যশোরে বাড়ছে ড্রাগন চাষ, নতুন সম্ভাবনায় তরুণরা
দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি ফল ড্রাগন। উচ্চ চাহিদা ও লাভজনক হওয়ায় যশোর জেলায় বাণিজ্যিকভাবে এই ফলের চাষ দ্রুত বিস্তার লাভ করছে। জেলার বিভিন্ন উপজেলায় এখন গড়ে উঠেছে বিস্তীর্ণ ড্রাগন বাগান।
যশোর সদর, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা ও বাঘারপাড়া উপজেলায় বড় পরিসরে ড্রাগন ফলের আবাদ হচ্ছে। কৃষি বিভাগ জানায়, বর্তমানে প্রায় ৫১ হেক্টর জমিতে এ ফলের চাষ চলছে, যা ক্রমেই বাড়ছে।
কৃষকদের পাশাপাশি শিক্ষিত তরুণরা চাকরির বিকল্প হিসেবে ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠছেন। শুধু তাই নয়, অনেক গৃহবধূ ও ক্ষুদ্র উদ্যোক্তাও এই চাষে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মাদ নূরুজ্জামান জানান, নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। এতে করে ড্রাগন চাষ আরও সম্প্রসারিত হচ্ছে।
কৃষি বিভাগের তথ্যমতে, ক্যাকটাস গোত্রের এই ফলটি সাধারণত লাল ও হলুদ রঙের হয়। ভেতরের অংশ সাদা, গোলাপি বা হলুদ বর্ণের হয়ে থাকে। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত গাছ থেকে ফল সংগ্রহ করা সম্ভব, যা কৃষকদের জন্য দীর্ঘ সময় ধরে আয়ের সুযোগ তৈরি করে।
বিশেষজ্ঞরা বলছেন, অনুকূল আবহাওয়া, তুলনামূলক কম খরচ এবং ভালো বাজারমূল্যের কারণে ড্রাগন চাষ যশোরে একটি লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!