Dark Mode
Image
  • Monday, 23 November 2026
মানুষ দেখলেই কেন মিউ মিউ করে বিড়াল?

মানুষ দেখলেই কেন মিউ মিউ করে বিড়াল?

 

মানুষ সামনে থাকলেই বেশি ‘মিউ মিউ’ করে বিড়াল, বলছে গবেষণা

বিড়াল সাধারণত মানুষের সঙ্গে যোগাযোগের সময় ‘মিউ মিউ’ শব্দ করে। তবে এই ডাক কি কেবল স্বাভাবিক অভ্যাস, নাকি এর মাধ্যমে মানুষের কাছে কোনো চাহিদা বা বার্তা পৌঁছে দিতে চায়? নতুন এক গবেষণায় দেখা গেছে, মানুষের উপস্থিতিতে বিড়ালের মিউ মিউ করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গবেষকদের ধারণা, মানুষের সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিড়াল এই শব্দ ব্যবহার করে।

‘দ্য সোশ্যাল ইউজ অব মিউ ইন দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন ক্যাটস অ্যান্ড হিউম্যানস’ শিরোনামের গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রাণীর আচরণবিষয়ক সাময়িকী অ্যানিমেল বিহেভিয়ার-এ। এতে মানুষের উপস্থিতি বিড়ালের ডাক দেওয়ার আচরণে কী ধরনের পরিবর্তন আনে, তা পর্যবেক্ষণ করা হয়েছে।

যেভাবে চালানো হয় গবেষণা

গবেষণায় অংশ নেয় ৩৮টি বিড়াল ও তাদের পরিচিত মানুষ। বিড়ালদের স্বাভাবিক আচরণ বোঝার জন্য তাদের নিজ নিজ বাড়িতে পরীক্ষা চালানো হয়। এ ক্ষেত্রে বিড়ালের পছন্দের খাবার ব্যবহার করে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করেন গবেষকেরা।

খাবার রাখা হয়েছিল এমন একটি বাক্সে, যেখান থেকে বিড়াল খাবার দেখতে ও গন্ধ নিতে পারলেও সেটি নাগালে পাচ্ছিল না। এরপর দুটি ভিন্ন পরিস্থিতিতে তাদের আচরণ পর্যবেক্ষণ করা হয়। প্রথমবার ঘরে মানুষের উপস্থিতিতে এবং দ্বিতীয়বার মানুষ ছাড়া বিড়ালগুলো কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তা নথিবদ্ধ করা হয়।

মানুষের উপস্থিতিতে বাড়ে ডাকের পরিমাণ

পরীক্ষায় দেখা যায়, মানুষ সামনে থাকলে বিড়ালগুলো তুলনামূলক বেশি মিউ মিউ করে। বিশেষ করে মানুষের দিকে তাকিয়ে থাকার সময় তাদের ডাকের প্রবণতা বেড়ে যায়। শুধু শব্দ করাই নয়, মানুষের দিকে তাকানো এবং কখনো মানুষ, আবার কখনো খাবারের বাক্সের দিকে দৃষ্টি ফেরানোর মতো আচরণও লক্ষ করেন গবেষকেরা।

অন্যদিকে, ঘরে মানুষ না থাকলে বিড়ালগুলো তুলনামূলক বেশি সময় স্থির হয়ে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকে। গবেষকদের মতে, মানুষের উপস্থিতিতে বিড়াল এমন কিছু আচরণ করে, যেগুলোর মাধ্যমে তাদের প্রয়োজন বা প্রত্যাশা মানুষের কাছে প্রকাশ পেতে পারে।

শব্দের পাশাপাশি দৃষ্টিসংকেতও ব্যবহার করে বিড়াল

গবেষণার ফলাফল ইঙ্গিত দেয়, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিড়ালের মিউ মিউ ডাকের বিশেষ ভূমিকা রয়েছে। তবে শুধু শব্দের মাধ্যমেই তারা নিজেদের চাহিদা প্রকাশ করে না। মানুষের দিকে তাকানো কিংবা মানুষ ও কাঙ্ক্ষিত বস্তুর মধ্যে বারবার দৃষ্টি ফেরানোর মতো শারীরিক সংকেতও ব্যবহার করে।

অর্থাৎ, মিউ মিউ ডাকের সঙ্গে দৃষ্টিভঙ্গি ও অন্যান্য আচরণ মিলিয়ে মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বিড়াল। এতে বোঝা যায়, মানুষের সঙ্গে মিথস্ক্রিয়ার সময় বিড়াল শব্দ ও শারীরিক ভাষা—দুই মাধ্যমই কাজে লাগায়।

 

Comment / Reply From