সেকেন্ডে এমআরআই বিশ্লেষণ, চিকিৎসায় নতুন দিগন্ত এআই ‘প্রাইমা’
মস্তিষ্কের জটিল রোগ শনাক্ত করতে এমআরআই স্ক্যান বিশ্লেষণে চিকিৎসকদের সাধারণত বেশ সময় লাগে। প্রতিটি ইমেজ খুঁটিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সেই প্রক্রিয়াকে এনে দিয়েছে নতুন গতি। কয়েক সেকেন্ডেই ব্রেইন এমআরআই রিপোর্ট বিশ্লেষণ করতে সক্ষম একটি এআই মডেল তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।
University of Michigan–এর বিজ্ঞানীরা তৈরি করেছেন ‘প্রাইমা’ নামের একটি এআই সিস্টেম। গবেষকদের দাবি, এই মডেল মস্তিষ্কের এমআরআই স্ক্যান বিশ্লেষণে প্রায় ৯৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নির্ভুলতা দেখিয়েছে।
প্রাইমা একসঙ্গে ৫০টিরও বেশি স্নায়বিক রোগ শনাক্ত করতে পারে। এর মধ্যে রয়েছে স্ট্রোক, ব্রেইন টিউমার ও হেমোরেজের মতো গুরুতর সমস্যা। দ্রুত ও স্বয়ংক্রিয় বিশ্লেষণের মাধ্যমে এটি চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে।
এআই মডেলটি প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হয়েছে দুই লাখের বেশি বাস্তব এমআরআই স্ক্যান ও রোগীদের চিকিৎসা ইতিহাস। পরবর্তী এক বছরে বিভিন্ন হাসপাতালের প্রায় ৩০ হাজার এমআরআই স্ক্যান দিয়ে এর কার্যকারিতা যাচাই করা হয়।
গবেষণার প্রধান লেখক ও নিউরোসার্জন Todd Hollon বলেন, প্রাইমা অনেকটা ‘মেডিক্যাল ইমেজিংয়ের চ্যাটজিপিটি’র মতো কাজ করে। তাঁর মতে, বিশেষ করে যেসব গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া কঠিন, সেখানে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।
বিশ্বজুড়ে এমআরআই পরীক্ষার সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে চিকিৎসা ব্যবস্থার ওপর চাপও বৃদ্ধি পাচ্ছে। গবেষকেরা মনে করছেন, এমন এআই প্রযুক্তি দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে সেই চাপ কমাতে সহায়তা করবে। তবে তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন—এআই চিকিৎসকের বিকল্প নয়; বরং এটি চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করবে, যাতে রোগীরা দ্রুত ও যথাযথ চিকিৎসা পান।
গবেষণার বিস্তারিত ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানভিত্তিক সাময়িকী Nature Biomedical Engineering–এ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!