Dark Mode
Image
  • Tuesday, 31 March 2026
১৫৫ কেজি কমিয়ে নতুন জীবন! আদনান সামির চমকপ্রদ গল্প

১৫৫ কেজি কমিয়ে নতুন জীবন! আদনান সামির চমকপ্রদ গল্প

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী Adnan Sami এক সময় অতিরিক্ত ওজনের কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছিলেন। ২০০০ সালে ‘মুজকো ভি তু লিফ্ট কারা দে’ গান দিয়ে খ্যাতি পাওয়া এই শিল্পীর ওজন একসময় ২২০ কেজিতে পৌঁছে যায়।

অতিরিক্ত ওজনের কারণে তিনি নানা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। ২০০৫ সালে লিম্ফিডেমার অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় বিছানায় থাকতে হওয়ায় তার ওজন আরও বেড়ে যায়। এমনকি শ্বাসকষ্টও শুরু হয়। চিকিৎসকরা সতর্ক করে দেন—ওজন কমাতে না পারলে তার জীবন হুমকির মুখে পড়বে।

এই কঠিন পরিস্থিতি থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন এবং হিউস্টনের এক পুষ্টিবিদের পরামর্শে তিনি ওজন কমানোর যাত্রা শুরু করেন। নিজের কথায়, এই প্রক্রিয়ার ৮০ শতাংশ ছিল মানসিক লড়াই এবং ২০ শতাংশ শারীরিক পরিশ্রম।

মাত্র ১৬ মাসে প্রায় ১৫৫ কেজি ওজন কমিয়ে সবাইকে চমকে দেন আদনান সামি।

🔸 ডায়েট ও জীবনধারার পরিবর্তন

পুষ্টিবিদের মতে, আদনান ছিলেন ‘ইমোশনাল ইটার’, অর্থাৎ আবেগের কারণে বেশি খাওয়ার অভ্যাস ছিল। তাই প্রথমেই এই অভ্যাস পরিবর্তন করা হয়।
তার ডায়েটে ছিল কম ক্যালোরিযুক্ত খাবার—সালাদ, সেদ্ধ ডাল, মাছ ও সবজি।
জাঙ্ক ফুড সম্পূর্ণ বাদ দেন তিনি।
দিন শুরু করতেন কম চিনি দেওয়া চা দিয়ে।
দুপুরে সবজি, সালাদ ও মাছ এবং রাতে ভাত-রুটি ছাড়া হালকা খাবার গ্রহণ করতেন।

🔸 ব্যায়াম রুটিন

শুরুর দিকে শারীরিক অবস্থার কারণে ব্যায়াম করা সম্ভব হয়নি। প্রথম কয়েক মাসে শুধুমাত্র ডায়েট মেনে প্রায় ৪০ কেজি ওজন কমান।
পরবর্তীতে ট্রেডমিলে হাঁটা দিয়ে শুরু করে ধীরে ধীরে কার্ডিও ও স্ট্রেংথ ট্রেনিংয়ে যুক্ত হন।
তার প্রশিক্ষক প্রশান্ত সাওয়ান্তের তত্ত্বাবধানে সপ্তাহে ৬ দিন নিয়মিত ব্যায়াম করতেন তিনি।

🔸 বর্তমান জীবন

বর্তমানে তার ওজন প্রায় ৬৫ কেজি। এই অবিশ্বাস্য পরিবর্তনের পরও তিনি নিয়ম মেনে জীবনযাপন করছেন, যাতে আবার ওজন না বেড়ে যায়।

আদনান সামির এই রূপান্তর শুধু ওজন কমানোর গল্প নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং দৃঢ় মানসিকতার এক অনন্য উদাহরণ।

Comment / Reply From