ই-বর্জ্যেই লুকানো স্বর্ণ, উদ্ধারে নতুন প্রযুক্তি
ই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের নতুন প্রযুক্তি
পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার কিংবা সার্কিট বোর্ড—ব্যবহারের অযোগ্য হয়ে পড়লে এসব যন্ত্রাংশ সাধারণত ইলেকট্রনিক বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। অথচ এসব বর্জ্যের ভেতরেই থাকে স্বর্ণসহ নানা মূল্যবান ধাতু। এত দিন ই-বর্জ্য থেকে স্বর্ণ সংগ্রহ করতে বিষাক্ত রাসায়নিক কিংবা ব্যয়বহুল প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হতো। তবে এবার এই প্রক্রিয়াকে আরও সহজ ও পরিবেশবান্ধব করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন সংযুক্ত আরব আমিরাতের একদল গবেষক।
তাদের দাবি, ‘রিগোল্ড’ নামের এই প্রযুক্তির সাহায্যে ই-বর্জ্য প্রক্রিয়াজাত করার পর তৈরি দ্রবণ থেকে মাত্র এক ঘণ্টায় প্রায় ৯৯ শতাংশ স্বর্ণ সংগ্রহ করা সম্ভব। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা প্রায় ২১ ক্যারেট।
দুবাই ফিউচার উইকে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের নির্বাচিত ১০০টি প্রকল্পের মধ্যে প্রযুক্তিটি প্রদর্শিত হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য, জ্বালানি, সম্পদ ব্যবস্থাপনা, বর্জ্য পুনর্ব্যবহার ও নগরজীবনের বিভিন্ন সমস্যার নতুন সমাধান তুলে ধরা হয়েছে।
কীভাবে কাজ করে রিগোল্ড প্রযুক্তি?
রিগোল্ড প্রযুক্তি উদ্ভাবন করেছেন সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান গবেষক ড. নাজাত আলদাক্কা ও তাঁর গবেষক দল।
পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার এবং সার্কিট বোর্ডের মতো ইলেকট্রনিক যন্ত্রাংশে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান ধাতু থাকে। কিন্তু এসব ধাতু আলাদা করার প্রচলিত পদ্ধতিতে সায়ানাইড ও পারদের মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়। আবার কিছু পদ্ধতিতে প্রয়োজন হয় বিপুল পরিমাণ জ্বালানি। ফলে স্বর্ণ পুনরুদ্ধারের পাশাপাশি পরিবেশদূষণের ঝুঁকিও তৈরি হয়।
এই সীমাবদ্ধতা কাটাতে প্রায় দুই বছর ধরে গবেষণা করেছেন ড. আলদাক্কা ও তাঁর দল। তাঁরা তৈরি করেছেন বিশেষ ধরনের দ্বিমাত্রিক বা টুডি ছিদ্রযুক্ত উপাদান। এটি ই-বর্জ্য প্রক্রিয়াজাত করার পর তৈরি তরল দ্রবণ থেকে অন্যান্য ধাতুর তুলনায় বেছে বেছে স্বর্ণ সংগ্রহ করতে পারে।
গবেষকদের দাবি, বিশেষ এই উপাদান ও ডিভাইস ব্যবহার করে মাত্র এক ঘণ্টায় দ্রবণে থাকা স্বর্ণের প্রায় ৯৯ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এক ঘণ্টায় উদ্ধার ৫ দশমিক ২ গ্রাম স্বর্ণ
গবেষণার ফলাফলও বেশ আশাব্যঞ্জক। ড. আলদাক্কার দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষায় এক ঘণ্টায় ৫ দশমিক ২ গ্রাম স্বর্ণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন তাঁরা। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা প্রায় ২১ ক্যারেট। প্রতি গ্রাম স্বর্ণ সংগ্রহে প্রয়োজন হয়েছে মাত্র ১ কিলোওয়াট-ঘণ্টা শক্তি।
প্রযুক্তিটির অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রচলিত পদ্ধতির মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহারের প্রয়োজন হয় না। পরীক্ষায় দেখা গেছে, অন্যান্য ধাতুর তুলনায় স্বর্ণ শনাক্ত ও সংগ্রহের ক্ষেত্রে উপাদানটির নির্বাচনী সক্ষমতা এক হাজার গুণেরও বেশি। ফলে মিশ্র ধাতুর উপস্থিতিতেও এটি কার্যকরভাবে স্বর্ণ আলাদা করতে পারে।
ই-বর্জ্য পুনর্ব্যবহারে নতুন সম্ভাবনা
রিগোল্ড প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা স্বর্ণ উচ্চমূল্যের ইলেকট্রনিক পণ্য তৈরিতে আবারও ব্যবহার করা সম্ভব। এতে ইলেকট্রনিক বর্জ্যের পুনর্ব্যবহার বাড়ার পাশাপাশি নতুন স্বর্ণ উত্তোলনের জন্য খনির ওপর নির্ভরশীলতাও কমতে পারে।
তবে গবেষণাগারে পাওয়া সাফল্যকে বাণিজ্যিক উৎপাদনে রূপ দিতে এখন প্রয়োজন শিল্প পর্যায়ের উদ্যোগ। এ লক্ষ্যে একটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব খুঁজছেন ড. আলদাক্কা। তাঁর আশা, উপযুক্ত অংশীদার পাওয়া গেলে প্রযুক্তিটি বৃহৎ পরিসরে প্রয়োগ এবং বাণিজ্যিকভাবে বাজারজাত করার পথ সহজ হবে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!