Dark Mode
Image
  • Wednesday, 25 March 2026
ব্রাহমা মুরগিতে সাফল্য, জোড়ার দাম ২৫ হাজার টাকা

ব্রাহমা মুরগিতে সাফল্য, জোড়ার দাম ২৫ হাজার টাকা

দেশে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে উন্নত জাতের ব্রাহমা মুরগি পালন। নরসিংদীর পলাশ উপজেলার কৃষক কাশেম মিয়া এই মুরগির খামার গড়ে তুলে ইতোমধ্যেই দারুণ সাফল্য পেয়েছেন। বর্তমানে তার খামারে উৎপাদিত এক জোড়া ব্রাহমা মুরগি ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এমনকি এই মুরগির এক হালি ডিমের দামও পৌঁছেছে প্রায় ২,৪০০ টাকায়।

জানা যায়, ব্রাহমা জাতের মুরগি একসময় আমেরিকায় মাংসের প্রধান উৎস হিসেবে পরিচিত ছিল। ১৮৫০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত এই মুরগির ব্যাপক চাহিদা ছিল। প্রাপ্তবয়স্ক একটি ব্রাহমা মুরগির ওজন সাধারণত ৭ থেকে ৮ কেজি হয়ে থাকে, যা দেশি মুরগির তুলনায় অনেক বেশি।

কাশেম মিয়া জানান, প্রথমদিকে তিনি টার্কি মুরগি পালন করতেন। পরে ইউটিউবে ব্রাহমা মুরগি দেখে আগ্রহ তৈরি হয়। শুরুতে দেশের আবহাওয়ায় এই জাতের মুরগি পালন সম্ভব কিনা তা নিয়ে সংশয়ে থাকলেও পরে বুঝতে পারেন, সাধারণ মুরগির মতোই এগুলো পালন করা যায়।

২০১৭ সালে প্রবাসী বন্ধুর সহায়তায় রোমানিয়া থেকে প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে ৫ জোড়া ব্রাহমা মুরগি আমদানি করেন তিনি। এরপর ইনকিউবেটর মেশিনে ডিম ফুটিয়ে ধীরে ধীরে খামারের পরিধি বাড়ান। গত পাঁচ বছরে তার খামার থেকে প্রায় ২০ লাখ টাকার মুরগি বিক্রি হয়েছে।

বর্তমানে তার খামারে সাদা ও সোনালি রঙের প্রায় ৫০ জোড়া ব্রাহমা মুরগি রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌখিন খামারিরা এই মুরগি কিনতে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেও তিনি বিক্রি করে থাকেন।

স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, বাংলাদেশের আবহাওয়ায় ব্রাহমা মুরগি পালন উপযোগী এবং এটি বাণিজ্যিকভাবে লাভজনক হতে পারে। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে তরুণ উদ্যোক্তারা এই খাতে সফল হতে পারেন।

দৃষ্টিনন্দন ও উচ্চমূল্যের এই মুরগি দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়ছে কাশেম মিয়ার খামারে। ফলে অনেকেই নতুন করে এই খাতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন।

Comment / Reply From