Dark Mode
Image
  • Monday, 24 August 2026
ওটস দিয়ে বানান মচমচে চপ, রইল সহজ রেসিপি

ওটস দিয়ে বানান মচমচে চপ, রইল সহজ রেসিপি

ওটস সাধারণত স্বাস্থ্যকর নাশতা হিসেবে খাওয়া হয়। তবে প্রতিদিন একইভাবে ওটস খেতে অনেকেরই ভালো লাগে না। চাইলে পরিচিত এই উপকরণ দিয়েই তৈরি করতে পারেন মজাদার ও মচমচে ওটসের চপ। আলুর সঙ্গে ওটস ও বিভিন্ন মসলা মিশিয়ে তৈরি এই নাশতা বিকেলের আড্ডা কিংবা পরিবারের জন্য হতে পারে দারুণ একটি আয়োজন।

যা যা লাগবে

  • সেদ্ধ আলু — ৩ কাপ
  • ওটস — ২ কাপ
  • পেঁয়াজকুচি — ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচকুচি — ২ টেবিল চামচ
  • ধনেপাতাকুচি — ২ টেবিল চামচ
  • আদাকুচি — ১ চা-চামচ
  • লবণ — স্বাদমতো
  • মরিচগুঁড়া — আধা চা-চামচ
  • জিরাগুঁড়া — আধা চা-চামচ
  • গরমমসলার গুঁড়া — আধা চা-চামচ
  • লেবুর রস — ১ চা-চামচ
  • ডিম — ১টি
  • ভাজার জন্য প্রয়োজনমতো তেল

যেভাবে তৈরি করবেন

প্রথমে সেদ্ধ আলু ভালোভাবে চটকে নিন। এরপর একটি প্যানে ওটস দিয়ে অল্প আঁচে ২ থেকে ৩ মিনিট হালকা করে ভেজে নিন।

ওটস ঠান্ডা হয়ে গেলে এর কিছুটা আলাদা করে রাখুন চপের বাইরের আবরণ হিসেবে ব্যবহারের জন্য। বাকি ওটস গুঁড়া করে নিন।

এবার একটি পাত্রে চটকানো আলুর সঙ্গে গুঁড়া করা ওটস, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা ও আদাকুচি দিন। এর সঙ্গে লবণ, মরিচগুঁড়া, জিরাগুঁড়া, গরমমসলার গুঁড়া এবং লেবুর রস দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

মিশ্রণটি প্রায় ১০ মিনিট রেখে দিন। এতে ওটস আলুর অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে মিশ্রণটিকে চপ তৈরির উপযোগী করে তুলবে।

এরপর মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে গোল বা চ্যাপটা আকারে চপ তৈরি করুন। একটি বাটিতে ডিম ভালোভাবে ফেটিয়ে নিন। প্রতিটি চপ প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে এরপর আলাদা করে রাখা ওটসে গড়িয়ে নিন।

কড়াইয়ে প্রয়োজনমতো তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো ভাজুন। দুই পাশ সুন্দর সোনালি ও মচমচে হয়ে এলে তেল থেকে তুলে নিন।

গরম-গরম ওটসের চপ টমেটো সস কিংবা পুদিনা-ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন। বিকেলের নাশতায় ভিন্ন স্বাদের এই চপ সহজেই মন জয় করতে পারে।

Comment / Reply From