Dark Mode
Image
  • Thursday, 26 November 2026
পুরোনো ল্যাপটপ কেনার আগে ৮ পরীক্ষা

পুরোনো ল্যাপটপ কেনার আগে ৮ পরীক্ষা

 

ব্যবহৃত ল্যাপটপ কেনার আগে যে ৮টি বিষয় অবশ্যই যাচাই করবেন

নতুন ল্যাপটপ কেনার তুলনায় ব্যবহৃত ল্যাপটপের দাম অনেক কম হওয়ায় অনেকেই এটির প্রতি আগ্রহী হন। বিশেষ করে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার কিংবা সীমিত বাজেটে কম্পিউটার ব্যবহার করতে চান এমন ব্যক্তিদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে। তবে কম দামে ল্যাপটপ কিনতে গিয়ে বিপাকে পড়ার আশঙ্কাও থাকে। বাইরে থেকে দেখতে ভালো হলেও যন্ত্রটির ভেতরে থাকতে পারে নানা ধরনের ত্রুটি। তাই বিক্রেতার কথার ওপর পুরোপুরি নির্ভর না করে কেনার আগে নিজেই কয়েকটি বিষয় পরীক্ষা করে নেওয়া জরুরি।

বিশেষজ্ঞ না হলেও কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে ল্যাপটপের প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, ব্যবহৃত ল্যাপটপ কেনার আগে কোন আটটি বিষয় যাচাই করবেন।

১. ল্যাপটপের বাইরের অবস্থা দেখুন

প্রথমেই ল্যাপটপের বডি ভালোভাবে পরীক্ষা করুন। কোথাও ফাটল, আঁচড়, ভাঙা অংশ কিংবা ঢিলা কব্জা রয়েছে কি না, তা খেয়াল করুন। পাশাপাশি ল্যাপটপের স্ক্রুগুলোতে খোলার বা মেরামতের কোনো চিহ্ন আছে কি না দেখুন। এসব লক্ষণ থেকে যন্ত্রটি আগে মেরামত করা হয়েছে কি না, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোনো সমস্যা চোখে পড়লে বিক্রেতার কাছে বিস্তারিত জানতে চান।

২. ডিসপ্লেতে কোনো ত্রুটি আছে কি না যাচাই করুন

ল্যাপটপের ডিসপ্লে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দায় সাদা, কালো, লালসহ কয়েকটি ভিন্ন রং প্রদর্শন করে দেখুন। এতে মরা পিক্সেল, দাগ কিংবা অস্বাভাবিক রঙের সমস্যা সহজে ধরা পড়ে। বিশেষ করে পর্দার চারপাশে অতিরিক্ত আলো ছড়িয়ে পড়ছে কি না, সেটিও পরীক্ষা করুন। ডিসপ্লেতে দৃশ্যমান কোনো ত্রুটি থাকলে কেনার আগে বিষয়টি বিবেচনায় নিন।

৩. কি-বোর্ড ও টাচপ্যাড পরীক্ষা করুন

ল্যাপটপের প্রতিটি কি-বোতাম একবার করে চাপ দিয়ে দেখুন। কোনো বোতাম কাজ করছে না, আটকে যাচ্ছে কিংবা স্বাভাবিকের তুলনায় বেশি চাপ দিতে হচ্ছে কি না, তা খেয়াল করুন। এরপর টাচপ্যাড দিয়ে কার্সর নিয়ন্ত্রণ, ক্লিক এবং দুই আঙুল দিয়ে স্ক্রল করার সুবিধা পরীক্ষা করুন। কারণ, এসব যন্ত্রাংশ নষ্ট হলে পরবর্তী সময়ে মেরামতের জন্য বাড়তি অর্থ খরচ করতে হতে পারে।

৪. ব্যাটারির স্বাস্থ্য যাচাই করুন

ব্যবহৃত ল্যাপটপের ব্যাটারি অনেক সময় আগের মতো চার্জ ধরে রাখতে পারে না। তাই কেনার আগে ব্যাটারির বর্তমান অবস্থা জেনে নেওয়া জরুরি।

উইন্ডোজ ল্যাপটপে ব্যাটারির প্রতিবেদন তৈরি করতে কমান্ড প্রম্পট বা পাওয়ারশেল খুলে নিচের কমান্ডটি লিখুন:

powercfg /batteryreport

এন্টার চাপলে ব্যাটারির একটি প্রতিবেদন তৈরি হবে। সেখানে ব্যাটারির মূল ধারণক্ষমতা (Design Capacity) এবং বর্তমানে সম্পূর্ণ চার্জে ধারণক্ষমতা (Full Charge Capacity) সম্পর্কে তথ্য পাওয়া যাবে। দুটি মান তুলনা করলে ব্যাটারির সক্ষমতা কতটা কমেছে, তা বোঝা সহজ হবে।

৫. সব পোর্ট ও সংযোগব্যবস্থা পরীক্ষা করুন

ল্যাপটপের ইউএসবি, এইচডিএমআই এবং হেডফোন পোর্টগুলো একে একে পরীক্ষা করুন। সম্ভব হলে ইউএসবি পোর্টে পেনড্রাইভ লাগিয়ে দেখুন সেটি শনাক্ত হচ্ছে কি না। পাশাপাশি ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগ ঠিকভাবে কাজ করছে কি না যাচাই করুন। চার্জার সংযুক্ত করে ল্যাপটপে চার্জ জমছে কি না এবং চার্জিং পোর্টে কোনো সমস্যা রয়েছে কি না, সেটিও পরীক্ষা করুন।

৬. এসএসডি বা হার্ডডিস্কের অবস্থা জানুন

ল্যাপটপের স্টোরেজে সমস্যা থাকলে ফাইল সংরক্ষণ, সফটওয়্যার চালানো কিংবা পুরো সিস্টেম ব্যবহারে জটিলতা তৈরি হতে পারে। তাই কেনার আগে এসএসডি বা হার্ডডিস্কের স্বাস্থ্য পরীক্ষা করুন। এ জন্য বিনা মূল্যের CrystalDiskInfo সফটওয়্যার ব্যবহার করা যায়। এর মাধ্যমে স্টোরেজের স্বাস্থ্য, তাপমাত্রা ও বিভিন্ন সতর্কতামূলক তথ্য জানা সম্ভব। স্টোরেজে সমস্যা বা সতর্কবার্তা থাকলে কেনার আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন।

৭. অতিরিক্ত গরম হওয়া ও ফ্যানের শব্দ খেয়াল করুন

ল্যাপটপ চালু করে অন্তত ১০ থেকে ১৫ মিনিট ভিডিও চালিয়ে কিংবা কিছুটা ভারী কাজ করে দেখুন। এ সময় ল্যাপটপ অস্বাভাবিক গরম হচ্ছে কি না, ফ্যান থেকে অতিরিক্ত শব্দ আসছে কি না এবং হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কি না, তা লক্ষ করুন। অতিরিক্ত তাপমাত্রা বা অস্বাভাবিক শব্দ কুলিং সিস্টেম কিংবা অন্য কোনো যন্ত্রাংশের সমস্যার ইঙ্গিত হতে পারে।

৮. প্রসেসর, র‍্যাম ও সফটওয়্যার যাচাই করুন

বিক্রেতা ল্যাপটপের যে কনফিগারেশন উল্লেখ করেছেন, সেটি বাস্তবে মিলিয়ে দেখা জরুরি। সেটিংস কিংবা সিস্টেম ইনফরমেশন অপশনে গিয়ে প্রসেসর, র‍্যাম ও স্টোরেজের তথ্য পরীক্ষা করুন। পাশাপাশি উইন্ডোজ সক্রিয় রয়েছে কি না, ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার ঠিকভাবে কাজ করছে কি না যাচাই করুন। এতে ভুল তথ্য কিংবা সফটওয়্যারসংক্রান্ত সমস্যা এড়িয়ে চলা সহজ হবে।

কেনার আগে আরও যে বিষয়গুলো মনে রাখবেন

সব পরীক্ষা শেষ করার পর ল্যাপটপের মডেল অনুযায়ী বাজারদর যাচাই করে নিন। এতে বিক্রেতার চাওয়া দাম যৌক্তিক কি না, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সম্ভব হলে কেনার সময় ক্যাশমেমো সংগ্রহ করুন এবং ওয়ারেন্টি বা ফেরত দেওয়ার সুযোগ থাকলে তার শর্ত লিখিতভাবে জেনে নিন।

এ ছাড়া ল্যাপটপের সঙ্গে আসল চার্জার দেওয়া হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি বিষয় যাচাই করে তবেই কেনাকাটা চূড়ান্ত করুন।

 

Comment / Reply From