বর্ষায় কোন জুতা সবচেয়ে নিরাপদ?
বর্ষাকালে বৃষ্টির সঙ্গে আসে কাদা, জলাবদ্ধতা ও পিচ্ছিল রাস্তা। এমন সময়ে ভুল জুতা ব্যবহার করলে শুধু জুতাই নষ্ট হয় না, বাড়ে পা পিছলে দুর্ঘটনার ঝুঁকিও। তাই বর্ষার জন্য জুতা কেনার সময় ফ্যাশনের পাশাপাশি গুরুত্ব দিতে হবে আরাম, নিরাপত্তা ও উপাদানের মানের ওপর।
পানি সহনশীল জুতা বেছে নিন
বর্ষাকালের জন্য রাবার, পিভিসি বা উন্নতমানের ওয়াটারপ্রুফ উপাদানের জুতা সবচেয়ে উপযোগী। এসব জুতা সহজে পানি শোষণ করে না, কাদা লাগলেও পরিষ্কার করা সহজ এবং দ্রুত শুকিয়ে যায়। প্রতিদিনের ব্যবহারে এগুলো তুলনামূলক বেশি টেকসই।
চামড়ার জুতা এড়িয়ে চলুন
চামড়ার জুতা বর্ষার জন্য উপযুক্ত নয়। দীর্ঘ সময় ভিজে থাকলে চামড়া ফুলে যেতে পারে, রং নষ্ট হতে পারে এবং জুতার স্থায়িত্ব কমে যায়। পাশাপাশি ভেজা জুতা দীর্ঘ সময় পায়ে থাকলে ত্বকের নানা সমস্যাও দেখা দিতে পারে। তাই বর্ষায় ওয়াটারপ্রুফ জুতাই ভালো বিকল্প।
বাতাস চলাচল করে এমন আরামদায়ক নকশা
জুতা কেনার আগে অবশ্যই পরে দেখে নিন। এটি যেন পায়ে অতিরিক্ত চাপ না দেয় বা ফোসকা না ফেলে। এমন ডিজাইন বেছে নিন, যাতে ভেতরে পানি ঢুকলেও দ্রুত বের হয়ে যেতে পারে এবং বাতাস চলাচলের সুযোগ থাকে। তবে সামনের অংশ পুরো খোলা স্যান্ডেল এড়িয়ে চলাই ভালো, কারণ এতে কাদা ও ময়লা সহজেই ঢুকে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।
বর্ষার জন্য উপযোগী স্নিকার্সও হতে পারে ভালো পছন্দ
বর্তমানে অনেক ব্র্যান্ডই বর্ষার উপযোগী দ্রুত শুকিয়ে যায় এমন স্নিকার্স তৈরি করছে। ভালো গ্রিপযুক্ত সোল পিচ্ছিল রাস্তায় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং হাঁটাচলা আরও নিরাপদ করে।
ফ্ল্যাট সোল বেশি নিরাপদ
জমে থাকা পানি বা কাদা পার হওয়ার সময় ফ্ল্যাট সোলের জুতা তুলনামূলক নিরাপদ। তবে সোল খুব বেশি পাতলা হওয়া উচিত নয়। পাতলা স্যান্ডেল, চটি বা ব্যালেরিনা জুতা পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। চাইলে কম উচ্চতার ব্লক হিলও ব্যবহার করা যেতে পারে।
নিম্নমানের সিনথেটিক জুতা এড়িয়ে চলুন
নিম্নমানের কৃত্রিম উপাদানে তৈরি জুতা দীর্ঘ সময় ব্যবহারে অ্যালার্জি, ঘাম ও ত্বকের অস্বস্তির কারণ হতে পারে। তাই মানসম্মত উপকরণ দিয়ে তৈরি জুতা কেনাই ভালো।
বর্ষায় হাই হিল নয়
বৃষ্টির সময় রাস্তার গর্ত, ভাঙা অংশ কিংবা কাদা পানির নিচে ঢাকা থাকে। এমন পরিস্থিতিতে হাই হিল পরে হাঁটলে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। তাই বর্ষাকালে হাই হিল এড়িয়ে চলাই নিরাপদ।
আরামকে দিন সর্বোচ্চ গুরুত্ব
যে জুতাই নির্বাচন করুন না কেন, সেটি যেন দীর্ঘ সময় পরে আরাম পাওয়া যায়। যারা পুরোপুরি বন্ধ জুতা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা পেছনে স্ট্র্যাপযুক্ত স্যান্ডেল ব্যবহার করতে পারেন। এতে হাঁটার সময় জুতা খুলে যাওয়ার ঝুঁকি কম থাকে এবং পায়ে ভালোভাবে ধরে থাকে।
বর্ষাকালে সঠিক জুতা নির্বাচন শুধু ফ্যাশনের বিষয় নয়, এটি পায়ের স্বাস্থ্য, আরাম এবং দুর্ঘটনা প্রতিরোধের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই কেনার আগে উপাদান, গ্রিপ, আরাম ও ব্যবহারিক দিকগুলো ভালোভাবে বিবেচনা করুন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!