১৫ বছর ধরে সমুদ্রে স্ত্রীকে খুঁজছেন স্বামী
১৫ বছর ধরে সাগরের গভীরে স্ত্রীকে খুঁজছেন ইয়াসুও, দিয়েছেন ৭৬৩ বার ডুব
কিছু অপেক্ষার শেষ হয় না, কিছু ভালোবাসা সময়ের সঙ্গে মুছেও যায় না। ২০১১ সালে জাপানের ভয়াবহ সুনামিতে স্ত্রী ইউকোকে হারানোর পর থেকে সমুদ্রের গভীরে তাঁকেই খুঁজে চলেছেন ইয়াসুও তাকামাতসু। দেখতে দেখতে কেটে গেছে ১৫ বছর। তবু স্ত্রীর সন্ধান পাওয়ার আশা ছাড়েননি তিনি। মাসে দুবার নৌকায় করে সমুদ্রে যান, পানির নিচে খোঁজেন প্রিয় মানুষটিকে। এ পর্যন্ত ৭৬৩ বার ডুব দিয়েছেন ইয়াসুও। প্রতিবারই তাঁর মনে একটাই আশা, হয়তো এবারই মিলবে হারিয়ে যাওয়া স্ত্রীর সন্ধান।
যেভাবে হারিয়ে গেলেন ইউকো
২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর আঘাত হানে ভয়াবহ সুনামি। বিশাল ঢেউ উপকূলীয় এলাকা প্লাবিত করে প্রায় ১০ কিলোমিটার ভেতর পর্যন্ত চলে যায়। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ জনপদ। প্রাণ হারান অসংখ্য মানুষ, নিখোঁজ হন হাজারো মানুষ।
সেদিন সকালে স্ত্রী ইউকোকে তাঁর কর্মস্থলে পৌঁছে দিয়েছিলেন ইয়াসুও। বিদায়ের আগে দুজনের মধ্যে কথা হয়েছিল রাতের খাবার নিয়ে। কিন্তু সেটিই যে তাঁদের শেষ কথোপকথন হয়ে থাকবে, তা কেউ ভাবেননি।
সুনামির সতর্কসংকেত বেজে ওঠার পর ইউকো তাঁর ১২ সহকর্মীকে নিয়ে একটি ভবনের ছাদে আশ্রয় নেন। সেখান থেকে স্বামীকে বার্তা পাঠিয়ে জানতে চান, তিনি নিরাপদে আছেন কি না। একই বার্তায় বাড়ি ফেরার ইচ্ছার কথাও জানান ইউকো।
স্ত্রীর বার্তা পেয়ে ইয়াসুও ভেবেছিলেন, তিনি নিরাপদে আছেন। কিন্তু পরদিন আশ্রয়কেন্দ্রে গিয়ে ইউকোকে খুঁজে পাননি। পরে জানতে পারেন, সুনামির পানিতে ভেসে গেছেন তাঁর স্ত্রী। সেই থেকে শুরু হয় প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার দীর্ঘ অপেক্ষা।
স্ত্রীকে খুঁজতে নিজেই নামলেন সমুদ্রের গভীরে
প্রথম দিকে প্রায় দুই বছর ধরে জাপানের উপকূলরক্ষী বাহিনীর ডুবুরিদের সঙ্গে নিখোঁজ মানুষ ও তাঁদের ব্যবহৃত জিনিসপত্র খোঁজার বিষয়টি দেখেছেন ইয়াসুও। কিন্তু স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে একসময় নিজেই ডুব দেওয়া শেখার সিদ্ধান্ত নেন।
ইয়াসুওর বিশ্বাস ছিল, তিনি যত দিন সমুদ্রের গভীরে খোঁজ চালিয়ে যাবেন, তত দিন স্ত্রীর সঙ্গে আবার দেখা হওয়ার একটি সম্ভাবনা থেকে যাবে। এরপর থেকে ডাইভিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিয়মিত সমুদ্রে নামতে শুরু করেন তিনি।
পানির নিচে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপের দিকে তাকালে বারবার ইউকোর কথা মনে পড়ে তাঁর। কখনো মনে হয়, এসব ধ্বংসাবশেষের মধ্যেই হয়তো কোথাও আটকে গিয়েছিলেন স্ত্রী। এমন চিন্তা তাঁকে আবেগাপ্লুত করে তোলে।
এখন পর্যন্ত ইউকোর দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে প্রচলিত নিয়মে স্ত্রীর কবরের কাছে গিয়ে শ্রদ্ধা জানানোর সুযোগও নেই ইয়াসুওর। তাঁর কাছে সমুদ্রের গভীরে ডুব দেওয়া শুধু অনুসন্ধান নয়, বরং স্ত্রীর স্মৃতির সঙ্গে সংযোগ ধরে রাখার একটি ব্যক্তিগত উপায়।
তিনি মনে করেন, বারবার সমুদ্রে নামতে নামতে ইউকো যেন তাঁর আশপাশেই আছেন, এমন অনুভূতি তৈরি হয়েছে। কবরের কাছে যাওয়ার চেয়ে এই অভিজ্ঞতা তাঁর কাছে অনেকটাই আলাদা। মনে হয়, তিনি যেন স্ত্রীর সঙ্গে দেখা করতেই সমুদ্রে যাচ্ছেন।
ধ্বংসস্তূপের মধ্যেও খুঁজে পান নতুন জীবনের গল্প
স্ত্রীকে হারানোর পরও সমুদ্রের প্রতি ঘৃণা তৈরি হয়নি ইয়াসুওর। তাঁর কাছে সমুদ্র একই সঙ্গে ভয়ংকর ও অপূর্ব সুন্দর।
পানির নিচে এখনো পড়ে রয়েছে আধভাঙা গাড়ি ও বিভিন্ন ধ্বংসাবশেষ। সময়ের ব্যবধানে এসব জায়গার কিছু অংশ কৃত্রিম প্রবালপ্রাচীরের মতো হয়ে উঠেছে। সেখানে মাছের আনাগোনা বাড়ছে, বিভিন্ন সামুদ্রিক প্রাণী আশ্রয় নিচ্ছে এবং ডিমও পাড়ছে।
ধ্বংসের চিহ্নের মধ্যেও নতুন প্রাণের উপস্থিতি ইয়াসুওকে প্রকৃতির পরিবর্তনশীলতার কথা মনে করিয়ে দেয়। একদিকে স্ত্রীর হারিয়ে যাওয়ার বেদনা, অন্যদিকে সমুদ্রের বুকে নতুন জীবনের বিকাশ—দুটি অভিজ্ঞতাই তাঁর কাছে গভীর অর্থ বহন করে।
আবার দেখা হলে স্ত্রীকে কী বলবেন?
স্ত্রীর সঙ্গে আবার দেখা হলে কী বলবেন, এমন প্রশ্নের উত্তরে কিছুটা রসিকতার সুরেই ইয়াসুও জানিয়েছেন, তাঁর ধারণা, ইউকো হয়তো প্রথমেই বলবেন, তাঁর বয়স অনেক বেড়ে গেছে।
১৫ বছর পেরিয়ে গেলেও স্ত্রীর প্রতি ভালোবাসা ও তাঁকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা কমেনি ইয়াসুওর। প্রতিবার সমুদ্রে ডুব দেওয়ার সময় তাঁর মনে একই আশা জাগে—হয়তো প্রিয় মানুষটি কোথাও কাছেই আছেন। সেই আশাকে সঙ্গী করেই আবারও সমুদ্রের গভীরে নামবেন তিনি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!