মাটি ছাড়াই ঘরে বসে ধনেপাতা চাষ, জানুন সহজ উপায়
শীতকাল এলেই বাজারে সহজলভ্য হয়ে ওঠে তাজা ধনেপাতা। তবে বছরের বাকি সময় এই প্রয়োজনীয় উপাদানটি পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। অথচ ধনেপাতা এমন একটি উপকরণ, যা যেকোনো খাবারের স্বাদ ও ঘ্রাণ কয়েকগুণ বাড়িয়ে দেয়।
তবে এখন আর মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে না। খুব সহজ একটি পদ্ধতি অনুসরণ করলেই মাটি ছাড়াই ঘরে বসে সারা বছর ধনেপাতা চাষ করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, হাইড্রোপনিক পদ্ধতিতে (মাটি ছাড়া চাষ) খুব কম জায়গা ও উপকরণ ব্যবহার করেই ধনেপাতা উৎপাদন করা যায়। এমনকি রান্নাঘরের ছোট্ট একটি কোণই হতে পারে আপনার ক্ষুদ্র সবুজ বাগান।
যেভাবে করবেন ধনেপাতা চাষ
প্রথমে একটি বড় পাত্র ও একটি ছাঁকনি বা ঝাঁঝরি সংগ্রহ করুন। পাত্রে এমনভাবে পানি দিন, যাতে ছাঁকনির নিচ পর্যন্ত পানি থাকে কিন্তু উপরে উঠে না আসে।
এরপর গোটা ধনে এক রাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন পানি ঝরিয়ে নিন। ভেজানো ধনেগুলো ছাঁকনির উপর সমানভাবে ছড়িয়ে দিন।
তারপর একটি পরিষ্কার সাদা কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়ে ধনের উপর ঢেকে দিন। এতে বীজ দ্রুত অঙ্কুরিত হতে সহায়তা করবে।
পাত্রটি এমন স্থানে রাখুন, যেখানে সরাসরি রোদ না পড়ে, তবে পর্যাপ্ত আলো পৌঁছায়। কাপড় শুকিয়ে গেলে নিয়মিত পানি স্প্রে করে আর্দ্রতা বজায় রাখতে হবে।
প্রায় ৫ দিনের মধ্যে বীজ থেকে ছোট চারা গজাতে শুরু করবে। আরও কয়েকদিন পর চারা বড় হতে থাকবে। সাধারণত ২৫-৩০ দিনের মধ্যেই ধনেপাতা খাওয়ার উপযোগী হয়ে ওঠে।
কেন এই পদ্ধতি কার্যকর
এই পদ্ধতিতে মাটির প্রয়োজন হয় না, ফলে বাসার ভেতর পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে সহজেই চাষ করা যায়। পাশাপাশি কম জায়গা, কম খরচ এবং কম ঝামেলায় সারা বছরই পাওয়া যায় তাজা ধনেপাতা।
বিশেষজ্ঞরা বলছেন, শহুরে জীবনে যারা ছোট জায়গায় থাকেন, তাদের জন্য এই ধরনের হোম গার্ডেনিং পদ্ধতি হতে পারে একটি কার্যকর ও টেকসই সমাধান।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!