বিশ্বের সবচেয়ে বেশি পোষা বিড়াল আছে যে ১০ দেশে
বিশ্বের সবচেয়ে বেশি পোষা বিড়াল আছে যে ১০ দেশে
বর্তমান বিশ্বে কুকুরের পাশাপাশি বিড়ালও অন্যতম জনপ্রিয় গৃহপালিত প্রাণী। সঙ্গী হিসেবে, ইঁদুর নিয়ন্ত্রণে কিংবা শুধুই ভালোবাসার টানে কোটি কোটি মানুষ বিড়াল পালন করেন। বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস ও জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে বিড়াল পালনের ঐতিহ্য।
বিশ্বজুড়ে পোষা বিড়ালের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় রয়েছে চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও ইউক্রেনও।
১. যুক্তরাষ্ট্র
বিশ্বে সবচেয়ে বেশি পোষা বিড়াল রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বর্তমানে প্রায় ৭ কোটি ৪২ লাখ পোষা বিড়াল রয়েছে। ধারণা করা হয়, সপ্তদশ শতকে ইউরোপীয় বসতি স্থাপনকারীদের হাত ধরেই সেখানে গৃহপালিত বিড়ালের প্রচলন শুরু হয়।
২. চীন
চীনে বর্তমানে প্রায় ৫ কোটি ৩১ লাখ পোষা বিড়াল রয়েছে। প্রায় ৬০০ খ্রিস্টাব্দ থেকে বিড়াল সেখানে গৃহপালিত প্রাণী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। সিল্ক রোডের বণিকদের মাধ্যমে বিড়ালের বিস্তার ঘটে বলে ধারণা করা হয়।
৩. রাশিয়া
রাশিয়ায় পোষা বিড়ালের সংখ্যা প্রায় ২ কোটি ৩১ লাখ। দেশটির কিছু বিড়াল স্থানীয় জাতের হলেও অনেক জাতই ভাইকিং ও প্রাচীন বাণিজ্যপথের মাধ্যমে সেখানে পৌঁছায়।
৪. জার্মানি
জার্মানিতে বর্তমানে প্রায় ১ কোটি ৫২ লাখ পোষা বিড়াল রয়েছে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমানদের মাধ্যমে সেখানে বিড়ালের আগমন ঘটে বলে ইতিহাসবিদদের ধারণা। শুরুতে ইঁদুর দমনের কাজে ব্যবহৃত হলেও পরে এটি জনপ্রিয় গৃহপালিত প্রাণীতে পরিণত হয়।
৫. ফ্রান্স
ফ্রান্সে বর্তমানে প্রায় ১ কোটি ৪৯ লাখ পোষা বিড়াল রয়েছে। তিন হাজার বছর আগে গ্রিক ও ফিনিশীয় ব্যবসায়ীদের মাধ্যমে বিড়াল সেখানে পরিচিত হয়। 'শার্ত্রো' ফ্রান্সের নিজস্ব বিড়ালের অন্যতম পরিচিত জাত।
৬. ব্রাজিল
ব্রাজিলে বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখ পোষা বিড়াল রয়েছে। দেশটিতে 'ব্রাজিলিয়ান শর্টহেয়ার' প্রথম স্বীকৃত গৃহপালিত বিড়ালের জাত হিসেবে পরিচিত।
৭. যুক্তরাজ্য
যুক্তরাজ্যে পোষা বিড়ালের সংখ্যা প্রায় ১ কোটি ২২ লাখ। ৪৩ খ্রিস্টাব্দে রোমানদের ব্রিটেন দখলের সময় বিড়ালের আগমন ঘটে বলে ধারণা করা হয়।
৮. ইতালি
ইতালিতে বর্তমানে প্রায় ১ কোটি ৫ লাখ পোষা বিড়াল রয়েছে। প্রাচীন মিসর ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকেই সেখানে বিড়াল পৌঁছাতে শুরু করে।
৯. জাপান
জাপানে বর্তমানে প্রায় ৯৬ লাখ পোষা বিড়াল রয়েছে। ধারণা করা হয়, ষষ্ঠ শতকে চীন ও কোরিয়া থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ও ব্যবসায়ীদের মাধ্যমে বিড়াল জাপানে প্রবেশ করে।
১০. ইউক্রেন
ইউক্রেনে বর্তমানে প্রায় ৭৯ লাখ পোষা বিড়াল রয়েছে। গ্রিক, রোমান ও ভাইকিংদের অভিযান এবং বসতি স্থাপনের মাধ্যমে বিভিন্ন সময়ে দেশটিতে গৃহপালিত বিড়ালের আগমন ঘটে।
বিশ্বের বিভিন্ন দেশে বিড়াল শুধু পোষা প্রাণীই নয়, বরং মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে বিড়ালপ্রেমীদের সংখ্যাও, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশে গৃহপালিত বিড়ালের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!