করা)

  • লবণ: স্বাদমতো

  • হলুদগুঁড়া: ১ চা-চামচ

  • শর্ষের তেল: আধা কাপ

  • শুকনা মরিচ: ৪–৫টি

  • তেজপাতা: ২টি

  • দারুচিনি: ১ টুকরা

  • এলাচ: ৩–৪টি

  • লবঙ্গ: ৩টি

  • পেঁয়াজকুচি: ২ কাপ

  • আদাবাটা: ১ টেবিল চামচ

  • রসুনবাটা: ১ টেবিল চামচ

  • মরিচগুঁড়া: ১ চা-চামচ

  • ধনেগুঁড়া: ১ চা-চামচ

  • জিরাগুঁড়া: আধা চা-চামচ

  • কাঁচা নারকেলকুঁচি: ১ কাপ

  • নারকেল দুধ: ১ কাপ

  • চিনি: আধা চা-চামচ (ঐচ্ছিক)

  • কাঁচা মরিচ: ৩–৪টি (চেরা)

  • গরমমসলার গুঁড়া: আধা চা-চামচ

প্রণালি

প্রথমে হাঁসের মাংসে লবণ ও হলুদ মেখে ১৫ মিনিট রেখে দিন। এতে মাংসের কাঁচা গন্ধ কমে যাবে।
এবার কড়াইয়ে শর্ষের তেল গরম করে শুকনা মরিচ, তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিন। সুগন্ধ বের হলে পেঁয়াজকুচি যোগ করে লালচে হওয়া পর্যন্ত ভাজুন।

এরপর আদা–রসুনবাটা, মরিচগুঁড়া, ধনেগুঁড়া ও জিরাগুঁড়া দিয়ে ভালো করে কষান, যতক্ষণ না মসলা থেকে তেল ছাড়ে। এবার মেরিনেট করা হাঁসের মাংস দিয়ে মাঝারি আঁচে ১০–১৫ মিনিট কষিয়ে নিন। মাংস ভালোভাবে কষানো হলে কাঁচা নারকেলকুঁচি যোগ করুন।

সবশেষে নারকেল দুধ, প্রয়োজনমতো লবণ ও সামান্য চিনি দিয়ে ঢেকে কম আঁচে ৩০–৪০ মিনিট রান্না করুন। মাংস নরম হয়ে এলে কাঁচা মরিচ ও গরমমসলার গুঁড়া ছিটিয়ে চুলা থেকে নামান।

গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন নারকেল দেওয়া সুস্বাদু হাঁসের মাংস।

Comment / Reply From