তেল ছাড়াই ১৫ মিনিটে বানান সুস্বাদু লেমন সয়ামিট
কম তেলে বা একেবারে তেল ছাড়াই সুস্বাদু খাবার তৈরি করতে চাইলে লেমন সয়ামিট হতে পারে দারুণ একটি পছন্দ। লেবুর সতেজ সুবাস, সয়াসসের হালকা স্বাদ এবং গোলমরিচের ঝাঁজে তৈরি এই খাবারটি যেমন স্বাস্থ্যকর, তেমনি পুষ্টিকরও। খুব অল্প উপকরণে এবং সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করা যায় এই ভিন্ন স্বাদের রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ
- সয়ামিট – ৩০০ গ্রাম
- পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ
- টমেটো পেস্ট – ৩ টেবিল চামচ
- আদাবাটা – ১ চা-চামচ
- লবণ – স্বাদমতো
- লেবুর খোসা কুচি – ১ চা-চামচ
- সয়াসস – ১ চা-চামচ
- কাঁচা মরিচ – ২টি
- ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়া – ১ চা-চামচ
- লেবুর রস – ১ চা-চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে সয়ামিট লবণ মেশানো পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভালোভাবে ফুলে উঠলে পানি থেকে তুলে হাত দিয়ে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন।
এরপর ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়া ও লেবুর রস ছাড়া বাকি সব উপকরণ সয়ামিটের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি প্যানে বা হাঁড়িতে দিন।
মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করার আগে ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়া এবং লেবুর রস ছড়িয়ে দিন।
গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর ও সুস্বাদু তেলবিহীন লেমন সয়ামিট। চাইলে এটি ভাত, রুটি কিংবা সালাদের সঙ্গেও পরিবেশন করতে পারেন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!