অতিথি পাখির স্বর্গ এখন চর বিজয়
শীত আসতেই অতিথি পাখির কলকাকলিতে মুখর কুয়াকাটার চর বিজয়
শীতের আগমনী বার্তার সঙ্গে প্রকৃতিতে ফিরতে শুরু করেছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয় এখন এসব অতিথি পাখির বিচরণে প্রাণবন্ত হয়ে উঠেছে। বিস্তীর্ণ বালুচর, নীল সমুদ্রের জলরাশি আর লাল কাঁকড়ার ছোটাছুটির সঙ্গে পাখির কলকাকলি মিলিয়ে দ্বীপটি ধারণ করেছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।
মানুষের আনাগোনা তুলনামূলক কম থাকায় শীতপ্রধান অঞ্চল থেকে আসা পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে চর বিজয়। শীতের শুরুতেই এখানে দেখা মিলছে নানা রঙ ও প্রজাতির পাখির। কোনো দল উড়ছে আকাশে, কোনোটি সমুদ্রের পানিতে ডুব দিয়ে খাবার খুঁজছে। আবার কিছু পাখি বালুচরে খাবার সংগ্রহ করছে কিংবা বিশ্রাম নিচ্ছে। পাখির এমন বিচরণ দেখতে প্রতিদিনই দ্বীপটিতে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা।
শীতজুড়ে পরিযায়ী পাখির আবাস
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, প্রায় পাঁচ হাজার একর আয়তনের চর বিজয় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি দ্বীপ। কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে এর অবস্থান।
প্রতি বছর নভেম্বরের শুরু থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি দ্বীপটিতে আসতে শুরু করে। মার্চ মাস পর্যন্ত তারা এখানে অবস্থান করে। সাইবেরিয়াসহ বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে আসা এসব পাখির উপস্থিতিতে শীত মৌসুমে চর বিজয় পরিণত হয় পাখিদের এক বিশাল বিচরণক্ষেত্রে।
এবারও নভেম্বরের মাঝামাঝি থেকে দ্বীপটিতে পাখির আনাগোনা বেড়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির গাঙচিল, পানচিল, ধূসর মাথা টিটি, খুন্তে হাঁস, সিথি হাঁস, খয়রা চখাচখি, ছোট ও বড় বগা, ছোট পানকৌড়ি, পাতি হাঁস, শামুকখোল, সরালি, বড় সরালি, চখাচখি, জলমোরগ, পাতি বাটান, চেগা, হটটিটি ও গাঙকবুতরসহ নানা প্রজাতির জলচর পাখি।
পর্যটকদের কাছে বাড়ছে আকর্ষণ
চর বিজয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির বিচরণ দেখতে পর্যটকদের আগ্রহ দিন দিন বাড়ছে। তাঁদের মতে, পরিকল্পিত উদ্যোগ, উন্নত ব্যবস্থাপনা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে দ্বীপটি কুয়াকাটার পর্যটনশিল্পে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে। তবে পর্যটন বিকাশের পাশাপাশি পাখি ও অন্যান্য বন্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যসচিব আসাদুজ্জামান মিরাজ জানান, গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে দ্বীপটি আগে ‘হাইরের চর’ নামে পরিচিত ছিল। পর্যটনের সম্ভাবনা বিবেচনায় পরে এর নামকরণ করা হয় চর বিজয়। ২০১৭ সাল থেকে দ্বীপটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে শুরু করে।
তিনি আরও জানান, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দ্বীপটিতে বেশ কিছু ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। এসব গাছ বড় হয়ে উঠলে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকার আফতাবনগর থেকে আসা পর্যটক দম্পতি সাদিয়া আক্তার ও আবির জানান, কুয়াকাটায় প্রথমবার বেড়াতে এসে সমুদ্রের বুকে এমন একটি দ্বীপের সন্ধান পেয়ে তাঁরা বিস্মিত হয়েছেন। চর বিজয়ের প্রাকৃতিক পরিবেশ, অতিথি পাখি ও লাল কাঁকড়ার বিচরণ তাঁদের মুগ্ধ করেছে। তাঁদের মতে, দ্বীপটির পর্যটন সম্ভাবনা অনেক।
খুলনা থেকে আসা পর্যটক প্রকৌশলী অনিমেষও দ্বীপটির সৌন্দর্যে মুগ্ধ। তবে পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সেখানে আরও বেশি গাছ লাগানোর প্রয়োজন বলে মনে করেন তিনি।
সমুদ্রযাত্রায় দুই ঘণ্টার রোমাঞ্চ
ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কে এম বাচ্চু জানান, কুয়াকাটা থেকে পর্যটকবাহী বোটে চর বিজয়ে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। যাত্রাপথে পর্যটকেরা উপভোগ করেন বঙ্গোপসাগরের বিশাল জলরাশি ও মনোমুগ্ধকর দৃশ্য। দ্বীপের কাছাকাছি পৌঁছালে দেখা মেলে নানা প্রজাতির পাখির। স্বচ্ছ পানিতে সামুদ্রিক মাছের বিচরণও পর্যটকদের বাড়তি আনন্দ দেয়।
তবে দ্বীপটিতে কোনো দোকানপাট নেই। তাই ভ্রমণে যাওয়ার সময় পর্যটকদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখতে হয়। সাধারণত সকালে দ্বীপে গিয়ে বিকেলের মধ্যেই ফিরে আসতে হয়।
ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম রেজা জানান, শীতের শুরুতে চর বিজয়ে পরিযায়ী পাখির আগমন বাড়তে থাকে। এ সময় লক্ষাধিক পাখির বিচরণে দ্বীপটি মুখর হয়ে ওঠে। বর্ষা মৌসুমে প্রায় ছয় মাস চরটি পানির নিচে থাকে। শীতকালে পানি নেমে গেলে বিস্তীর্ণ বালুচর জেগে ওঠে। তখন কিছু জেলে সেখানে অস্থায়ীভাবে বসবাস করে মাছ শিকার করেন।
স্থানীয় জেলেদের ভাষ্য, নভেম্বর থেকে চর বিজয়ে পাখির সংখ্যা বাড়তে থাকে। প্রতিদিনই নতুন নতুন পাখির আগমন ঘটে। তাদের কিচিরমিচির ও বিচরণে দ্বীপের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।
পাখির নিরাপদ আবাস গড়তে চলছে বনায়ন
মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান জানান, চর বিজয়ে আগে রোপণ করা গাছগুলো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। সুফল প্রকল্পের আওতায় সেখানে বনায়ন কার্যক্রমও চলমান রয়েছে। পরিকল্পিতভাবে বনায়ন সম্পন্ন করা গেলে দ্বীপটি অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে পারে।
অতিথি পাখি শিকার ও তাদের বিরক্ত করা থেকে বিরত রাখতে স্থানীয় পরিবেশবাদী সংগঠন এবং বন বিভাগ কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, চর বিজয়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হলে পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি পর্যটন কার্যক্রমও পরিবেশবান্ধবভাবে পরিচালনা করতে হবে।
প্রকৃতির নিজস্ব সৌন্দর্য আর অতিথি পাখির সমারোহে চর বিজয় এখন কুয়াকাটার অন্যতম আকর্ষণ। যথাযথ সংরক্ষণ, বনায়ন ও পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দ্বীপটি একদিকে যেমন পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল হয়ে উঠবে, অন্যদিকে উপকূলীয় পর্যটনশিল্পেও নতুন সম্ভাবনা তৈরি করবে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!