Dark Mode
Image
  • Thursday, 09 July 2026
মুড়ি দিয়ে বানান তুলতুলে ভাপা পিঠা

মুড়ি দিয়ে বানান তুলতুলে ভাপা পিঠা

শীতের সকাল কিংবা বিকেলের নাস্তায় ভাপা পিঠার আবেদন সবসময়ই আলাদা। সাধারণত চালের গুঁড়া দিয়ে এই পিঠা তৈরি করা হলেও, চাইলে খুব সহজেই মুড়ি ব্যবহার করেও বানানো যায় নরম, তুলতুলে ও সুস্বাদু ভাপা পিঠা। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করা সম্ভব এই ভিন্ন স্বাদের রেসিপি। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সবাইকে চমকে দিতে একবার চেষ্টা করতেই পারেন।

প্রয়োজনীয় উপকরণ

ব্যাটারের জন্য

  • মুড়ি – ২ কাপ
  • সুজি – ১/২ কাপ
  • জাল করা দুধ – ২ ও ১/২ কাপ
  • লবণ – স্বাদমতো
  • বেকিং পাউডার – ১/২ চা-চামচ

পুরের জন্য

  • কোরানো নারকেল – পরিমাণমতো
  • গুড় – স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে মুড়ি ব্লেন্ডার বা মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে নিন। এরপর একটি পাত্রে গুঁড়ো করা মুড়ি, সুজি, লবণ এবং জাল করা দুধ একসঙ্গে মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট ঢেকে রাখুন, যাতে মিশ্রণটি কিছুটা নরম ও সেট হয়ে যায়।

এদিকে একটি প্যানে কোরানো নারকেল ও গুড় একসঙ্গে জ্বাল দিয়ে সুস্বাদু পুর তৈরি করে নিন।

ব্যাটার কিছুটা ঘন হয়ে এলে এতে বেকিং পাউডার মিশিয়ে নিন। এরপর ছোট স্টিলের বাটি বা ছাঁচে হালকা তেল ব্রাশ করে প্রথমে অল্প ব্যাটার দিন। মাঝখানে নারকেল-গুড়ের পুর দিয়ে আবার ব্যাটার ঢেলে পুরটি ঢেকে দিন।

একটি কড়াই বা স্টিমারে পানি গরম করে স্ট্যান্ড বসান। এরপর বাটিগুলো সেখানে রেখে ঢাকনা দিয়ে প্রায় ৫ মিনিট ভাপে রান্না করুন।

পরিবেশন

পিঠা ভাপে হয়ে গেলে কয়েক মিনিট ঠান্ডা হতে দিন। এরপর বাটি থেকে বের করে চাইলে ওপরে সামান্য কোরানো নারকেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। চালের গুঁড়া ছাড়াই তৈরি এই মুড়ির ভাপা পিঠা স্বাদে যেমন অনন্য, তেমনি তৈরি করাও বেশ সহজ।

Comment / Reply From