Dark Mode
Image
  • Thursday, 26 November 2026
সাবুদানায় মজার লাড্ডু

সাবুদানায় মজার লাড্ডু

লাড্ডু মানেই যে শুধু বেসন, নারকেল বা সুজি—তা নয়। একটু ভিন্ন স্বাদের মিষ্টি খেতে চাইলে সাবুদানা দিয়েও তৈরি করতে পারেন নরম ও সুস্বাদু লাড্ডু। সাবুদানার সঙ্গে ছানা, কনডেন্সড মিল্ক ও এলাচের মিশেলে তৈরি এই লাড্ডুতে পাওয়া যাবে ভিন্ন ধরনের স্বাদ ও মিষ্টি ঘ্রাণ।

বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মিষ্টি। অতিথি আপ্যায়ন কিংবা ঘরোয়া আয়োজনে চায়ের সঙ্গে পরিবেশন করতেও এটি হতে পারে দারুণ একটি পদ।

উপকরণ

  • সাবুদানা — আধা কাপ
  • টাটকা ছানা — ১ কাপ, পানি ঝরিয়ে ভালোভাবে মসৃণ করা
  • চিনি — আধা কাপ, স্বাদ অনুযায়ী কমবেশি করা যাবে
  • কনডেন্সড মিল্ক — ৩ থেকে ৪ টেবিল চামচ
  • ঘি — ২ টেবিল চামচ
  • এলাচগুঁড়া — আধা চা-চামচ
  • জাফরান — সাজানোর জন্য
  • কিশমিশ বা পেস্তাকুচি — ইচ্ছামতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে সাবুদানা ভালো করে ধুয়ে সামান্য পানিতে প্রায় এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ভেজানো সাবুদানা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিলে দানাগুলো পরস্পরের সঙ্গে বেশি লেগে থাকবে না।

এবার একটি কড়াইয়ে ঘি গরম করে মসৃণ করে রাখা ছানা ও চিনি দিন। কম আঁচে ক্রমাগত নেড়ে যেতে হবে, যতক্ষণ না চিনি গলে ছানার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তবে ছানা যেন বেশি শুকিয়ে শক্ত হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখুন।

ছানা নরম থাকতেই সেদ্ধ সাবুদানা ও কনডেন্সড মিল্ক কড়াইয়ে দিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কম আঁচে আরও ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। মিশ্রণটি যখন কড়াইয়ের গা ছেড়ে কিছুটা দলা পাকাতে শুরু করবে, তখন বুঝবেন নামানোর সময় হয়েছে।

চুলা বন্ধ করার ঠিক আগে এলাচগুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি একটি থালায় ঢেলে কিছুটা ঠান্ডা হতে দিন।

মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই। ঈষদুষ্ণ থাকা অবস্থায় হাতে অল্প ঘি মেখে মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল করে লাড্ডুর আকার দিন।

সবশেষে প্রতিটি লাড্ডুর ওপরে কিশমিশ, পেস্তাকুচি বা অল্প জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

নরম ছানা, মিষ্টি কনডেন্সড মিল্ক আর সাবুদানার আলাদা স্বাদের এই লাড্ডু একবার তৈরি করলেই ঘরোয়া মিষ্টির তালিকায় জায়গা করে নিতে পারে।

Comment / Reply From