Dark Mode
Image
  • Thursday, 06 August 2026
বৃষ্টির বিকেলে এক ঠোঙা ঝালমুড়ি, মন ভালো করার সহজ রেসিপি

বৃষ্টির বিকেলে এক ঠোঙা ঝালমুড়ি, মন ভালো করার সহজ রেসিপি

বৃষ্টির টুপটাপ শব্দ, এক কাপ গরম চা আর সঙ্গে এক ঠোঙা ঝালমুড়ি—এই দৃশ্য যেন বাঙালির আবেগেরই অংশ। বর্ষার বিকেলে মচমচে মুড়ি, সরিষার তেলের ঝাঁজ আর টক-ঝাল-মসলার স্বাদ মুহূর্তেই মনকে চাঙা করে তোলে। শুধু স্বাদের জন্যই নয়, ঝালমুড়ির সঙ্গে জড়িয়ে আছে শৈশবের স্মৃতি, আড্ডা আর নস্টালজিয়ার এক অনন্য অনুভূতি।

মনোবিজ্ঞানীদের মতে, বৃষ্টির দিনে অনেকের মন কিছুটা অলস ও বিষণ্ন হয়ে পড়ে। এ সময় ঝাল, টক ও মসলাদার খাবার মস্তিষ্কে আনন্দদায়ক অনুভূতি তৈরি করতে সাহায্য করতে পারে। ঝালমুড়ির ঝাঁজালো স্বাদ শরীরে ‘ফিল-গুড’ হরমোন এন্ডোরফিন নিঃসরণে ভূমিকা রাখতে পারে, যা মনকে কিছুটা সতেজ অনুভব করায়।

তাই বর্ষার বিকেলে বাইরে না গিয়ে খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন দোকানের মতো সুস্বাদু ঝালমুড়ি।

ঝালমুড়ি তৈরির প্রয়োজনীয় উপকরণ

  • টাটকা মচমচে মুড়ি – ২ কাপ
  • পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
  • শসা কুচি – ২ টেবিল চামচ
  • টমেটো কুচি (বীজ ফেলে) – ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
  • চানাচুর – ২ টেবিল চামচ
  • সিদ্ধ আলু (ছোট কিউব) – ১টি
  • সেদ্ধ ছোলা – ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুচি – ১টি
  • সরিষার তেল – ১ চা চামচ
  • লেবুর রস – ১ চা চামচ
  • লবণ – স্বাদমতো
  • ঝালমুড়ির বিশেষ মসলা – ১ চা চামচ

ঝালমুড়ির বিশেষ মসলা তৈরির উপকরণ

  • শুকনো মরিচ – ৪ থেকে ৫টি
  • ধনে – ১ চা চামচ
  • জিরা – আধা চা চামচ
  • জোয়ান অথবা কালোজিরা – এক-চতুর্থাংশ চা চামচ
  • বিট লবণ – ১ চা চামচ
  • গোলমরিচ – ৮ থেকে ১০টি

মসলা তৈরির পদ্ধতি

সব উপকরণ হালকা আঁচে শুকনো ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিন। এরপর একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। এই মসলা শুধু ঝালমুড়ি নয়, বিভিন্ন স্ন্যাকসেও ব্যবহার করা যাবে।

ঝালমুড়ি তৈরির সহজ পদ্ধতি

একটি বড় পাত্রে প্রথমে মুড়ি নিন। এরপর পেঁয়াজ, শসা, টমেটো, সিদ্ধ আলু, সেদ্ধ ছোলা ও ধনেপাতা যোগ করুন।

এরপর চানাচুর, কাঁচামরিচ, লবণ, বিশেষ মসলা, সরিষার তেল এবং লেবুর রস দিয়ে সব উপকরণ আলতোভাবে ভালো করে মিশিয়ে নিন।

ঝালমুড়ি সবসময় পরিবেশনের ঠিক আগে মিশিয়ে নেওয়া উচিত। এতে মুড়ি দীর্ঘ সময় মচমচে থাকে এবং স্বাদও অটুট থাকে।

আরও সুস্বাদু করার টিপস

  • সবসময় টাটকা ও মচমচে মুড়ি ব্যবহার করুন।
  • সরিষার তেল অবশ্যই খাঁটি হলে স্বাদ আরও ভালো হবে।
  • পরিবেশনের সময় সামান্য ভাজা চিনাবাদাম বা ভাজা নারকেল কুচি যোগ করলে স্বাদ আরও বেড়ে যায়।
  • ঝাল পছন্দ হলে বাড়তি কাঁচামরিচ বা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন।

বর্ষার বিকেলে এক কাপ গরম চায়ের সঙ্গে এই ঘরোয়া ঝালমুড়ি মুহূর্তেই আড্ডাকে করে তুলবে আরও জমজমাট।

Comment / Reply From