Dark Mode
Image
  • Saturday, 01 August 2026
এশিয়ার ১০ সৈকত, যেগুলো দেখলে মুগ্ধ হবেন যে কেউ

এশিয়ার ১০ সৈকত, যেগুলো দেখলে মুগ্ধ হবেন যে কেউ

গোলাপি বালুচর থেকে ‘তারার সাগর’—এশিয়ার ১০ স্বপ্নের সৈকত

নিজস্ব প্রতিবেদক: ইতিহাস, সংস্কৃতি ও বৈচিত্র্যময় ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যেও বিশ্বের অন্যতম আকর্ষণীয় মহাদেশ এশিয়া। বিশেষ করে এখানকার সমুদ্রসৈকতগুলো একেকটি যেন প্রকৃতির অপূর্ব সৃষ্টি। কোথাও গোলাপি বালুচর, কোথাও শত মিটার উঁচু চুনাপাথরের পাহাড়, আবার কোথাও রাতের আঁধারে নীল আলোয় ঝলমল করে ওঠে পুরো সাগর। ভ্রমণপিপাসুদের জন্য রইল এশিয়ার সেরা ১০টি মনোমুগ্ধকর সৈকতের পরিচয়।

১. নাকপান বিচ, ফিলিপাইন

এল নিডোর ব্যস্ত পর্যটনকেন্দ্র থেকে দূরে অবস্থিত নাকপান বিচ শান্ত ও নিরিবিলি পরিবেশের জন্য পরিচিত। প্রায় চার কিলোমিটার দীর্ঘ সোনালি বালুচর ও সারি সারি নারকেল গাছ এই সৈকতের প্রধান আকর্ষণ।

২. ইয়োনাহা মায়াহামা বিচ, জাপান

ওকিনাওয়া প্রিফেকচারের এই সৈকত সাত কিলোমিটার দীর্ঘ সাদা বালুচর এবং স্বচ্ছ পান্না-সবুজ পানির জন্য বিখ্যাত। অনেকেই একে জাপানের সবচেয়ে সুন্দর সমুদ্রসৈকত হিসেবে বিবেচনা করেন।

৩. পিঙ্ক বিচ, ইন্দোনেশিয়া

কোমোডো দ্বীপের পিঙ্ক বিচ বিশ্বের বিরল গোলাপি বালুচরের অন্যতম। অণুজীবের লাল কণিকা ও সাদা বালুর মিশ্রণে তৈরি হয়েছে এর অনন্য গোলাপি আভা। স্নোরকেলিংয়ের জন্যও এটি অত্যন্ত জনপ্রিয়।

৪. তাঙ্গালে বিচ, শ্রীলঙ্কা

জনবহুল পর্যটনকেন্দ্রের বাইরে শান্ত পরিবেশ খুঁজলে তাঙ্গালে বিচ হতে পারে আদর্শ গন্তব্য। ভাগ্য ভালো থাকলে এখানে বিরল সামুদ্রিক কচ্ছপের দেখা মিলতে পারে।

৫. হোয়াইট বিচ, ফিলিপাইন

বোরাকে দ্বীপের এই সৈকতের সূক্ষ্ম সাদা বালু এতটাই নরম যে একে পাউডারের সঙ্গে তুলনা করা হয়। পরিবেশ সংরক্ষণের উদ্যোগের ফলে এখানকার স্বচ্ছ সমুদ্র ও পরিচ্ছন্ন পরিবেশ পর্যটকদের আরও আকৃষ্ট করছে।

৬. ভাধু আইল্যান্ড, মালদ্বীপ

দিনের চেয়ে রাতেই এই সৈকতের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। প্লাঙ্কটনের জৈব আলোক বিচ্ছুরণের কারণে ঢেউগুলো নীল তারার মতো জ্বলে ওঠে। এ কারণেই এটি ‘সি অব স্টারস’ নামে বিশ্বজুড়ে পরিচিত।

৭. মায়া বে, থাইল্যান্ড

প্রায় ১০০ মিটার উঁচু চুনাপাথরের পাহাড়ে ঘেরা মায়া বে থাইল্যান্ডের অন্যতম বিখ্যাত পর্যটনকেন্দ্র। পরিবেশ রক্ষার স্বার্থে কিছুদিন বন্ধ থাকার পর বর্তমানে সীমিত সংখ্যক দর্শনার্থীর জন্য এটি উন্মুক্ত।

৮. কেলিংকিং বিচ, ইন্দোনেশিয়া

নুসা পেনিডার কেলিংকিং বিচের পাহাড়ের আকৃতি অনেকটা টি-রেক্স ডাইনোসরের মতো। উঁচু চূড়া থেকে দেখা মনোমুগ্ধকর দৃশ্য বিশ্বের অন্যতম জনপ্রিয় ভ্রমণচিত্র হিসেবে পরিচিত।

৯. রাধানগর বিচ, ভারত

আন্দামানের এই সৈকত সবুজ বন, নীল সমুদ্র এবং নিরিবিলি পরিবেশের জন্য বিখ্যাত। প্লাস্টিক ও ইঞ্জিনচালিত যানমুক্ত হওয়ায় এটি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন সৈকতগুলোর একটি।

১০. রাইলে বিচ, থাইল্যান্ড

চারদিকে উঁচু কার্স্ট পাহাড়ে ঘেরা রাইলে বিচে পৌঁছাতে হয় নৌকায়। শান্ত পরিবেশের পাশাপাশি রক ক্লাইম্বিংয়ের জন্য এটি বিশ্বজুড়ে অ্যাডভেঞ্চারপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য।

বিশেষজ্ঞদের মতে, এশিয়ার এই সৈকতগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং পরিবেশগত বৈচিত্র্য, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণেও বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণ। ভ্রমণপ্রেমীদের ‘বাকেট লিস্টে’ এসব সৈকত সহজেই জায়গা করে নিতে পারে।

Comment / Reply From