Dark Mode
Image
  • Thursday, 26 November 2026
ফ্রি ওয়াইফাইয়ে তথ্য চুরির ফাঁদ!

ফ্রি ওয়াইফাইয়ে তথ্য চুরির ফাঁদ!

 

ফ্রি ওয়াইফাই ব্যবহারে সাবধান, যেভাবে সুরক্ষিত রাখবেন ব্যক্তিগত তথ্য

বিমানবন্দর, রেলস্টেশন, হোটেল কিংবা ক্যাফেতে বিনা মূল্যে ওয়াইফাই ব্যবহারের সুযোগ অনেকের কাছেই বেশ সুবিধাজনক। মোবাইল ডেটা খরচ না করেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ মেলে এতে। তবে সামান্য এই সুবিধা নিতে গিয়ে অজান্তেই ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা ব্যাংকিংসংক্রান্ত তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে।

বর্তমানে যাতায়াতের পথে অফিসের কাজ, অনলাইন কেনাকাটা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসহ নানা প্রয়োজনে পাবলিক ওয়াইফাইয়ের ওপর নির্ভর করেন অনেকে। কিন্তু সব উন্মুক্ত ওয়াইফাই নেটওয়ার্ক নিরাপদ নয়। কোনো নেটওয়ার্কের নিরাপত্তাব্যবস্থা দুর্বল হতে পারে, আবার কিছু নেটওয়ার্ক তৈরি করা হয় ব্যবহারকারীর তথ্য চুরির উদ্দেশ্যে।

এনডিটিভির এক প্রতিবেদনে পাবলিক ওয়াইফাই ব্যবহারের বিভিন্ন ঝুঁকি এবং নিরাপদ থাকার উপায় তুলে ধরা হয়েছে।

ভুয়া ওয়াইফাই নেটওয়ার্কে তথ্য চুরির আশঙ্কা

পাবলিক ওয়াইফাই ব্যবহারের অন্যতম বড় ঝুঁকি হলো ভুয়া হটস্পট। সাইবার অপরাধীরা বিমানবন্দর, হোটেল কিংবা রেস্তোরাঁর অনুমোদিত ওয়াইফাইয়ের নামের সঙ্গে মিল রেখে নকল নেটওয়ার্ক তৈরি করতে পারে। ব্যবহারকারীরা আসল নেটওয়ার্ক মনে করে সেখানে সংযুক্ত হলেই তথ্য চুরির ঝুঁকিতে পড়তে পারেন।

এ ধরনের নেটওয়ার্কের মাধ্যমে অরক্ষিত ইন্টারনেট যোগাযোগ থেকে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য ও ব্যাংকিংসংক্রান্ত সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে সাইবার প্রতারণার কৌশল আরও উন্নত হওয়ায় ভুয়া নেটওয়ার্ক শনাক্ত করাও কঠিন হয়ে উঠছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কুইক হিল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা হরিশ কুমার বলেন, উন্মুক্ত ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তাঝুঁকিকে অনেক ব্যবহারকারীই যথেষ্ট গুরুত্ব দেন না।

তাঁর পরামর্শ, ওয়াইফাইয়ে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে নেটওয়ার্কের সঠিক নাম নিশ্চিত হতে হবে। পাশাপাশি পাবলিক ওয়াইফাই ব্যবহার করে ব্যাংকিং লেনদেন কিংবা সংবেদনশীল তথ্য আদান-প্রদান এড়িয়ে চলা উচিত।

পাবলিক ওয়াইফাইয়ে আর্থিক লেনদেন কতটা নিরাপদ?

পাবলিক ওয়াইফাইয়ে সাধারণ ইন্টারনেট ব্রাউজিং করা গেলেও আর্থিক লেনদেন ও গোপনীয় তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। ডেলকম টেলিসিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক রবীন্দ্র সিংয়ের মতে, অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, আর্থিক নথিপত্র কিংবা গুরুত্বপূর্ণ ই-মেইল ব্যবহারের সময় পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা ভালো।

এ ধরনের কাজে মোবাইল ডেটা অথবা নিজের ব্যক্তিগত হটস্পট ব্যবহার করা তুলনামূলক নিরাপদ। তবে সব পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কই বিপজ্জনক নয়। মূল ঝুঁকি তৈরি হয় নেটওয়ার্কের সত্যতা যাচাই না করে অপরিচিত সংযোগ ব্যবহার করলে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এমফিল্টারইটের বিজনেস ইউনিট প্রধান বরুণ গ্রোভারের মতে, বিনা মূল্যের ইন্টারনেট ব্যবহারের আড়ালে ব্যক্তিগত গোপনীয়তা হারানোর আশঙ্কা রয়েছে। চুরি হওয়া তথ্য পরবর্তী সময়ে পরিচয় জালিয়াতি, আর্থিক প্রতারণা কিংবা অনলাইন অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের কাজে ব্যবহার করা হতে পারে।

পাবলিক ওয়াইফাই ব্যবহারে নিরাপদ থাকার ৭ উপায়

পাবলিক ওয়াইফাই ব্যবহার পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই। তবে কয়েকটি সতর্কতা মেনে চললে ব্যক্তিগত তথ্য ও আর্থিক নিরাপত্তার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

১. নেটওয়ার্কের নাম যাচাই করুন

ওয়াইফাইয়ে সংযুক্ত হওয়ার আগে হোটেল, ক্যাফে কিংবা বিমানবন্দরের কর্মীদের কাছ থেকে অনুমোদিত নেটওয়ার্কের নাম জেনে নিন। শুধু পরিচিত বা প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রয়েছে বলে কোনো নেটওয়ার্কে যুক্ত হবেন না।

২. আর্থিক লেনদেন এড়িয়ে চলুন

পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট কিংবা ব্যাংক কার্ডের তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। এসব কাজের জন্য মোবাইল ডেটা অথবা ব্যক্তিগত হটস্পট ব্যবহার করুন।

৩. নির্ভরযোগ্য ভিপিএন ব্যবহার করুন

ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ইন্টারনেট যোগাযোগ এনক্রিপ্ট করতে সাহায্য করে। ফলে একই নেটওয়ার্কে থাকা অন্যদের জন্য তথ্য হাতিয়ে নেওয়া কঠিন হতে পারে। তবে ভিপিএন ব্যবহার করলেই সব ধরনের সাইবার হামলা বা প্রতারণা থেকে নিরাপদ থাকা যায় না।

৪. স্বয়ংক্রিয় ওয়াইফাই সংযোগ বন্ধ রাখুন

মোবাইল ফোন ও ল্যাপটপের অটো-কানেক্ট সুবিধা বন্ধ রাখুন। এতে আপনার অজান্তেই কোনো অপরিচিত বা ভুয়া ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার ঝুঁকি কমবে।

৫. ডিভাইসের সফটওয়্যার হালনাগাদ করুন

স্মার্টফোন, ল্যাপটপের অপারেটিং সিস্টেম এবং নিরাপত্তাসংক্রান্ত সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। এতে পরিচিত নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলা চালানোর সুযোগ কমে।

৬. দ্বিস্তরীয় পরিচয় যাচাই চালু রাখুন

অনলাইন অ্যাকাউন্টগুলোতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা দ্বিস্তরীয় পরিচয় যাচাই ব্যবস্থা চালু রাখুন। এতে পাসওয়ার্ড অন্য কারও হাতে চলে গেলেও অতিরিক্ত যাচাই ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ করা কঠিন হবে।

৭. ব্যবহার শেষে সংযোগ বিচ্ছিন্ন করুন

পাবলিক ওয়াইফাই ব্যবহার শেষে নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন। কোনো শেয়ার করা বা সর্বসাধারণের ব্যবহারের ডিভাইসে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুললে কাজ শেষে অবশ্যই লগআউট করুন।

ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিনা মূল্যের ইন্টারনেটের চাহিদাও বাড়ছে। তবে সাময়িক সুবিধার জন্য ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা উচিত নয়। বিশেষজ্ঞদের পরামর্শ, পাবলিক ওয়াইফাই সাধারণ ব্রাউজিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখা ভালো। আর্থিক লেনদেন ও গোপনীয় তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে মোবাইল ডেটা কিংবা ব্যক্তিগত হটস্পট ব্যবহার করাই তুলনামূলক নিরাপদ।

 

Comment / Reply From