৫ মিনিটে রেস্টুরেন্ট স্টাইল স্টার ফ্রাই নুডলস
ঝটপট তৈরি করা যায়, আবার খেতেও দারুণ সুস্বাদু—এমন খাবারের তালিকায় স্টার ফ্রাই নুডলস বেশ জনপ্রিয়। বিকেলের নাস্তা, হালকা ডিনার কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় এই খাবার হতে পারে পারফেক্ট চয়েস। সবজি, চিকেন আর সসের মিশেলে তৈরি এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি মুখরোচকও। খুব কম সময়েই ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে ফেলতে পারেন মজাদার স্টার ফ্রাই নুডলস।
স্টার ফ্রাই নুডলস তৈরির উপকরণ
- নুডলস – ১ প্যাকেট
- তেল – ২ টেবিল চামচ
- মাখন – ১ টেবিল চামচ
- রসুন কুচি – ২ টেবিল চামচ
- মুরগির বুকের মাংস – ১৫০ গ্রাম (স্লাইস করা)
- মিশ্র সবজি – ১ কাপ (গাজর, ব্রকলি, বরবটি, ক্যাপসিকাম)
- সয়া সস – ১ টেবিল চামচ
- টমেটো সস – ১ টেবিল চামচ
- কালো গোলমরিচ গুঁড়া – আধা চা-চামচ
- কাঁচা মরিচ – ৫ থেকে ৬টি (ফালি করা)
- ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
- পেঁয়াজপাতা কুচি – ১ টেবিল চামচ
- লবণ – স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে সামান্য তেল ও লবণ দিন। এরপর নুডলস দিয়ে প্রায় ৮০ শতাংশ সিদ্ধ করে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।
এবার প্যানে তেল ও মাখন গরম করুন। এতে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। তারপর চিকেন স্লাইস দিয়ে মাঝারি আঁচে লালচে করে ভেজে তুলে রাখুন।
একই প্যানে অল্প তেল দিয়ে সবজিগুলো উচ্চ তাপে ২ থেকে ৩ মিনিট স্টার ফ্রাই করুন। সবজি বেশি নরম করা যাবে না, তাহলে ক্রাঞ্চি ভাব নষ্ট হয়ে যাবে।
এরপর ভাজা চিকেন, সিদ্ধ নুডলস, সয়া সস, টমেটো সস ও গোলমরিচ গুঁড়া দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। উচ্চ তাপে আরও ২ মিনিট স্টার ফ্রাই করুন।
সবশেষে কাঁচা মরিচ, ধনেপাতা ও পেঁয়াজপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার স্টার ফ্রাই নুডলস।
ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সহজ রেসিপি। চাইলে নিজের পছন্দমতো আরও সবজি বা চিংড়িও যোগ করতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন রেস্টুরেন্ট স্বাদের হোমমেড স্টার ফ্রাই নুডলস।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!