অবহেলা পেরিয়ে নতুন জীবনের পথে গাইবান্ধার হিজড়ারা
অবহেলা পেরিয়ে আত্মমর্যাদার পথে গাইবান্ধার হিজড়া জনগোষ্ঠী
একসময় যাঁদের দেখলে অনেকে মুখ ফিরিয়ে নিতেন, যাঁদের জীবন-জীবিকার পথ সীমাবদ্ধ হয়ে পড়েছিল নানা সামাজিক বঞ্চনা ও অনিশ্চয়তায়, তাঁদের জীবনেই এখন পরিবর্তনের চেষ্টা চলছে। ধর্মীয় শিক্ষা, পশুপালন, কৃষিকাজ ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন গাইবান্ধার হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা। সমাজের অবহেলা পেছনে ফেলে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার নতুন পথ খুঁজছেন তাঁরা।
গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়া এলাকায় রেললাইনের পাশে হিজড়া সম্প্রদায়ের গুরু মাতা মৌ রানীর চারতলা বাড়ি। বাড়ির ভেতরে পরিচ্ছন্ন পরিবেশ, আঙিনায় রয়েছে ‘উত্তরণ ডেইরি ফার্ম’ নামের একটি গরুর খামার। সেখানে বর্তমানে দুটি ষাঁড় গরু রয়েছে। বাড়ির পাশেই তাঁদের ধানের জমি। নিজেদের প্রয়োজনীয় খাদ্যের একটি অংশ আসে সেই জমির উৎপাদিত ধান থেকে।
২০২১ সালে ‘তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা’র সহায়তায় গরুর খামারটি গড়ে তোলা হয়। পশুপালন ও কৃষিকাজের পাশাপাশি ধর্মীয় শিক্ষার মাধ্যমেও নিজেদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন এই জনগোষ্ঠীর সদস্যরা।
প্রতিদিন কোরআন ও আরবি শেখার আয়োজন
বাড়ির ভেতরে পরিচালিত মাদ্রাসায় গিয়ে দেখা যায়, কেউ কায়দা, কেউ আমপারা, আবার কেউ কোরআন তেলাওয়াতে ব্যস্ত। কয়েকজন খাতায় আরবি বর্ণমালা লিখছেন। তাঁদের পাশে থেকে পাঠদান ও অগ্রগতি পর্যবেক্ষণ করছেন ধর্মীয় শিক্ষক সুলতান আহম্মেদ।
কোরআন পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আরবি ভাষা, ইসলামি আদব-কায়দা ও নৈতিক শিক্ষাও দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ না পাওয়া অনেকের কাছে এটি নতুন অভিজ্ঞতা।
শিক্ষার্থীরা জানান, আগে তাঁরা কোরআন পড়তে পারতেন না। এখন নিয়মিত শেখার সুযোগ পেয়ে আনন্দিত। অক্ষর চেনা থেকে শুরু করে ধীরে ধীরে শুদ্ধভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করছেন। ধর্মীয় জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজেদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে চান তাঁরা।
জেসমিন নামের এক শিক্ষার্থী বলেন, আগে তাঁরা কোরআন পড়তে জানতেন না। এখন শিক্ষক কোরআন শেখানোর পাশাপাশি ভালো উপদেশ দেন। মানুষের সঙ্গে সালাম দিয়ে কথা বলা এবং কারও ওপর জুলুম না করার অভ্যাস গড়ে তুলছেন তাঁরা। এতে মানুষের কাছ থেকেও আগের তুলনায় বেশি সম্মান ও ভালো আচরণ পাচ্ছেন বলে জানান তিনি।
চাঁদাবাজি নয়, স্বাবলম্বী হওয়ার চেষ্টা
গুরু মাতা মৌ রানীর সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছেন মামনি হিজড়া। তিনি জানান, এখন তাঁরা আর কারও কাছ থেকে জোর করে টাকা নেন না। আগের জীবনযাত্রা থেকে বেরিয়ে এসে নিজেদের উপার্জনে চলতে চান। ধর্মীয় শিক্ষা গ্রহণের পাশাপাশি কাজের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।
মামনির ভাষ্য, নিজেদের আয় দিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারা তাঁদের জন্য বড় অর্জন। সমাজে সম্মান নিয়ে বাঁচার পাশাপাশি অন্যদের কাছেও ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে চান তাঁরা।
গুরু মাতা মৌ রানীর উদ্যোগে তাঁদের প্রতি স্থানীয় মানুষের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসছে বলে মনে করেন মামনি। তাঁর আশা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে তাঁরাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।
প্রায় ৪০ জনের দায়িত্বে গুরু মাতা মৌ রানী
জানা গেছে, গাইবান্ধা জেলায় হিজড়া জনগোষ্ঠীর সদস্য রয়েছেন প্রায় ২৫০ জন। এর মধ্যে সদর উপজেলায় প্রায় ৪০ জন মৌ রানীর সঙ্গে বসবাস করেন। তাঁদের থাকা-খাওয়া ও দৈনন্দিন প্রয়োজনের দায়িত্ব পালন করেন তিনি।
এই ব্যয় মেটাতে বিভিন্ন ব্যক্তির সহায়তার পাশাপাশি গরুর খামার ও কৃষিকাজের ওপর নির্ভর করতে হয়। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তর থেকে কর্মমুখী প্রশিক্ষণ এবং সরকারি ভাতার সুযোগও রয়েছে। প্রচলিত তথ্য অনুযায়ী, একজন হিজড়া সদস্য মাসে ৬০০ টাকা করে ভাতা পান।
গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে তালিকাভুক্ত হিজড়া জনগোষ্ঠীর সদস্য ৭৮ জন। তাঁদের মধ্যে ৪৯ জন নিয়মিত ভাতা পাচ্ছেন। যাঁরা এখনো ভাতার আওতায় আসেননি, তাঁরা আবেদন করলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি সেলাই, পশুপালনসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়।
ধর্মীয় শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে বদলের প্রত্যাশা
গুরু মাতা মৌ রানী বলেন, তাঁরা এখন ধর্মীয় শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছেন এবং ধীরে ধীরে নিজেদের জীবন বদলানোর চেষ্টা করছেন। আগে বাস, ট্রেন কিংবা দোকানে দোকানে গিয়ে টাকা চাইতেন। এখন পশুপালন, কৃষিকাজ ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আয়ের পথ তৈরি করছেন। হাঁস, মুরগি ও গরু পালন করছেন। কোথাও বিয়ের আয়োজন হলে সেখানে নাচ-গান করে আনন্দ দেন; আয়োজকেরা খুশি হয়ে যা দেন, তা গ্রহণ করেন।
তিনি বলেন, তাঁরা সমাজের অন্য সবার মতো সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচতে চান। তাঁদের সম্প্রদায়ের আরও সদস্য যেন ধর্মীয় শিক্ষা ও কর্মমুখী উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা।
ধর্মীয় শিক্ষক সুলতান আহম্মেদ বলেন, কাউকে ঘৃণা না করে ভালোবাসা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করা প্রয়োজন। তাঁরা নিজের আগ্রহে কোরআন শিখছেন এবং মাদ্রাসা পরিচালনা করছেন—এটি আশাব্যঞ্জক উদ্যোগ।
গাইবান্ধা কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব ও জেলা ইমাম-ওলামা পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসান কাসেমী বলেন, ধর্মীয় শিক্ষা কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। যে কেউ ইসলাম সম্পর্কে জানতে এবং কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেন।
পরিবর্তনের উদ্যোগে স্থানীয়দের সমর্থন
স্থানীয় সচেতন মহলও হিজড়া জনগোষ্ঠীর ধর্মীয় শিক্ষার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের মতে, শিক্ষা ও নৈতিক চর্চা মানুষের মধ্যে মানবিকতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে পারে। এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখতে পারে।
গাইবান্ধার জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর বলেন, দীর্ঘদিন শিক্ষা ও সংস্কৃতির সুযোগ থেকে দূরে থাকায় তাঁদের জীবনযাত্রায় পরিবর্তন আনা কঠিন হতে পারে। তবে তা অসম্ভব নয়। ভালোবাসা, সহযোগিতা ও যথাযথ সুযোগ পেলে তাঁরাও ইতিবাচক কাজের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।
২০২৫ সালের অক্টোবরে শুরু বিনা মূল্যের শিক্ষা কার্যক্রম
ঢাকার লালবাগের কামরাঙ্গীর চরের দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মুফতি মাওলানা আব্দুর রহমান আজাদের সহযোগিতা এবং স্থানীয় আলেমদের উদ্যোগে ২০২৫ সালের অক্টোবর থেকে গাইবান্ধায় বিনা মূল্যে ধর্মীয় শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চলে কোরআন পাঠ।
মুফতি মাওলানা আব্দুর রহমান আজাদ জানান, দেশের বিভিন্ন স্থানে হিজড়া জনগোষ্ঠীর জন্য ৫৭টি মাদ্রাসা প্রতিষ্ঠায় তাঁরা সহযোগিতা করেছেন। তাঁর মতে, সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। অন্য সবার মতো তাঁদেরও ভালোবাসা, অনুভূতি ও অধিকার রয়েছে। সমাজের বোঝা নয়, বরং দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন—এমন সুযোগ তৈরি করাই তাঁদের উদ্যোগের লক্ষ্য।
গাইবান্ধা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ইমাম হাসিম বলেন, দেশের অন্য নাগরিকদের মতো হিজড়া জনগোষ্ঠীর সদস্যরাও রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখেন। তাঁদের কর্মক্ষম করে গড়ে তুলতে এবং সঠিক দিকনির্দেশনা দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম বলেন, মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনও ভূমিকা রাখতে পারলে ভালো হবে।
সামাজিক অবহেলা ও বঞ্চনার অভিজ্ঞতা পেছনে ফেলে গাইবান্ধার এই জনগোষ্ঠীর সদস্যরা এখন শিক্ষা, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার পথে এগোতে চাইছেন। তাঁদের এই যাত্রা শুধু ব্যক্তিগত জীবন বদলের প্রচেষ্টা নয়, বরং সমাজে সম্মান, সমান সুযোগ ও মানবিক আচরণের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেয়।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!