Dark Mode
Image
  • Wednesday, 25 March 2026
দুধের ঘ্রাণে নরম স্বাদের মুরগি সাদা ভুনা

দুধের ঘ্রাণে নরম স্বাদের মুরগি সাদা ভুনা

ঝাল বা লাল মসলা ছাড়াই দুধ আর গরমমসলার ঘ্রাণে তৈরি মুরগি মাংসের সাদা ভুনা—স্বাদে হালকা, কিন্তু মুখে দিলে ভোলার নয়। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের জন্য ভিন্ন কিছু রান্না করতে চাইলে এই সাদা ভুনা হতে পারে দারুণ একটি পছন্দ। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপিটি।

উপকরণ

মুরগির মাংস — ১ কেজি

আদা — ২ ইঞ্চি (১ টুকরা)

রসুন — ১টি আস্ত

পেঁয়াজ — ৫–৬টি

কাঁচা মরিচ — ৪–৫টি

তরল দুধ — ১ লিটার

ধনে গুঁড়া — ১ চা-চামচ

জিরা গুঁড়া — ১ চা-চামচ

লবণ — স্বাদমতো

আস্ত গরমমসলা (তেজপাতা, এলাচ, দারুচিনি, সাদা গোলমরিচ) — প্রতিটি ৩–৪টি

রান্নার তেল — আধা কাপ

গরমমসলার গুঁড়া — ১ চা-চামচ

প্রণালি

প্রথমে মুরগির মাংস কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা মরিচ একসাথে হালকা করে বেটে নিন—একেবারে পেস্ট নয়, আধা বাটা থাকলেই যথেষ্ট।

একটি বড় পাত্রে মুরগির মাংস নিন। এর সঙ্গে আধা বাটা মসলা, দুধ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ ও আস্ত গরমমসলা দিয়ে ভালোভাবে মেখে নিন। ঢেকে রেখে দিন অন্তত ২ ঘণ্টা মেরিনেট করার জন্য।

চুলায় একটি পাতিল বসিয়ে তেল গরম করুন। তেল গরম হলে মেরিনেট করা মুরগি দিয়ে উচ্চ আঁচে ৫ মিনিট ভুনে নিন। এরপর আঁচ মাঝারি করে ঢেকে দিন।

মাঝে মাঝে নেড়ে দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। প্রায় ৩০ মিনিট পর ঝোল কমে এলে এবং মাংস মাখা-মাখা হয়ে গেলে উপর থেকে গরমমসলার গুঁড়া ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।

গরম ভাত, পোলাও কিংবা রুটি—যেকোনো কিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যাবে এই সাদা ভুনা।

Comment / Reply From