Dark Mode
Image
  • Thursday, 05 February 2026
ব্যবহৃত মোবাইল বিক্রির আগে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক: জানুন পদ্ধতি

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক: জানুন পদ্ধতি

ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি ২০২৬ থেকে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেমটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়েছে।

এই ব্যবস্থার আওতায় দেশের নেটওয়ার্কে সচল সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে। ফলে এখন থেকে নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইল ফোনে সিম পরিবর্তন, অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া কিংবা বিক্রির আগে অবশ্যই সেই হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন করতে হবে।

অর্থাৎ, এনআইডির সঙ্গে যুক্ত হ্যান্ডসেটের নিবন্ধন বাতিল বা অবমুক্ত না করলে ফোন হস্তান্তর আইনসম্মত হবে না। এ প্রক্রিয়া সম্পন্ন করতে সিম কেনার সময় ব্যবহৃত এনআইডি বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে। নিবন্ধিত ফোন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে এখন থেকে এই নিয়ম অনুসরণ বাধ্যতামূলক।

যেভাবে করবেন নিবন্ধিত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন

১. সিটিজেন পোর্টালের মাধ্যমে
বিটিআরসির এনইআইআর পোর্টাল (neir.btrc.gov.bd)–এ প্রবেশ করে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে সংশ্লিষ্ট ডিভাইস নির্বাচন করে ‘ডি-রেজিস্টার’ অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই প্রক্রিয়া সম্পন্ন হবে।

২. ইউএসএসডি কোড ব্যবহার করে
মোবাইলের কল অপশনে গিয়ে ডায়াল করুন *১৬১৬১#। এরপর ডি-রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করলেই নিবন্ধন বাতিল করা যাবে।

তবে ডি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যে সিমটি ফোনে ব্যবহার করা হচ্ছে, সেটি অবশ্যই গ্রাহকের নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেটের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বরও দিতে হবে।

ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত জানতে বিটিআরসির ওয়েবসাইট ভিজিট করার পাশাপাশি বিটিআরসির কল সেন্টার (১০০) অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Comment / Reply From

You May Also Like