থাই স্বাদে ঝাল রেড কারি মোমো
মোমো এখন শুধু রেস্তোরাঁয় নয়, ঘরেও বেশ জনপ্রিয়। স্টিম মোমোর সঙ্গে যদি যোগ হয় থাই রেড কারির ঝাল-মশলাদার স্বাদ, তাহলে তৈরি হতে পারে একেবারে ভিন্নধর্মী একটি পদ। নারকেলের দুধে তৈরি ঘন ও সুগন্ধি কারির সঙ্গে নরম মোমো—দুপুরের খাবার কিংবা বিকেলের নাশতায় হতে পারে দারুণ আয়োজন।
ঘরে তৈরি মোমো থাকলে এই পদটি তৈরি করাও বেশ সহজ। চাইলে বাজার থেকে আনা স্টিম মোমো দিয়েও বানানো যায়। জেনে নিন রেড কারি মোমোর সহজ রেসিপি।
যেসব উপকরণ লাগবে
- স্টিম মোমো — ১০ থেকে ১২টি
- তেল — ১ টেবিল চামচ
- পেঁয়াজ — ১টি, স্লাইস করা
- থাই রেড কারি পেস্ট — ২ টেবিল চামচ
- নারকেলের দুধ — ১ ক্যান
- লেমনগ্রাস — ১টি ছোট টুকরা
- বেসিল — পছন্দমতো
- ব্রাউন সুগার — আধা চা-চামচ
- তিলের তেল — আধা চা-চামচ
- লেবুর রস — আধা চা-চামচ
- লবণ — স্বাদমতো
- গোলমরিচের গুঁড়া — স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে মোমো প্রস্তুত করে নিন। কিমা বা সবজির পুর দিয়ে ঘরে মোমো তৈরি করলে সেগুলো ভালোভাবে স্টিম করে নিতে হবে। সময় বাঁচাতে চাইলে বাজার থেকে কেনা মোমোও ব্যবহার করতে পারেন। সেগুলোও আগে স্টিম বা সেদ্ধ করে আলাদা করে রাখুন।
এবার কারি তৈরির জন্য একটি প্যানে তেল গরম করুন। এতে স্লাইস করা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে থাই রেড কারি পেস্ট যোগ করুন। কয়েক মিনিট ভালোভাবে নেড়ে কষিয়ে নিন, যাতে কারি পেস্টের কাঁচা গন্ধ চলে যায় এবং মসলা থেকে সুন্দর ঘ্রাণ বের হয়।
এরপর প্যানে নারকেলের দুধ ও ছোট টুকরা করা লেমনগ্রাস দিয়ে দিন। মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন। এবার বেসিল, ব্রাউন সুগার, তিলের তেল ও লেবুর রস যোগ করুন। স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচের গুঁড়াও মিশিয়ে দিন।
কারি কিছুক্ষণ ফুটতে দিন। সস ধীরে ধীরে ঘন হয়ে এলে স্বাদ দেখে প্রয়োজন অনুযায়ী লবণ বা অন্য উপকরণ সামান্য বাড়িয়ে নিতে পারেন।
সবশেষে আগে থেকে স্টিম করে রাখা মোমোগুলো কারির মধ্যে দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করুন। এতে মোমোগুলো কারির স্বাদ ভালোভাবে শুষে নেবে।
পরিবেশনের সময় প্রথমে পাত্রে ঘন রেড কারি ঢেলে তার ওপর মোমোগুলো সাজিয়ে দিন। ওপরে পছন্দমতো বেসিল বা অন্যান্য হার্বস ছড়িয়ে পরিবেশন করুন।
ঝাল, মশলা ও নারকেলের দুধের মসৃণ স্বাদের এই রেড কারি মোমো একঘেয়ে স্টিম মোমোর স্বাদে আনতে পারে দারুণ পরিবর্তন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!