ঘরেই বানান ক্যাফে-স্টাইল কোল্ড কফি
গরমের দিনে এক গ্লাস ঠাণ্ডা কোল্ড কফি যেন মুহূর্তেই মন ভালো করে দেয়। অনেকেই বাড়িতে দুধ, কফি আর বরফ মিশিয়ে কোল্ড কফি বানানোর চেষ্টা করেন। কিন্তু বেশির ভাগ সময়ই সেই ক্যাফে বা রেস্তোরাঁর মতো ঘন, মসৃণ ও ক্রিমি স্বাদ পাওয়া যায় না। মূলত কিছু ছোট ভুলের কারণেই স্বাদে থেকে যায় পার্থক্য।
কোল্ড কফির স্বাদ নির্ভর করে দুধের ওপর
ভালো কোল্ড কফি তৈরির প্রথম শর্ত হলো ঘন দুধ ব্যবহার করা। ফ্যাটযুক্ত দুধ কিছুক্ষণ জ্বাল দিয়ে সামান্য ঘন করে নিতে পারলে স্বাদ অনেক বেড়ে যায়। তবে দুধ অবশ্যই পুরোপুরি ঠাণ্ডা হতে হবে। গরম বা হালকা গরম দুধ ব্যবহার করলে কফির আসল ফ্লেভার ঠিকভাবে আসে না।
ক্রিমি টেক্সচারের জন্য যোগ করুন আইসক্রিম
রেস্তোরাঁর কোল্ড কফির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ঘন ও মোলায়েম টেক্সচার। এই ক্রিমি ভাব আনতে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করা যেতে পারে। এতে কফির স্বাদ যেমন বাড়ে, তেমনি পানীয়টি আরও রিচ ও স্মুথ লাগে।
চাইলে আলাদা করে ফেটানো ফ্রেশ ক্রিমও যোগ করা যায়। কফির সঙ্গে এটি আবার ব্লেন্ড করলে পানীয়টি আরও ঘন ও ক্যাফে-স্টাইল হয়ে ওঠে।
সাধারণ বরফের বদলে ব্যবহার করুন কফি কিউব
অনেক সময় বরফ গলে গেলে কোল্ড কফির স্বাদ হালকা হয়ে যায়। এই সমস্যা এড়াতে আগে থেকেই ব্ল্যাক কফি বা মিল্ক কফি তৈরি করে আইস কিউব ট্রেতে জমিয়ে রাখা যেতে পারে। পরে সেই কফি কিউব ব্যবহার করলে স্বাদ নষ্ট হয় না বরং কফির ফ্লেভার আরও গাঢ় হয়।
কফি ফেটানোর কৌশলই বদলে দিতে পারে স্বাদ
সরাসরি কফি পাউডার মিশিয়ে দিলে কফির টেক্সচার তেমন ভালো হয় না। প্রথমে কফি পাউডার, চিনি ও সামান্য কুসুম গরম পানি একসঙ্গে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর ঠাণ্ডা দুধ মিশিয়ে ব্লেন্ড করতে হবে।
সবশেষে ভ্যানিলা আইসক্রিম যোগ করে আরেকবার ব্লেন্ড করলে তৈরি হবে ঘন, ফোমি ও রেস্তোরাঁ-স্টাইল কোল্ড কফি।
পরিবেশনেও আনুন ক্যাফের ছোঁয়া
পরিবেশনের সময় গ্লাসে কয়েকটি কফি কিউব দিন। ওপরে সামান্য ভ্যানিলা আইসক্রিম ও অল্প কফি পাউডার ছিটিয়ে সাজিয়ে নিলেই ঘরেই তৈরি হয়ে যাবে একদম ক্যাফে-স্টাইল কোল্ড কফি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!