Dark Mode
Image
  • Wednesday, 30 September 2026
তালের স্বাদে ঠান্ডা মিল্কশেক

তালের স্বাদে ঠান্ডা মিল্কশেক

তালের মৌসুম চলছে। পাকা তালের সুগন্ধ ও স্বাদে তৈরি করা যায় নানা ধরনের মজার পদ। তাল দিয়ে তৈরি করতে পারেন ঠান্ডা ও সুস্বাদু মিল্কশেকও। দুধ, ভ্যানিলা আইসক্রিম আর পাকা তালের ক্বাথের সমন্বয়ে তৈরি এই পানীয় হতে পারে গরমের দিনে পরিবারের সবার জন্য দারুণ এক আয়োজন। বাড়িতে সহজেই কীভাবে তালের মিল্কশেক তৈরি করবেন, চলুন জেনে নেওয়া যাক। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ।

উপকরণ

  • পাকা তালের ক্বাথ: ১ কাপ
  • ঠান্ডা দুধ: ২ কাপ
  • ভ্যানিলা আইসক্রিম: ১ স্কুপ
  • চিনি: ১–২ টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী
  • এলাচিগুঁড়া: ১ চিমটি
  • বরফ: ৪–৫ টুকরা
  • কোরানো নারকেল ও কনডেন্সড মিল্ক: ১ টেবিল চামচ (ঐচ্ছিক)

প্রণালি

তালের ক্বাথ তৈরি

প্রথমে পাকা তালের শাঁস ভালোভাবে চটকে নিন অথবা ব্লেন্ড করে ছেঁকে নিন। তালের আঁশ আলাদা করে ফেলুন, যাতে মিল্কশেকের মসৃণ স্বাদ ও ঘনত্ব বজায় থাকে।

মিল্কশেক তৈরি

এবার একটি ব্লেন্ডারে তালের ক্বাথ, ঠান্ডা দুধ, ভ্যানিলা আইসক্রিম, চিনি ও এলাচিগুঁড়া দিয়ে দিন। সব উপকরণ একসঙ্গে ৩০–৪৫ সেকেন্ড ব্লেন্ড করুন, যতক্ষণ না মিশ্রণটি ভালোভাবে মিশে যায়।

এরপর বরফের টুকরাগুলো যোগ করে আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করুন। চিনি প্রয়োজন অনুযায়ী কম-বেশি করতে পারেন।

পরিবেশনের পালা

তৈরি হয়ে গেলে মিল্কশেক গ্লাসে ঢেলে নিন। ওপরে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম, সামান্য কোরানো নারকেল কিংবা কনডেন্সড মিল্ক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ঠান্ডা ঠান্ডা তালের মিল্কশেক উপভোগ করতে পারেন নাশতা বা বিকেলের আড্ডায়।

Comment / Reply From