Dark Mode
Image
  • Thursday, 21 May 2026
জাপানিদের ত্বক এত সুন্দর কেন? জানুন গোপন রহস্য

জাপানিদের ত্বক এত সুন্দর কেন? জানুন গোপন রহস্য

বয়স যেন শুধু সংখ্যায় সীমাবদ্ধ— জাপানিদের ত্বক দেখলে এমনটাই মনে হয়। বয়স বাড়লেও তাদের ত্বকে সহজে পড়ে না বার্ধক্যের ছাপ। উজ্জ্বল, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য বিশ্বজুড়ে জাপানিদের আলাদা পরিচিতি রয়েছে। অনেকেই ভাবেন, এটি হয়তো শুধুই জেনেটিক কারণে সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে তাদের স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্কিনকেয়ার অভ্যাস।

জাপানিদের দৈনন্দিন রুটিনে এমন কিছু অভ্যাস রয়েছে, যা শুধু শরীর নয়, ত্বককেও ভেতর থেকে সুস্থ ও তরুণ রাখে। চলুন জেনে নেওয়া যাক, কী সেই রহস্য।

সচেতন খাদ্যাভ্যাস

জাপানিরা খাবারের ক্ষেত্রে অত্যন্ত সচেতন। তারা অতিরিক্ত চিনি, প্রসেসড ফুড ও জাঙ্কফুড এড়িয়ে চলেন। কারণ এসব খাবার ত্বকের কোলাজেন ক্ষয় করে এবং দ্রুত বয়সের ছাপ ফেলে।

এর পরিবর্তে তারা খাদ্যতালিকায় রাখেন অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবার। এসব উপাদান ত্বকের কোষকে সুরক্ষা দেয় এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখতে সাহায্য করে।

গ্রীন টি পান করার অভ্যাস

গ্রীন টি জাপানি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন নিয়মিত গ্রীন টি পান শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। এতে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বার্ধক্য ধীর করে এবং ত্বককে সতেজ রাখে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত গ্রীন টি পান ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি শরীরকেও রাখে প্রাণবন্ত।

“হারা হাচি বু” টেকনিক

জাপানিদের জনপ্রিয় স্বাস্থ্যকর অভ্যাসগুলোর একটি হলো “হারা হাচি বু”। এর অর্থ হলো পেটের ৮০ শতাংশ ভরে খাওয়া।

অতিরিক্ত খাবার না খাওয়ার এই অভ্যাস শরীরকে সুস্থ রাখে, হজম ভালো করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে ত্বকেও বাড়তি মেদ বা অস্বাস্থ্যকর প্রভাব পড়ে না।

ফার্মেন্টেড খাবারের জনপ্রিয়তা

জাপানিদের খাদ্যতালিকায় ফার্মেন্টেড বা গাঁজানো খাবারের উপস্থিতি বেশ চোখে পড়ে। মিসো স্যুপ, ফার্মেন্টেড সয়া বা টকদইয়ের মতো খাবার তাদের নিয়মিত খাদ্যের অংশ।

এসব খাবারে থাকা প্রোবায়োটিক উপাদান হজমশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে দীর্ঘদিন তরুণ রাখতে সাহায্য করে।

মিষ্টি আলু ও মূলা খাওয়ার অভ্যাস

জাপানিদের খাবারে প্রায়ই দেখা যায় মিষ্টি আলু ও মূলার ব্যবহার। মিষ্টি আলুতে থাকা বিটা-ক্যারোটিন ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকর ভূমিকা রাখে।

অন্যদিকে মূলা ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

সামুদ্রিক মাছের প্রতি ঝোঁক

জাপানিরা লাল মাংসের তুলনায় বেশি খেয়ে থাকেন সামুদ্রিক মাছ। স্যামন, টুনা ও অন্যান্য সামুদ্রিক মাছ তাদের খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

এসব মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন ত্বকের কোলাজেন ধরে রাখতে সাহায্য করে, ফলে ত্বক থাকে টানটান ও মসৃণ।

পর্যাপ্ত পানি পান

ত্বককে হাইড্রেটেড রাখতে পানি পানের ওপর জাপানিরা বিশেষ গুরুত্ব দেন। পর্যাপ্ত পানি শরীরের টক্সিন দূর করে এবং ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে।

হাইড্রেটেড ত্বকে সহজে বলিরেখা পড়ে না এবং ত্বক দীর্ঘদিন উজ্জ্বল থাকে।

নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন

জাপানিদের জীবনযাপনে নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, যা ত্বকে প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দেয়।

পাশাপাশি মেডিটেশন ও রিলাক্সেশন টেকনিক মানসিক চাপ কমাতে সাহায্য করে। স্ট্রেস কম থাকলে ত্বকেও তার ইতিবাচক প্রভাব পড়ে।

নিয়মিত স্কিনকেয়ার রুটিন

জাপানিদের স্কিনকেয়ারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তিনটি বিষয়ের ওপর— ক্লেনজিং, হাইড্রেশন ও সান প্রোটেকশন।

তারা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন এবং ত্বককে সবসময় আর্দ্র রাখার চেষ্টা করেন। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা ত্বকের তারুণ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুন্দর ত্বকের আসল রহস্য

বিশেষজ্ঞদের মতে, সুন্দর ত্বকের জন্য কোনো জাদুকরী উপায় নেই। বরং নিয়মিত যত্ন, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম ও মানসিক প্রশান্তিই দীর্ঘদিন ত্বককে সুন্দর রাখার মূল চাবিকাঠি।

জাপানিদের জীবনধারার এই ছোট ছোট অভ্যাসগুলো অনুসরণ করলে আপনিও পেতে পারেন স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত ত্বক।

Comment / Reply From