Dark Mode
Image
  • Saturday, 18 July 2026
হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম, আর শেয়ার করতে হবে না ফোন নম্বর

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম, আর শেয়ার করতে হবে না ফোন নম্বর

ফোন নম্বর গোপন রাখবে হোয়াটসঅ্যাপের নতুন ইউজারনেম ফিচার

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অবশেষে বহুল প্রতীক্ষিত ইউজারনেম ফিচার চালু করতে যাচ্ছে। নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীরা নিজের ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যদিও অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই ফোন নম্বর ব্যবহার বাধ্যতামূলক থাকবে।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরেই এই ফিচার নিয়ে কাজ করছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ইউজারনেম সংরক্ষণ (রিজার্ভ) করতে পারবেন। তবে ফিচারটি ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু হবে এবং চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

৩ থেকে ৩৫ অক্ষরের ইউজারনেম

হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে একটি ইউনিক ইউজারনেম নির্বাচন করতে পারবেন। তবে সেটি অবশ্যই প্ল্যাটফর্মের নীতিমালা মেনে হতে হবে।

এছাড়া জনপ্রিয় তারকা, ভিআইপি ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কিছু নির্দিষ্ট ইউজারনেম সংরক্ষিত থাকবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতারা চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন।

যেভাবে চালু করবেন

যখন আপনার দেশে এই সুবিধা চালু হবে, তখন হোয়াটসঅ্যাপ থেকে একটি নোটিফিকেশন পাওয়া যাবে।

এরপর নিচের ধাপগুলো অনুসরণ করলেই ইউজারনেম সেট করা যাবে—

Settings → Account → Username

এখান থেকে নিজের পছন্দের ইউজারনেম নির্বাচন করা যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে একটি Username Key নির্ধারণ করতে পারবেন। এই কী জানা থাকলেই কেবল অন্য কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

কেন আগে থেকেই ইউজারনেম সংরক্ষণ?

মেটার তথ্য অনুযায়ী, বর্তমানে হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটিরও বেশি। ফলে একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে না পারে, সে কারণেই আগাম ইউজারনেম সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে।

সার্চ করলেই খুঁজে পাওয়া যাবে না

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এই ফিচারে ইউজারনেম লিখে কাউকে সার্চ করে খুঁজে পাওয়া যাবে না।

শুধুমাত্র যাদের কাছে নির্দিষ্ট ইউজারনেম থাকবে, তারাই ওই ব্যক্তিকে বার্তা পাঠাতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় ইউজারনেম পরিবর্তন বা এই সুবিধা সম্পূর্ণ বন্ধও করতে পারবেন।

গোপনীয়তা সুরক্ষায় নতুন পদক্ষেপ

হোয়াটসঅ্যাপের ভাইস প্রেসিডেন্ট ও প্রোডাক্ট প্রধান অ্যালিস নিউটন-রেক্স জানান, নতুন কারও সঙ্গে পরিচয়ের সময় নিজের ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার করতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

তার ভাষায়, ফোন নম্বর এখন ব্যক্তিগত পরিচয়ের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত। নতুন ইউজারনেম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি গোপনীয়তা ও নিয়ন্ত্রণ পাবেন এবং কারা তাদের ফোন নম্বর দেখতে পারবে, সেটিও নিজেরাই নির্ধারণ করতে পারবেন।

কিউআর কোড সুবিধা এখনই নয়

প্রাথমিক পর্যায়ে ইউজারনেম অন্যদের জানাতে হবে লিখিত বার্তা বা মৌখিকভাবে। আপাতত শুধুমাত্র ইউজারনেম ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে যোগাযোগ করার সুবিধা থাকছে না।

উল্লেখ্য, টেলিগ্রাম, সিগন্যাল এবং ওয়্যারের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরেই ইউজারনেম ব্যবহার করে ফোন নম্বর গোপন রেখে যোগাযোগের সুবিধা রয়েছে। এবার সেই পথেই হাঁটছে হোয়াটসঅ্যাপ।

Comment / Reply From

You May Also Like