Dark Mode
Image
  • Wednesday, 18 November 2026
ব্যাংকে ৭ ধরনের অ্যাকাউন্ট, কোনটি আপনার জন্য?

ব্যাংকে ৭ ধরনের অ্যাকাউন্ট, কোনটি আপনার জন্য?

 

ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন? জেনে নিন ৭ ধরনের হিসাবের সুবিধা

দৈনন্দিন আর্থিক লেনদেন, অর্থ সঞ্চয় কিংবা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্ব অনেক। তবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেই সামনে আসে নানা ধরনের হিসাবের নাম। সঞ্চয়ী, চলতি, স্থায়ী আমানত কিংবা মাসিক সঞ্চয় প্রকল্প—প্রতিটির উদ্দেশ্য ও সুযোগ-সুবিধা আলাদা।

কেউ নিয়মিত আয় থেকে কিছু অর্থ জমিয়ে রাখতে চান, কেউ ব্যবসার লেনদেন পরিচালনা করেন। আবার শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা কিংবা প্রবাসীদের দেশে অর্থ জমা রাখার জন্যও রয়েছে বিশেষ অ্যাকাউন্ট। তাই অ্যাকাউন্ট খোলার আগে নিজের প্রয়োজন, আর্থিক সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে কোনটি বেশি মানানসই, তা জেনে নেওয়া জরুরি।

চলুন, ব্যাংকে প্রচলিত সাত ধরনের অ্যাকাউন্টের বৈশিষ্ট্য ও সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. সঞ্চয়ী অ্যাকাউন্ট

ব্যক্তিগত সঞ্চয় ও দৈনন্দিন আর্থিক লেনদেনের জন্য সবচেয়ে পরিচিত ব্যাংক হিসাবগুলোর একটি হলো সঞ্চয়ী অ্যাকাউন্ট। এ অ্যাকাউন্টে টাকা জমা রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তা উত্তোলনও করা যায়। জমাকৃত অর্থের ওপর ব্যাংক নির্ধারিত হারে সুদ বা মুনাফা দিয়ে থাকে।

সঞ্চয়ী অ্যাকাউন্টে গ্রাহক সাধারণত নিজের সুবিধামতো টাকা জমা দিতে পারেন। তবে টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যাংকভেদে নির্দিষ্ট নিয়ম বা সীমাবদ্ধতা থাকতে পারে। বাংলাদেশ ব্যাংক এ ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য কোনো নির্দিষ্ট ন্যূনতম জমার পরিমাণ নির্ধারণ করেনি। তবে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী সাধারণত ৫০০ থেকে ৫ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকতে পারে।

নিয়মিত আয় থেকে অল্প অল্প করে টাকা জমাতে চান কিংবা প্রয়োজনের সময় সঞ্চিত অর্থ ব্যবহার করতে চান—এমন ব্যক্তিদের জন্য সঞ্চয়ী অ্যাকাউন্ট বেশ উপযোগী।

২. চলতি অ্যাকাউন্ট

ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির নিয়মিত আর্থিক লেনদেন পরিচালনার জন্য চলতি অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। যেসব গ্রাহককে প্রতিদিন একাধিকবার টাকা জমা, উত্তোলন কিংবা বিভিন্ন পক্ষকে অর্থ পরিশোধ করতে হয়, তাঁদের জন্য এ হিসাব সুবিধাজনক।

ধরা যাক, কারও একটি মুঠোফোনের দোকান রয়েছে। প্রতিদিন তিনি ক্রেতাদের কাছ থেকে টাকা গ্রহণ করেন এবং পাইকারি বিক্রেতাদের পণ্যের মূল্য পরিশোধ করেন। এ ধরনের ঘন ঘন লেনদেনের জন্য চলতি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।

সাধারণত এ অ্যাকাউন্টে লেনদেনের সংখ্যা বেশি হলেও ব্যাংকের নীতিমালা অনুযায়ী কিছু শর্ত ও সীমাবদ্ধতা থাকতে পারে। সঞ্চয়ী অ্যাকাউন্টের মতো চলতি হিসাবে সাধারণত সুদ বা মুনাফা দেওয়া হয় না। তবে ব্যবসায়িক লেনদেন সহজ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩. স্থায়ী আমানত অ্যাকাউন্ট

এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখার ব্যবস্থাকে স্থায়ী আমানত অ্যাকাউন্ট বলা হয়। এ ক্ষেত্রে গ্রাহক একসঙ্গে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখেন। মেয়াদ শেষে ব্যাংকের নির্ধারিত শর্ত অনুযায়ী আসল টাকার সঙ্গে সুদ বা মুনাফা পান।

সাধারণত তিন মাস, ছয় মাস, এক বছর কিংবা আরও দীর্ঘ মেয়াদে স্থায়ী আমানত খোলা যায়। জমার পরিমাণ, মেয়াদ ও প্রযোজ্য মুনাফার হারের ওপর নির্ভর করে মেয়াদ শেষে প্রাপ্য অর্থ নির্ধারিত হয়।

যাঁদের হাতে এককালীন কিছু বাড়তি অর্থ রয়েছে এবং নির্দিষ্ট সময়ের জন্য তা জমা রাখতে চান, তাঁদের জন্য এ ব্যবস্থা উপযোগী। অনেক ব্যাংক স্থায়ী আমানতের বিপরীতে ঋণ নেওয়ার সুবিধাও দিয়ে থাকে। তবে ঋণের পরিমাণ ও শর্ত ব্যাংকভেদে আলাদা হতে পারে।

অবসর-পরবর্তী জীবন, সন্তানের উচ্চশিক্ষা কিংবা ভবিষ্যতের বড় কোনো আর্থিক পরিকল্পনার জন্য অর্থ গুছিয়ে রাখতেও স্থায়ী আমানত সহায়ক হতে পারে।

৪. মাসিক সঞ্চয় অ্যাকাউন্ট

একবারে বড় অঙ্কের টাকা জমা না দিয়ে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ের সুযোগ দেয় মাসিক সঞ্চয় প্রকল্প। সাধারণত নির্দিষ্ট মেয়াদে প্রতি মাসে কিস্তি জমা দিতে হয়। মেয়াদ পূর্ণ হলে জমাকৃত অর্থের সঙ্গে ব্যাংকের নির্ধারিত সুদ বা মুনাফা পাওয়া যায়।

যাঁদের নিয়মিত আয় রয়েছে, কিন্তু একসঙ্গে বড় অঙ্কের অর্থ সঞ্চয় করা কঠিন, তাঁদের জন্য এ প্রকল্প বেশ কার্যকর। মাসিক আয়ের একটি অংশ নির্দিষ্ট করে জমা রাখার মাধ্যমে ধীরে ধীরে বড় তহবিল গড়ে তোলা সম্ভব।

সন্তানের পড়াশোনা, পারিবারিক প্রয়োজন কিংবা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য পরিকল্পিতভাবে অর্থ জমাতে মাসিক সঞ্চয় প্রকল্প বেছে নিতে পারেন। তবে কিস্তি জমার নিয়ম, মেয়াদ এবং কিস্তি দিতে ব্যর্থ হলে কী হবে—এসব বিষয় অ্যাকাউন্ট খোলার আগে জেনে নেওয়া উচিত।

৫. শিক্ষার্থী অ্যাকাউন্ট

শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ব্যাংকগুলো বিশেষ ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়। সাধারণত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ ধরনের হিসাব খুলতে পারে। অনেক ব্যাংকে অল্প পরিমাণ টাকা জমা দিয়েই শিক্ষার্থী অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে।

এ অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের জমানো টাকা নিরাপদে রাখতে পারে এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। ব্যাংকভেদে কম খরচে অ্যাকাউন্ট পরিচালনা, টাকা উত্তোলনের কার্ড, মুঠোফোনে লেনদেনের বার্তা এবং অনলাইন ব্যাংকিংয়ের মতো সুবিধাও পাওয়া যায়।

শিক্ষার্থী অ্যাকাউন্ট খুলতে সাধারণত জন্মনিবন্ধন সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র প্রয়োজন হয়। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকের ছবি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং নমিনির প্রয়োজনীয় তথ্য জমা দিতে হতে পারে।

অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণত অভিভাবকের মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনার নিয়ম থাকে। প্রয়োজনীয় কাগজপত্র ও অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া ব্যাংকভেদে ভিন্ন হতে পারে।

৬. স্যালারি অ্যাকাউন্ট

চাকরিজীবীদের মাসিক বেতন গ্রহণের জন্য ব্যবহৃত বিশেষ ব্যাংক হিসাবকে স্যালারি বা বেতন অ্যাকাউন্ট বলা হয়। সাধারণত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, কোম্পানি ও করপোরেট অফিস তাদের কর্মীদের বেতন সরাসরি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে এ ধরনের অ্যাকাউন্টের ব্যবস্থা করে।

স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে কর্মীরা নির্দিষ্ট সময়ে সরাসরি ব্যাংক হিসাবে বেতন পান। অনেক ব্যাংক এ ধরনের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধাও দিয়ে থাকে। যেমন—অ্যাকাউন্ট খোলার সময় ন্যূনতম জমার শর্ত শিথিল, বিনা মূল্যে চেক বই ও ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং এবং মুঠোফোনের মাধ্যমে লেনদেনের সুবিধা।

এ ছাড়া কিছু ব্যাংক বেতন অ্যাকাউন্টধারীদের ব্যক্তিগত ঋণ কিংবা অন্যান্য আর্থিক সুবিধায় বিশেষ শর্ত দিতে পারে। তবে এসব সুবিধা সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের চুক্তি এবং গ্রাহকের যোগ্যতার ওপর নির্ভর করে।

৭. প্রবাসী বাংলাদেশিদের অ্যাকাউন্ট

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের দেশে অর্থ জমা রাখা, সঞ্চয় করা এবং আর্থিক লেনদেন সহজ করতে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের প্রবাসী অ্যাকাউন্টের সুযোগ দেয়। এসব অ্যাকাউন্টের মাধ্যমে প্রবাসীরা বিদেশে অবস্থান করেও দেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারেন।

প্রবাসীদের জন্য সঞ্চয়ী, চলতি ও স্থায়ী আমানতসহ বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। ব্যাংক ও হিসাবের ধরন অনুযায়ী দেশীয় কিংবা বৈদেশিক মুদ্রায় অর্থ জমা রাখার ব্যবস্থাও থাকতে পারে। কিছু ব্যাংকে অনলাইনে আবেদন করে অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যায়।

এ ছাড়া নির্দিষ্ট কিছু প্রবাসী অ্যাকাউন্টের মাধ্যমে প্রচলিত নিয়ম ও শর্ত অনুসারে জমাকৃত অর্থ এবং মুনাফা বিদেশে ফেরত নেওয়ার সুযোগ রয়েছে। নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্টও প্রবাসীদের জন্য একটি বিশেষ ব্যবস্থা। এর মাধ্যমে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে দেশে অর্থ ব্যবহার এবং প্রয়োজনে বিদেশে অর্থ ফেরত নেওয়া যায়।

তবে প্রবাসী অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, অর্থ জমা ও উত্তোলনের নিয়ম এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের শর্ত সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বিস্তারিত জেনে নেওয়া উচিত।

অ্যাকাউন্ট খোলার আগে যা বিবেচনা করবেন

ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আগে নিজের উদ্দেশ্য পরিষ্কার করা জরুরি। নিয়মিত সঞ্চয়ের জন্য সঞ্চয়ী অ্যাকাউন্ট, ঘন ঘন ব্যবসায়িক লেনদেনের জন্য চলতি অ্যাকাউন্ট কিংবা নির্দিষ্ট মেয়াদে অর্থ জমা রাখার জন্য স্থায়ী আমানত বেছে নিতে পারেন। একইভাবে শিক্ষার্থী, চাকরিজীবী ও প্রবাসীদের জন্য রয়েছে প্রয়োজনভিত্তিক বিভিন্ন ব্যবস্থা।

অ্যাকাউন্ট খোলার আগে ন্যূনতম জমার পরিমাণ, রক্ষণাবেক্ষণ ফি, লেনদেনের চার্জ, সুদ বা মুনাফার হার এবং টাকা উত্তোলনের নিয়ম জেনে নিন। কারণ ব্যাংকভেদে এসব শর্ত ও সুবিধার পার্থক্য থাকতে পারে। সঠিক অ্যাকাউন্ট নির্বাচন করলে দৈনন্দিন লেনদেন যেমন সহজ হবে, তেমনি ভবিষ্যতের আর্থিক পরিকল্পনাও আরও গোছানোভাবে করা সম্ভব।

 

Comment / Reply From