Dark Mode
Image
  • Sunday, 10 May 2026
ধোঁয়াটে স্বাদে অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি

ধোঁয়াটে স্বাদে অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি

মধ্যপ্রাচ্যের খাবারের স্বাদে আলাদা এক রাজকীয়তা থাকে। আর সেই স্বাদের অন্যতম জনপ্রিয় পদ হলো অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি। সুগন্ধি বাসমতী চাল, বিশেষ মসলা, জাফরান আর স্মোকি ফ্লেভারের মিশেলে তৈরি এই বিরিয়ানি সহজেই জমিয়ে তুলতে পারে পারিবারিক আয়োজন কিংবা বিশেষ দিনের খাবারের টেবিল।

চলুন জেনে নেওয়া যাক ঘরেই কীভাবে তৈরি করবেন রেস্টুরেন্ট-স্টাইল অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি।

মুরগি ম্যারিনেট করার উপকরণ

  • আস্ত মুরগি – ১টি
  • আদাবাটা – ১ টেবিল চামচ
  • রসুনবাটা – দেড় চা–চামচ
  • ধনেগুঁড়া – ১ চা–চামচ
  • জিরাগুঁড়া – ১ চা–চামচ
  • গোলমরিচগুঁড়া – সিকি চা–চামচ
  • এলাচি – ৫টি
  • দারুচিনি – ২ টুকরা
  • লবঙ্গ – ৩টি
  • হলুদগুঁড়া – আধা চা–চামচ
  • লাল মরিচগুঁড়া – আধা চা–চামচ
  • জাফরান – ১ চিমটি
  • ধনেপাতাকুচি – সিকি কাপ
  • কাঁচা মরিচ – ৪টি
  • কাজু ও কাঠবাদাম – ৫টি
  • পেঁয়াজকুচি – ৩ টেবিল চামচ
  • কমলার খোসা কোরানো – আধা চা–চামচ
  • লেবুর রস – ২ টেবিল চামচ
  • অলিভ অয়েল – সিকি কাপ

মুরগি ম্যারিনেট করার প্রণালি

অলিভ অয়েল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার সেই মসলা পুরো মুরগিতে ভালোভাবে মাখিয়ে কমপক্ষে ৫ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এরপর বিরিয়ানির হাঁড়িতে অলিভ অয়েল গরম করে মুরগিটি মসলা থেকে আলাদা করে নিয়ে হালকা আঁচে চারদিক লালচে করে ভেজে তুলে রাখুন।

বিরিয়ানির উপকরণ

  • বাসমতী চাল – ২ কাপ
  • চিকেন স্টক – ৫ কাপ
  • পেঁয়াজকুচি – সিকি কাপ
  • টমেটোকুচি – সিকি কাপ
  • এলাচি – ৩টি
  • দারুচিনি – ২ টুকরা
  • লবঙ্গ – ২টি
  • তেজপাতা – ২টি
  • স্টার অ্যানিস – ১টি
  • লবণ – স্বাদমতো
  • কাঁচা মরিচকুচি – ১ টেবিল চামচ
  • কাঠবাদাম ও পেস্তাকুচি – ৩ টেবিল চামচ
  • কয়লা – ২ টুকরা

বিরিয়ানি তৈরির প্রণালি

মুরগি ভাজার পর একই হাঁড়িতে আস্ত গরমমসলার ফোড়ন দিন। এরপর পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। টমেটোকুচি, কাঁচা মরিচকুচি এবং ম্যারিনেশনের বাকি মসলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

এরপর ধোয়া বাসমতী চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চিকেন স্টক ঢেলে দিন। ঢেকে মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট রান্না করুন।

চাল ৮০ শতাংশ সেদ্ধ হয়ে এলে ওপরে ভেজে রাখা মুরগিটি বসিয়ে দিন। এরপর কম আঁচে আরও ৫ মিনিট দমে রাখুন।

এবার আলাদা করে কয়লা গরম করুন। বিরিয়ানির ওপরে বাদাম ছড়িয়ে একটি ছোট স্টিলের বাটিতে গরম কয়লা রেখে সামান্য তেল ঢেলে দিন। সঙ্গে সঙ্গে হাঁড়ির ঢাকনা লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। এতে বিরিয়ানিতে দারুণ স্মোকি ফ্লেভার আসবে।

শেষে কয়লার বাটি সরিয়ে বিরিয়ানি ঢেকে রাখুন পরিবেশনের আগ পর্যন্ত।

পরিবেশন টিপস

গরম গরম অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি পরিবেশন করতে পারেন বোরহানি, সালাদ কিংবা রায়তার সঙ্গে। বিশেষ দিনের মেনুতে এই বিরিয়ানি সহজেই যোগ করবে ভিন্ন মাত্রা।

Comment / Reply From