Dark Mode
Image
  • Wednesday, 04 February 2026
টানা তিন দিন হেঁটে মানবাকৃতির রোবটের নতুন বিশ্বরেকর্ড

টানা তিন দিন হেঁটে মানবাকৃতির রোবটের নতুন বিশ্বরেকর্ড

টানা তিন দিন বিরামহীনভাবে হাঁটে বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি মানবাকৃতির রোবট। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত এই অনন্য কৃতিত্ব অর্জন করেছে সাংহাইভিত্তিক রোবট নির্মাতা প্রতিষ্ঠান অ্যাজিবট (Agibot)–এর তৈরি রোবট এ২ (A2)।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, ১৬৯ সেন্টিমিটার উচ্চতার এ২ রোবটটি গত ১০ নভেম্বর সন্ধ্যায় চীনের পূর্বাঞ্চলীয় সুঝো শহর থেকে যাত্রা শুরু করে। মহাসড়ক ও শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে ১৩ নভেম্বর এটি সাংহাইয়ের ঐতিহাসিক ওয়াটারফ্রন্ট এলাকা বান্ডে পৌঁছায়। পুরো যাত্রায় রোবটটি একটানা ১০৬ দশমিক ২৮ কিলোমিটার (প্রায় ৬৬ মাইল) পথ অতিক্রম করে, যা মানবাকৃতির রোবটের ক্ষেত্রে প্রথমবারের মতো বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।

অ্যাজিবট কর্তৃপক্ষ জানায়, এ২ রোবটটি চলাচলের সময় সব ধরনের ট্রাফিক নিয়ম মেনে চলে এবং মহাসড়ক থেকে শুরু করে শহরের ব্যস্ত রাস্তাসহ বিভিন্ন ধরনের ভূ-পৃষ্ঠে স্বাভাবিকভাবে হাঁটতে সক্ষম হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রূপালি ও কালো রঙের এ২ রোবটটি সাইকেল আরোহী ও স্কুটারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং পরে গতি বাড়িয়ে সাংহাইয়ের আধুনিক স্কাইলাইনের সামনে বান্ড এলাকায় পৌঁছাচ্ছে।

বিশ্বজুড়ে মানবাকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে এক বিলিয়নেরও বেশি মানবাকৃতির রোবট ব্যবহৃত হতে পারে।

বৈশ্বিক রোবোটিক্স শিল্পে নেতৃত্ব অর্জনের লক্ষ্য নিয়ে চীনা সরকার দেশীয় প্রতিষ্ঠানগুলোকে মানবাকৃতির রোবট উন্নয়নে সক্রিয়ভাবে উৎসাহ দিচ্ছে। এর অংশ হিসেবে গত আগস্টে বেইজিংয়ে আয়োজন করা হয় বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেমস, যেখানে ৫ শতাধিক রোবট অ্যাথলেট বাস্কেটবলসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেয়।

অ্যাজিবট জানায়, এ২ রোবটটি মূলত গ্রাহক সেবা খাতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে চ্যাট ফাংশন, ঠোঁট নাড়ানোর সক্ষমতা এবং মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ করার প্রযুক্তি।

Comment / Reply From

You May Also Like