Dark Mode
Image
  • Thursday, 05 February 2026
শীতে ট্রেন্ডিং কমলা চা: সহজ রেসিপিতে স্বাস্থ্য আর স্বাদ একসঙ্গে

শীতে ট্রেন্ডিং কমলা চা: সহজ রেসিপিতে স্বাস্থ্য আর স্বাদ একসঙ্গে

শীত মানেই গরম পানীয়ের হাতছানি। একঘেয়ে দুধ-চা বা লাল চায়ের বাইরে স্বাদের ভিন্নতা আনতে স্বাস্থ্যসচেতনদের নতুন পছন্দ এখন ভাইরাল কমলা চা। ভিটামিন সি–সমৃদ্ধ কমলার সঙ্গে ভেষজ উপাদানের মিশেলে তৈরি এই চা শরীরকে রাখে উষ্ণ, মনকে রাখে সতেজ।

সবচেয়ে ভালো খবর হলো—বাড়িতেই খুব সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায় এই ট্রেন্ডিং কমলা চা।

প্রয়োজনীয় উপকরণ

এক কাপ কমলা চা তৈরিতে লাগবে—

১টি টাটকা কমলা

১ চিমটি চা পাতা

১ চামচ মধু

১টি তেজপাতা

১টি এলাচ

থেতো করা ছোট ২ টুকরো দারুচিনি

যেভাবে তৈরি করবেন

কমলার পুষ্টিগুণ ঠিক রেখে এই চা তৈরি করতে হবে তিনটি ধাপে—

ধাপ ১:
একটি কমলা কেটে হাত দিয়ে রস বের করে আলাদা একটি পাত্রে রেখে দিন।

ধাপ ২:
চুলায় একটি সসপ্যানে পানি গরম করুন। পানিতে তেজপাতা, এলাচ ও থেতো দারুচিনি দিন। একবার বলগ উঠলে ১ চিমটি চা পাতা যোগ করুন। আরও দুইবার বলগ উঠলেই চুলা বন্ধ করে দিন।

ধাপ ৩:
একটি কাপে অর্ধেক পর্যন্ত কমলার রস নিন। এবার ধীরে ধীরে গরম ভেষজ পানি যোগ করুন। পছন্দসই রং এলে আর পানি যোগ করবেন না। সবশেষে মধু মিশিয়ে গরম গরম উপভোগ করুন স্বাস্থ্যকর কমলা চা।

কিছু জরুরি পরামর্শ

অনেকে কমলা চা বানাতে খোসা ব্যবহার করেন, তবে এতে চায়ে তিতা স্বাদ আসতে পারে। তাই খোসা ব্যবহার না করাই ভালো।

কমলা ও পানি একসঙ্গে ফুটিয়ে রস বের করার পদ্ধতি এড়িয়ে চলুন। এতে কমলার পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

শীতের বিকেলে কিংবা সকালের শুরুতে এই কমলা চা হতে পারে আপনার নতুন ফেভারিট পানীয়।

Comment / Reply From