Dark Mode
Image
  • Friday, 26 June 2026
আম খাওয়ার পর ঘুম পায় কেন?

আম খাওয়ার পর ঘুম পায় কেন?

আমের মৌসুম এলেই ঘরে ঘরে ছড়িয়ে পড়ে পাকা আমের মিষ্টি ঘ্রাণ। সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটি ছোট-বড় সবার কাছেই সমান জনপ্রিয়। তবে অনেকেই লক্ষ্য করেন, আম খাওয়ার কিছুক্ষণ পর শরীরে এক ধরনের ঝিমুনি বা ঘুম ঘুম ভাব তৈরি হয়। বিশেষ করে রাতে পাকা আম খেলে এই অনুভূতি আরও বেশি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে আমের কিছু প্রাকৃতিক উপাদান এবং শরীরের জৈব রাসায়নিক প্রক্রিয়া।

পাকা আমে ট্রিপটোফ্যান নামের একটি অ্যামিনো অ্যাসিড থাকে, যা ঘুমের অনুভূতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমে থাকা কার্বোহাইড্রেট শরীরে ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে। এই ইনসুলিন ট্রিপটোফ্যানকে সহজে মস্তিষ্কে পৌঁছাতে সহায়তা করে।

মস্তিষ্কে পৌঁছানোর পর ট্রিপটোফ্যান থেকে সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটার তৈরি হয়। সেরোটোনিন মানুষের মেজাজ ভালো রাখতে, মানসিক প্রশান্তি দিতে এবং শরীরকে শিথিল করতে সাহায্য করে। এর মাত্রা বৃদ্ধি পেলে ধীরে ধীরে ঘুমের অনুভূতি তৈরি হতে পারে।

এ ছাড়া আমে থাকা ফাইবার, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়া সচল রাখতে ভূমিকা রাখে, যা শরীরকে আরামদায়ক অনুভূতি দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রিপটোফ্যান, কার্বোহাইড্রেট ও ইনসুলিনের সম্মিলিত প্রভাবে সেরোটোনিনের কার্যকারিতা বাড়ে। ফলে আম খাওয়ার পর অনেকের শরীরে ঝিমুনি বা ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে পাকা আম খেলে এই প্রভাব তুলনামূলক বেশি অনুভূত হতে পারে।

তবে এটি সবার ক্ষেত্রে একই রকম হয় না। ব্যক্তিভেদে শরীরের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। তাই আম খাওয়ার পর ঘুম পেলেও তা সাধারণত স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হয়।

Comment / Reply From