ঝকঝকে রাখুন এয়ার ফ্রায়ার
কম তেলে স্বাস্থ্যকর রান্নার জন্য বর্তমানে অনেকের রান্নাঘরে জায়গা করে নিয়েছে এয়ার ফ্রায়ার। দ্রুত রান্না ও সহজ ব্যবহারের কারণে এর জনপ্রিয়তা বাড়লেও নিয়মিত পরিষ্কার না করলে এতে জমতে পারে তেল, চর্বি ও পোড়া খাবারের কণা। ফলে একসময় দুর্গন্ধ তৈরি হওয়ার পাশাপাশি রান্নার স্বাদ ও মানও নষ্ট হতে পারে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে খুব সহজেই এয়ার ফ্রায়ারকে নতুনের মতো ঝকঝকে রাখা সম্ভব।
পরিষ্কার করার আগে যা করবেন
এয়ার ফ্রায়ার পরিষ্কার করার আগে অবশ্যই যন্ত্রটি বন্ধ করে বিদ্যুতের প্লাগ খুলে ফেলতে হবে। এরপর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা জরুরি। গরম অবস্থায় পরিষ্কার করতে গেলে হাত পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে, পাশাপাশি যন্ত্রের সংবেদনশীল অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, পরিষ্কার শুরু করার আগে ব্যবহার নির্দেশিকা একবার দেখে নেওয়া ভালো। কারণ অনেক এয়ার ফ্রায়ারে নন-স্টিক আবরণ ও বিশেষ ইলেকট্রনিক অংশ থাকে, যেগুলো ভুলভাবে পরিষ্কার করলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
বাইরের অংশ পরিষ্কার করবেন যেভাবে
প্রথমে কুসুম গরম পানিতে অল্প সাবান মিশিয়ে একটি নরম কাপড় ভিজিয়ে নিন। কাপড়টি ভালোভাবে নিংড়ে নিয়ে এয়ার ফ্রায়ারের বাইরের অংশ আলতোভাবে মুছুন। খসখসে স্ক্রাবার, শক্ত ক্লিনার বা জীবাণুনাশক স্প্রে ব্যবহার না করাই ভালো। এতে বাইরের আবরণ উঠে যেতে পারে।
যদি এয়ার ফ্রায়ারে কাচের জানালা থাকে, তাহলে কাচ পরিষ্কারের রাসায়নিক স্প্রে ব্যবহার না করাই নিরাপদ। কারণ গরম অবস্থায় এসব রাসায়নিকের অবশিষ্টাংশ থেকে দুর্গন্ধ বা ক্ষতিকর গ্যাস বের হতে পারে।
ভেতরের অংশ পরিষ্কারের নিয়ম
এয়ার ফ্রায়ারের ঝুড়ি ও ট্রে সাধারণত খুলে নেওয়া যায় এবং অনেক ক্ষেত্রে ডিশওয়াশারেও ধোয়া সম্ভব। তবে নন-স্টিক আবরণ থাকায় ধাতব চামচ বা শক্ত স্ক্রাবার ব্যবহার করা উচিত নয়।
যদি খাবার শুকিয়ে লেগে যায়, তাহলে কুসুম গরম সাবান পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর কাঠ বা প্লাস্টিকের স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করুন।
ভেতরের অংশ পরিষ্কারে ভেজা কাপড় ব্যবহার করা যায়। আর ফ্যান বা হিটিং এলিমেন্টে ময়লা জমে থাকলে শুকনো ও পরিষ্কার টুথব্রাশ দিয়ে আলতোভাবে পরিষ্কার করতে হবে।
তবে মনে রাখতে হবে, পুরো এয়ার ফ্রায়ার কখনোই পানিতে ডুবিয়ে ধোয়া যাবে না।
দুর্গন্ধ দূর করবেন যেভাবে
নতুন এয়ার ফ্রায়ার থেকে প্লাস্টিকের গন্ধ বের হলে কয়েক মিনিট খালি অবস্থায় চালিয়ে নিলেই সাধারণত সমস্যা দূর হয়ে যায়।
অন্যদিকে পোড়া বা ধোঁয়ার গন্ধ এলে বুঝতে হবে ভেতরে খাবারের কণা জমে আছে। সে ক্ষেত্রে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপরও গন্ধ থাকলে লেবুর টুকরো দিয়ে ভেতরের অংশ মুছে পরিষ্কার কাপড় দিয়ে আবার মুছে নিলে দুর্গন্ধ কমে যায়।
বাড়তি কিছু টিপস
এয়ার ফ্রায়ারে সিলিকন বা কাগজের লাইনার ব্যবহার করলে পরিষ্কার রাখা অনেক সহজ হয়। তবে খেয়াল রাখতে হবে, যেন এগুলো বাতাস চলাচলে বাধা সৃষ্টি না করে বা হিটিং এলিমেন্টের সঙ্গে লেগে না যায়।
সংরক্ষণের আগে এয়ার ফ্রায়ারের সব অংশ পুরোপুরি শুকনো আছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। ভেজা অবস্থায় ঢাকনা বন্ধ করলে দুর্গন্ধ ও জীবাণু জমার ঝুঁকি বাড়ে।
নিয়মিত যত্ন নিলে এয়ার ফ্রায়ার দীর্ঘদিন ভালো থাকবে, আর রান্নাও হবে আরও স্বাস্থ্যকর ও সুস্বাদু।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!