প্রাকৃতিক যত্নেই ধরে রাখুন ত্বকের তারুণ্য
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে পরিবর্তন আসা একেবারেই স্বাভাবিক। সময়ের সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেন নামের গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎপাদন কমে যায়। এর ফলেই ত্বক তার স্বাভাবিক স্থিতিস্থাপকতা হারাতে শুরু করে, দেখা দেয় বলিরেখা ও রিঙ্কেলস। তবে শুধু বয়স নয়—অস্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম ও সূর্যের ক্ষতিকর রশ্মিও অল্প বয়সেই ত্বকের বয়স বাড়িয়ে দিতে পারে।
অনেকেই এ সমস্যা সমাধানে কেমিক্যালযুক্ত প্রসাধনী বা ব্যয়বহুল চিকিৎসার আশ্রয় নেন। কিন্তু চাইলে কিছু সহজ প্রাকৃতিক অভ্যাস মেনে চলেই ত্বকের তারুণ্য অনেকদিন ধরে রাখা সম্ভব।
নিয়মিত ময়শ্চারাইজিং জরুরি
ত্বক শুষ্ক হলে বলিরেখা দ্রুত দেখা দেয়। তাই প্রতিদিন ত্বকে তেল বা ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। নারকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল কিংবা আর্গন অয়েল ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে এবং বয়সের ছাপ পড়তে বাধা দেয়।
পর্যাপ্ত পানি পান করুন
ত্বকের ভেতর থেকে আর্দ্রতা বজায় রাখতে প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করা জরুরি। পানি শরীর থেকে টক্সিন বের করে দেয়, মৃত কোষ দূর করে এবং ত্বককে রাখে নরম ও উজ্জ্বল।
সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন
ত্বকের সুস্থতার জন্য খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন সি ও ই, অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ফল, শাক-সবজি, বাদাম ও মাছ রাখুন। এগুলো কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের বয়সজনিত ভাঁজ কমাতে সাহায্য করে।
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা
সরাসরি রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন নষ্ট করে দেয়, যার ফলে ত্বকে দ্রুত বলিরেখা দেখা দেয়।
ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ
প্রতিদিন পর্যাপ্ত ও গভীর ঘুম ত্বককে পুনরুজ্জীবিত করে। পাশাপাশি মানসিক চাপ কমাতে পারলে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে এবং বলিরেখার প্রবণতা কমে।
প্রাকৃতিক ফেস মাস্কের ব্যবহার
মধু, অ্যালোভেরা জেল, দই বা নারকেল দুধ দিয়ে তৈরি ফেস মাস্ক সপ্তাহে ২–৩ বার ব্যবহার করলে ত্বক থাকে নরম ও টানটান।
নিয়মিত ব্যায়াম ও মুখের ব্যায়াম
ব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, যা ত্বককে সতেজ রাখে। পাশাপাশি মুখের ব্যায়াম মুখের পেশিকে টোন করে, কোলাজেন উৎপাদন বাড়ায় এবং বলিরেখা কমাতে সাহায্য করে।
প্রাকৃতিক এই অভ্যাসগুলো নিয়মিত মেনে চললে কেমিক্যাল ছাড়াই ত্বক থাকবে স্বাস্থ্যোজ্জ্বল ও তারুণ্যে ভরপুর।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!