Dark Mode
Image
  • Thursday, 21 May 2026
ঘরেই বানান সুগন্ধি কাশ্মীরি চিকেন বিরিয়ানি

ঘরেই বানান সুগন্ধি কাশ্মীরি চিকেন বিরিয়ানি

বিরিয়ানি মানেই যেন উৎসবের আমেজ। পরিবার কিংবা অতিথি আপ্যায়নে সুগন্ধি বিরিয়ানির কদর সবসময়ই একটু বেশি। আর স্বাদে ভিন্নতা আনতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি। বাসমতী চাল, মসলা, জাফরান আর কাজুর সমন্বয়ে তৈরি এই বিরিয়ানি যেমন সুগন্ধি, তেমনি স্বাদেও অসাধারণ।

খুব সহজ উপায়ে কীভাবে তৈরি করবেন এই বিশেষ বিরিয়ানি, চলুন জেনে নেওয়া যাক।

মাংস মেরিনেট করতে যা লাগবে

  • টক দই – ২ কাপ
  • আদা বাটা – ২ টেবিল চামচ
  • রসুন বাটা – ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া – আধা টেবিল চামচ
  • মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি – ১ কাপ
  • লেবুর রস – ২ টেবিল চামচ
  • লবণ – স্বাদমতো

বিরিয়ানি তৈরির উপকরণ

  • মুরগির মাংস – ১ কেজি
  • বাসমতী চাল – ৫০০ গ্রাম
  • দারুচিনি – ২ টুকরা
  • এলাচ – ৩ থেকে ৪টি
  • তেজপাতা – ৩টি
  • জিরা গুঁড়া – ১ টেবিল চামচ
  • ধনে গুঁড়া – ২ টেবিল চামচ
  • ঘি বা তেল – ১ কাপ
  • গরম মসলা গুঁড়া – ১ টেবিল চামচ
  • কেওড়া বা গোলাপ জল – ২ টেবিল চামচ
  • কাজু পেস্ট – আধা কাপ
  • জাফরান – আধা টেবিল চামচ
  • কিসমিস – পরিমাণমতো
  • লবণ – স্বাদমতো

যেভাবে রান্না করবেন

প্রথমে একটি বড় বাটিতে মুরগির মাংস নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ, পেঁয়াজ কুঁচি, লেবুর রস ও লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর কমপক্ষে ৩০ মিনিট ফ্রিজে রেখে মেরিনেট করুন। আরও ভালো স্বাদের জন্য সারারাত মেরিনেট করে রাখতে পারেন।

এরপর বাসমতী চাল ধুয়ে ২০ মিনিট পানি ঝরিয়ে রাখুন। একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে চাল, লেবুর রস ও সামান্য লবণ দিয়ে ৬ থেকে ৭ মিনিট সিদ্ধ করুন। চাল পুরোপুরি সিদ্ধ করা যাবে না, দুই-তৃতীয়াংশ সিদ্ধ হলেই পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।

এবার একটি প্যানে ঘি বা তেল গরম করে কিসমিস ও কাজুবাদাম হালকা ভেজে তুলে রাখুন।

একই তেলে এলাচ, দারুচিনি ও জিরা ফোড়ন দিন। এরপর মেরিনেট করা মাংস দিয়ে উচ্চ আঁচে ১০ থেকে ১২ মিনিট কষিয়ে নিন। তারপর ধনে গুঁড়া, গরম মসলা ও কাজুর পেস্ট মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।

এরপর দুই কাপ গরম পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে প্রায় ১ ঘণ্টা রান্না করুন। মাংস নরম হয়ে এলে উপরে আগে থেকে সিদ্ধ করে রাখা চাল ছড়িয়ে দিন।

সবশেষে কেওড়া জল, জাফরান, কিসমিস ও ভাজা কাজুবাদাম ছড়িয়ে ঢেকে দিন। কম আঁচে আরও ১০ থেকে ১৫ মিনিট দমে রাখুন।

ব্যাস, তৈরি হয়ে গেল সুগন্ধি ও মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি। গরম গরম পরিবেশন করুন রায়তা বা সালাদের সঙ্গে।

Comment / Reply From