ফ্রিজে নয়, এভাবেই দীর্ঘদিন ভালো রাখুন পাকা আম
গ্রীষ্মকাল মানেই রসালো ও সুগন্ধি আমের মৌসুম। বাজারে এখন হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি-সহ বিভিন্ন জাতের আমের সমারোহ। তবে অনেকেই আম কিনে সরাসরি ফ্রিজে রেখে দেন, যা ফলটির স্বাদ ও গুণগত মান নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, কাঁচা বা আধাপাকা আম কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। কারণ, অতিরিক্ত ঠান্ডা পরিবেশ আমের স্বাভাবিক পাকার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এতে আমের প্রাকৃতিক মিষ্টতা, সুগন্ধ ও স্বাদ কমে যেতে পারে।
আম সংরক্ষণের ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে আমের পাকার অবস্থা। বাজার থেকে খুব বেশি পাকা আম না কিনে হালকা শক্ত বা সদ্য পাকা আম নির্বাচন করা ভালো। এতে আম কিছুদিন স্বাভাবিকভাবেই ভালো থাকে এবং ধীরে ধীরে পরিপক্ব হয়।
আম দ্রুত ও স্বাভাবিকভাবে পাকানোর জন্য কাগজে মুড়িয়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা যেতে পারে। এ সময় আম থেকে নির্গত প্রাকৃতিক গ্যাস ফলটিকে সমানভাবে পাকতে সাহায্য করে। পাশাপাশি এমন স্থানে আম রাখতে হবে, যেখানে সরাসরি রোদ পড়ে না এবং পর্যাপ্ত বাতাস চলাচল করে।
তবে আম সম্পূর্ণ পেকে গেলে ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। আম হালকা নরম হয়ে গেলে এবং বোঁটার কাছ থেকে মিষ্টি ঘ্রাণ বের হলে বুঝতে হবে এটি খাওয়ার উপযোগী হয়েছে। তখন ফ্রিজে রাখলে কয়েকদিন পর্যন্ত আমের সতেজতা ও স্বাদ অনেকটাই বজায় থাকে।
বিশেষজ্ঞদের পরামর্শ, আমের প্রকৃত স্বাদ উপভোগ করতে হলে পাকার আগে ফ্রিজে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করাই সবচেয়ে ভালো পদ্ধতি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!