Dark Mode
Image
  • Friday, 24 July 2026
কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা?

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা?

গ্রীষ্ম কিংবা বর্ষা এলেই মশার উপদ্রব বেড়ে যায়। তবে অনেকেই লক্ষ্য করেন, একসঙ্গে বসে থাকলেও মশা যেন নির্দিষ্ট একজনকেই বেশি কামড়ায়। কেউ মজা করে বলেন, তার রক্ত নাকি মশার বেশি পছন্দ। কিন্তু বিজ্ঞান বলছে, এর পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব কারণ।

বিশেষজ্ঞদের মতে, মশা মানুষের রক্তের স্বাদের জন্য নয়, বরং শরীর থেকে নির্গত বিভিন্ন সংকেতের ভিত্তিতে শিকার নির্বাচন করে। কার্বন ডাই-অক্সাইড, শরীরের তাপমাত্রা, ত্বকের গন্ধ এবং জিনগত বৈশিষ্ট্য—এসবই নির্ধারণ করে কে মশার কাছে বেশি আকর্ষণীয় হবে।

কার্বন ডাই-অক্সাইড বেশি নির্গমন

সব মশা মানুষের রক্ত খায় না; শুধুমাত্র স্ত্রী মশাই ডিমের বিকাশের জন্য রক্ত সংগ্রহ করে। তারা প্রায় ১০ মিটার দূর থেকেই মানুষের নিঃশ্বাসে থাকা কার্বন ডাই-অক্সাইড শনাক্ত করতে পারে। যারা বেশি কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করেন, যেমন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, তারা মশার কাছে তুলনামূলক বেশি আকর্ষণীয়।

শরীরের তাপমাত্রা ও ঘাম

মশা শরীরের তাপ এবং আর্দ্রতার প্রতিও সংবেদনশীল। গর্ভবতী নারী, ব্যায়াম করা ব্যক্তি কিংবা শারীরিক পরিশ্রমের কারণে ঘেমে যাওয়া মানুষদের শরীর বেশি উষ্ণ থাকে। ফলে তারা সহজেই মশার লক্ষ্যবস্তু হয়ে ওঠেন।

ত্বকের গন্ধ ও অণুজীবের প্রভাব

মানুষের ত্বকে থাকা অণুজীব বিভিন্ন রাসায়নিক যৌগ তৈরি করে, যা মশাকে আকর্ষণ করে। গবেষণায় দেখা গেছে, যাদের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, তারা অন্যদের তুলনায় অনেক বেশি মশার কামড়ের শিকার হন।

জিনগত বৈশিষ্ট্যের ভূমিকা

মশা আকর্ষণ করার প্রবণতা অনেকটাই বংশগত। যমজদের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, ত্বকের গন্ধ এবং রাসায়নিক উপাদানের পার্থক্য জিনের মাধ্যমে নির্ধারিত হয়। তাই একই পরিবেশে থেকেও একজন বেশি এবং অন্যজন কম মশার কামড় খেতে পারেন।

কেন কারও বেশি চুলকায়?

সব মানুষের শরীরে মশার কামড়ের প্রতিক্রিয়া একরকম হয় না। কারও শরীরে বড় লাল চাকা ও তীব্র চুলকানি দেখা দেয়, আবার কারও ক্ষেত্রে সামান্য লাল দাগ ছাড়া তেমন কোনো উপসর্গ থাকে না। এ কারণে অনেকের মনে হয়, মশা শুধু তাকেই বেশি কামড়াচ্ছে।

মশার কামড় থেকে বাঁচতে যা করবেন

  • মশারি ব্যবহার করুন।
  • মশা প্রতিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার করুন।
  • শরীর পরিষ্কার ও শুকনো রাখুন।
  • আশপাশে জমে থাকা পানি অপসারণ করুন।
  • সন্ধ্যার পর পুরো শরীর ঢেকে রাখে এমন পোশাক পরুন।

মশা কেন একজনকে অন্যজনের তুলনায় বেশি কামড়ায়, তার পেছনে রক্তের স্বাদের চেয়ে শরীরের রাসায়নিক সংকেতই বেশি দায়ী। তাই মশার কামড় থেকে নিরাপদ থাকতে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি পরিবেশ পরিষ্কার রাখাও সমান গুরুত্বপূর্ণ।

Comment / Reply From