Dark Mode
Image
  • Thursday, 26 November 2026
বুর্জ খলিফাকেও ছাড়াল জিটিএ সিক্সের বাজেট!

বুর্জ খলিফাকেও ছাড়াল জিটিএ সিক্সের বাজেট!

 

বুর্জ খলিফার চেয়েও বেশি ব্যয়ে তৈরি হচ্ছে জিটিএ সিক্স!

বিশ্বের সবচেয়ে আলোচিত ভিডিও গেমগুলোর একটি ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বা জিটিএ সিক্স। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষার পর গেমটি মুক্তির সময় ঘনিয়ে আসছে। নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে গেমটির। পাশাপাশি চলতি সপ্তাহ থেকেই শুরু হওয়ার কথা প্রি-অর্ডার কার্যক্রম।

তবে গেমটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এর নির্মাণ ব্যয়। বিভিন্ন গেমিং বিশ্লেষণ ও ফাঁস হওয়া তথ্যের দাবি অনুযায়ী, জিটিএ সিক্স তৈরিতে ব্যয় হতে পারে প্রায় ১৫০ থেকে ২০০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ থেকে ২৪ হাজার কোটি টাকা। যদিও রকস্টার গেমস এখনো আনুষ্ঠানিকভাবে গেমটির বাজেট প্রকাশ করেনি।

নির্মাণ ব্যয়ে ছাড়িয়ে গেছে বড় বড় চলচ্চিত্রকেও

জিটিএ সিক্সের সম্ভাব্য নির্মাণ ব্যয় ভিডিও গেমের ইতিহাসে সর্বোচ্চ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। আলোচিত এই বাজেট হলিউডের ‘অ্যাভাটার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ও ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’—এই তিনটি বড় বাজেটের চলচ্চিত্রের সম্মিলিত নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এমনকি বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণেও এর তুলনায় কম অর্থ ব্যয় হয়েছিল। ফলে একটি ভিডিও গেম তৈরিতে এত বিপুল অর্থ বিনিয়োগের বিষয়টি প্রযুক্তি ও বিনোদন জগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

১২ বছরের বেশি সময় ধরে নির্মাণকাজ

শুধু বাজেট নয়, নির্মাণকালেও বড় রেকর্ড গড়তে যাচ্ছে জিটিএ সিক্স। বুর্জ খলিফা নির্মাণে যেখানে প্রায় ছয় বছর সময় লেগেছিল, সেখানে গেমটি তৈরিতে রকস্টার গেমসের সময় লেগেছে ১২ বছরেরও বেশি।

বুর্জ খলিফা নির্মাণে হাজার হাজার শ্রমিকের পাশাপাশি ব্যবহার করা হয়েছিল বিপুল পরিমাণ কংক্রিট ও স্টিল। অন্যদিকে, জিটিএ সিক্স তৈরিতে কাজ করেছেন সফটওয়্যার প্রকৌশলী, থ্রিডি অ্যানিমেটর, ভয়েস শিল্পী ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞসহ বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীরা। গেমটির বিশাল ভার্চুয়াল জগৎ তৈরি করতে তাঁদের লিখতে হয়েছে অসংখ্য লাইনের কোড।

বাস্তব শহরের মতো ভার্চুয়াল পরিবেশ তৈরিতে বিপুল ব্যয়

গেমটির নির্মাণ ব্যয় এত বেশি হওয়ার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে এর বাস্তবধর্মী পরিবেশ ও উন্নত প্রযুক্তির ব্যবহার। ভার্চুয়াল শহরের প্রতিটি দৃশ্যকে যতটা সম্ভব বাস্তবের কাছাকাছি নিয়ে যেতে কাজ করেছেন নির্মাতারা।

গাছের পাতায় আলোর প্রতিফলন, গাড়ির কাচে ছায়ার পরিবর্তন কিংবা শহরের হাজারো মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড—সবকিছুতেই রাখা হয়েছে সূক্ষ্মতার ছাপ। এসব দৃশ্য ও চরিত্রের স্বাভাবিক আচরণ ফুটিয়ে তুলতে প্রয়োজন হয়েছে উন্নত গ্রাফিকস, জটিল প্রোগ্রামিং এবং দীর্ঘ সময়ের গবেষণার। এর পাশাপাশি বিশ্বব্যাপী গেমটির প্রচারণা ও বিপণনেও বড় অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

বড় বিনিয়োগ নিয়ে আশাবাদী নির্মাতারা

বিপুল অর্থ বিনিয়োগের পরও গেমটির বাণিজ্যিক সাফল্য নিয়ে আশাবাদী বিশ্লেষকেরা। এর অন্যতম কারণ আগের সংস্করণ ‘জিটিএ ফাইভ’-এর অভাবনীয় সাফল্য। ২০১৩ সালে মুক্তির মাত্র তিন দিনের মধ্যে গেমটি ১০০ কোটি মার্কিন ডলারের বিক্রি অর্জন করেছিল। পরবর্তী সময়ে বিভিন্ন ইন-গেম পারচেজ ও অনলাইন সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটির আয় আরও বেড়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, জিটিএ সিক্স মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা তৈরি হতে পারে। এমনকি প্রথম কয়েক দিনের বিক্রিতেই গেমটির সম্ভাব্য নির্মাণ ব্যয়ের বড় একটি অংশ উঠে আসার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে জিটিএ সিক্স এখন শুধু একটি ভিডিও গেম নয়, বরং বিনোদন ও প্রযুক্তি খাতে অন্যতম বড় বিনিয়োগের উদাহরণ হয়ে উঠেছে। মুক্তির পর এটি আগের সংস্করণের সাফল্য ছাড়িয়ে যেতে পারে কি না, সেটিই এখন গেমারদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

 

Comment / Reply From