Dark Mode
Image
  • Friday, 28 August 2026
গাজর-ছানায় বানান নরম মজার লাড্ডু

গাজর-ছানায় বানান নরম মজার লাড্ডু

মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু প্রতিবার একই ধরনের মিষ্টি খেতে একঘেয়ে লাগছে? তাহলে ঘরেই তৈরি করে দেখতে পারেন গাজর ও ছানা দিয়ে তৈরি সুস্বাদু লাড্ডু। অল্প কয়েকটি উপকরণেই তৈরি করা যায় এই মজার মিষ্টি। গাজরের হালকা মিষ্টি স্বাদ, ছানার নরমভাব আর এলাচের সুগন্ধ লাড্ডুটিকে করে তুলবে আরও আকর্ষণীয়।

উপকরণ

  • মিহি করে গ্রেট করা গাজর — ১ কাপ
  • পানি ঝরিয়ে ভালোভাবে ময়ান করা ছানা — ১ কাপ
  • চিনি — আধা কাপ বা স্বাদ অনুযায়ী
  • ঘি — ২ টেবিল চামচ
  • গুঁড়া দুধ — সিকি কাপ
  • সবুজ এলাচের গুঁড়া — আধা চা-চামচ
  • বাদাম কুচি — ২ টেবিল চামচ, সাজানোর জন্য

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ ঘি গরম করে তাতে গ্রেট করা গাজর দিয়ে দিন। মাঝারি আঁচে ৪ থেকে ৫ মিনিট ভেজে নিন, যাতে গাজরের কাঁচা গন্ধ চলে যায়।

গাজর শুকনো মনে হলে অল্প পানি ছিটিয়ে প্যানটি ঢেকে দিন। মাঝেমধ্যে নেড়ে গাজর নরম করে নিতে হবে।

গাজর সেদ্ধ ও নরম হয়ে এলে এতে ময়ান করা ছানা ও চিনি যোগ করুন। চিনি গলে গেলে মিশ্রণটি কিছুটা পাতলা হয়ে যাবে। এবার মাঝারি থেকে কম আঁচে অনবরত নেড়ে রান্না করতে থাকুন।

মিশ্রণটি ধীরে ধীরে শুকিয়ে মাখা মাখা হয়ে এলে গুঁড়া দুধ ও এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চুলা বন্ধ করার ঠিক আগে বাকি ১ টেবিল চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিন।

মিশ্রণটি যখন প্যানের গা ছেড়ে একসঙ্গে দলার মতো হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হলে হাতে সামান্য ঘি মেখে ছোট ছোট লাড্ডু তৈরি করুন।

সবশেষে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঘরে তৈরি সুস্বাদু ছানা গাজরের লাড্ডু

Comment / Reply From