Dark Mode
Image
  • Wednesday, 02 September 2026
একঘেয়ে আম নয়, এবার বানান মজাদার পাকা আমের পাটিসাপটা

একঘেয়ে আম নয়, এবার বানান মজাদার পাকা আমের পাটিসাপটা

গ্রীষ্ম মানেই রসালো পাকা আমের মৌসুম। প্রতিদিন একইভাবে আম খেতে খেতে একঘেয়েমি লাগতেই পারে। চাইলে এই পরিচিত ফল দিয়েই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের দারুণ একটি ডেজার্ট— পাকা আমের পাটিসাপটা। ঐতিহ্যবাহী পাটিসাপটার সঙ্গে আমের মিষ্টি সুবাস ও স্বাদ যোগ হয়ে এটি হয়ে উঠবে পরিবারের সবার পছন্দের খাবার।

সবচেয়ে ভালো বিষয় হলো, এই রেসিপি তৈরি করতে খুব বেশি সময় বা বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণেই সহজে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু এই পাটিসাপটা।

প্রয়োজনীয় উপকরণ

ব্যাটারের জন্য

  • পাকা আম – ২টি
  • চালের গুঁড়া – ১ কাপ
  • ময়দা – আধা কাপ
  • চিনি – ¼ কাপ
  • ঘি – পরিমাণমতো

পুরের জন্য

  • আমের পাল্প – আধা কাপ
  • সুজি – ২ টেবিল চামচ
  • ঘন দুধ – ১ কাপ
  • চিনি – ২ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে পাকা আমের খোসা ও আঁটি ফেলে শাঁস ব্লেন্ড করে মসৃণ পিউরি তৈরি করুন। চাইলে আরও মিহি করতে ছেঁকে নিতে পারেন।

এরপর একটি প্যানে সামান্য ঘি গরম করে তাতে আমের পিউরি, সুজি, ঘন দুধ ও চিনি দিয়ে মাঝারি আঁচে নেড়ে ঘন পুর তৈরি করুন। পুর তৈরি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন।

এবার একটি পাত্রে চালের গুঁড়া, ময়দা, বাকি চিনি, আমের পিউরি এবং প্রয়োজনমতো দুধ একসঙ্গে মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন।

নন-স্টিক প্যানে অল্প ঘি ব্রাশ করে সামান্য ব্যাটার ঢেলে পাতলা করে ছড়িয়ে দিন। এক পাশ হালকা সেদ্ধ হলে একদিকে প্রস্তুত করা পুর রেখে আলতোভাবে রোল করে পাটিসাপটার আকার দিন।

একইভাবে বাকি ব্যাটার ও পুর দিয়ে সব পাটিসাপটা তৈরি করুন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু পাকা আমের পাটিসাপটা। চাইলে ওপর থেকে সামান্য আমের কিউব, কনডেন্সড মিল্ক বা কুচানো পেস্তা ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।

Comment / Reply From